Baruipur Case: পুলিশের জালে মূল অভিযুক্ত, গ্রেপ্তারির সংখ্যা বেড়ে ৩

-

বারুইপুরে নাবালিকার মৃত্যু মামলার তদন্তে বড় অগ্রগতি হয়েছে। নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগে মূল অভিযুক্ত আনন্দ সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার ৬ সদস্যের বিশেষ তদন্তকারী দল (SIT) গঠনের পর থেকেই তদন্তে গতি আসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে বারুইপুর বাজার এলাকা থেকে আনন্দ সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারের পর মামলায় মোট গ্রেপ্তার হওয়া অভিযুক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন। তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং প্রমাণের ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে (Baruipur Case)।

গ্রেফতার মূল অভিযুক্ত (Baruipur Case)

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ১২ বছরের এক নাবালিকাকে নৃশংসভাবে ধর্ষণ ও খুনের ঘটনা এবং তার পরবর্তী গণপিটুনিকে কেন্দ্র করে রীতিমত উত্তাল পরিস্থিতি রাজ্য রাজনীতিতে। ঘটনার সঠিক বিচারপ্রক্রিয়ার জন্য গতকালই জেলার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ৬ সদস্যের সিট গঠন করা হয়েছিল। এরপরই শুরু হয় তদন্ত, আগেই প্রভাস মণ্ডল এবং দিবাকর সর্দার এই ২ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। রাতভর জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি চালানোর পর অবশেষে ধরা পড়ল মূল অভিযুক্ত আনন্দ সর্দার। বারুইপুর বাজার এলাকা থেকে আনন্দকে পাকড়াও করা হয়।

- Advertisement -

ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর

বারুইপুরের ঘটনায় নির্যাতিতার পরিবার যাতে দ্রুত বিচার পায়, সেই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কড়া পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে। জানানো হয়েছে, ঘটনাকে অত্যন্ত গুরুতর হিসেবে বিবেচনা করে ইতিমধ্যেই নাবালিকার মৃত্যু, গণপিটুনি এবং পুলিশের উপর হামলা-সহ মোট চারটি পৃথক মামলা রুজু হয়েছে। পাশাপাশি, দোষীদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে বারুইপুর, সোনারপুর এবং নরেন্দ্রপুর থানা এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS)-এর ১৬৩ ধারা জারি করা হয়েছে। প্রশাসনের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বারুইপুরের পরিস্থিতি নিয়ে এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক জানিয়েছেন, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তবুও কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং শান্তি বজায় রাখতে সংবেদনশীল এলাকাগুলিতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে এবং কেউ আইনশৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে। এদিকে, সোমবার সকালে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধিদল নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে বারুইপুরের উদ্দেশে রওনা দিয়েছে।

🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন

ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের WhatsAppTelegram চ্যানেলে এখনই যুক্ত হন।

Breaking News