মাধ্যমিকের পর অনেক ছাত্র-ছাত্রীরই সাইন্স নিয়ে পড়ার স্বপ্ন থাকে। তবে সাইন্স নিলে ভবিষ্যতে কী হওয়া যায়—এই প্রশ্নটা প্রায় সবার মনেই আসে। একসময় মনে করা হতো সাইন্স মানেই শুধু ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার পথ। কিন্তু এখন সেই ধারণা অনেকটাই বদলে গেছে। আধুনিক যুগে বিজ্ঞান বিভাগে রয়েছে অসংখ্য কেরিয়ার অপশন—মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং ছাড়াও রিসার্চ, আইটি, ডাটা সায়েন্স, বায়োটেকনোলজি, ফার্মেসি, এভিয়েশনসহ আরও অনেক ক্ষেত্রেই কাজের সুযোগ রয়েছে। এমনকি কিছু কোর্সে কম নম্বরেও ভর্তি হওয়ার সুযোগ থাকে। তাই বলা যায়, সাইন্স স্ট্রিম এখন শুধু একটি বিষয় নয়, বরং এটি ভবিষ্যতের বিস্তৃত সম্ভাবনার দরজা খুলে দেয়। এই প্রতিবেদনে আমরা সহজভাবে জানবো—উচ্চমাধ্যমিকের পর সাইন্স নিয়ে পড়লে কী কী কেরিয়ার পাথ বেছে নেওয়া যায় এবং কোন পথে এগোলে আপনার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হতে পারে।
সাইন্স নিয়ে পড়লে কি হওয়া যায়?
বিজ্ঞান বিভাগ নিয়ে যারা পড়েন, তাদের জন্য ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল লাইন অবশ্যই এখনও সবচেয়ে জনপ্রিয় ও স্থিতিশীল কেরিয়ার। তবে এর বাইরেও এখন অসংখ্য নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে বর্তমানের ডিজিটাল যুগে সাইন্স নিয়ে পড়া মানে ভালো কেরিয়ার গড়ার হাজারটি দরজা খুলে যাওয়া।
বিজ্ঞান শাখায় ভর্তির পর কি করা যায়?
বিজ্ঞান শাখায় ভর্তির পর আপনার সামনে একাধিক কেরিয়ার পথ খুলে যায়—এটাই এই স্ট্রিমের সবচেয়ে বড় সুবিধা। একাদশ-দ্বাদশে PCM (Physics, Chemistry, Math) বা PCB (Physics, Chemistry, Biology) অনুযায়ী আপনি আলাদা আলাদা দিক বেছে নিতে পারেন। যদি ইঞ্জিনিয়ারিংয়ে আগ্রহ থাকে, তাহলে B.Tech বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে পারেন। আর যদি মেডিক্যাল লাইনে যেতে চান, তাহলে MBBS, BDS, BAMS, Nursing বা Pharmacy-এর মতো কোর্স করতে পারেন। এর পাশাপাশি IT, Data Science, Artificial Intelligence, Biotechnology, Microbiology, Forensic Science, Aviation, Architecture—এমন আরও অনেক আধুনিক ও চাহিদাসম্পন্ন ক্ষেত্রেও কেরিয়ার গড়া সম্ভব। তাই বিজ্ঞান শাখায় ভর্তি হওয়া মানে শুধু একটি পথ নয়, বরং ভবিষ্যতের জন্য অসংখ্য সম্ভাবনার দরজা খুলে যাওয়া।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি (বি.টেক/বি.ই)
বিজ্ঞানের ছাত্রদের কাছে ইঞ্জিনিয়ারিং আজও সবচেয়ে জনপ্রিয় কেরিয়ার অপশনগুলির মধ্যে অন্যতম। WBJEE বা JEE Main পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ৪ বছরের বি.টেক বা বি.ই কোর্সে ভর্তি হওয়া যায়। এখানে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, সিভিল, মেকানিক্যাল, আইটি-সহ বিভিন্ন শাখা রয়েছে। সরকারি কলেজ যেমন Jadavpur University বা Indian Institutes of Technology-এ পড়ার খরচ তুলনামূলক কম হলেও বেসরকারি কলেজে খরচ অনেক বেশি হতে পারে। কোর্স শেষ করার পর Google, Microsoft, Tata Group বা Reliance Industries-এর মতো বড় সংস্থায় বছরে ৬ লক্ষ থেকে শুরু করে ৫০ লক্ষ টাকা পর্যন্ত বেতনের চাকরি পাওয়ার সুযোগ থাকে। এছাড়াও GATE পরীক্ষার মাধ্যমে Oil and Natural Gas Corporation বা Coal India Limited-এর মতো সরকারি সংস্থায় উচ্চপদে কাজ করার সুযোগ রয়েছে।
ডাক্তারি (এমবিবিএস/বিডিএস)
উচ্চমাধ্যমিকে ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি থাকলে NEET পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ৫.৫ বছরের এমবিবিএস বা বিডিএস কোর্সে ভর্তি হওয়া যায়। ডাক্তারি পেশা শুধু সম্মানজনকই নয়, অত্যন্ত দায়িত্বপূর্ণও বটে। সরকারি মেডিকেল কলেজে পড়ার খরচ তুলনামূলক খুব কম—প্রায় ১–২ লক্ষ টাকার মধ্যে পুরো কোর্স শেষ করা সম্ভব। তবে বেসরকারি কলেজে এই খরচ ৩০ লক্ষ থেকে শুরু করে ১ কোটি টাকা পর্যন্ত হতে পারে। একজন ডাক্তার হিসেবে কেরিয়ার শুরু করলে সাধারণত মাসে ৬০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত আয় করা যায়। আর স্পেশালাইজেশন করার পর সেই আয় আরও কয়েকগুণ বেড়ে যায়। পাশাপাশি নিজস্ব ক্লিনিক বা নার্সিং হোমে প্র্যাকটিস করার সুযোগ থাকায় এই পেশায় ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল ও স্থিতিশীল।
ডেটা সায়েন্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
বর্তমান যুগে তথ্যই সবচেয়ে বড় সম্পদ, তাই গণিত ও কম্পিউটারে দক্ষ ছাত্রছাত্রীদের জন্য ডেটা সায়েন্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) অন্যতম সেরা কেরিয়ার অপশন হয়ে উঠেছে। উচ্চমাধ্যমিকের পর ৩ বছরের B.Sc বা ৪ বছরের B.Tech ইন Data Science ও AI কোর্স করা যায়, যেখানে কলেজভেদে খরচ সাধারণত ৩ থেকে ৮ লক্ষ টাকার মধ্যে থাকে। আজকের দিনে এটি সবচেয়ে বেশি বেতনভোগী পেশাগুলোর একটি—কোর্স শেষ করে ডেটা অ্যানালিস্ট বা AI স্পেশালিস্ট হিসেবে বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে বছরে ১০ থেকে ২০ লক্ষ টাকা বা তারও বেশি বেতনের চাকরি পাওয়া সম্ভব।
আর্কিটেকচার (বি.আর্ক)
বিজ্ঞানের সৃজনশীল ছাত্রছাত্রীদের জন্য ৫ বছরের ব্যাচেলর অফ আর্কিটেকচার একটি চমৎকার পথ। এর জন্য নাটা (NATA) বা জেইই পেপার-২ পরীক্ষায় বসতে হয়। ৫ বছরের খরচ ৫ থেকে ১০ লক্ষ টাকা হতে পারে। নিজস্ব ফার্ম খুলে বা বড় রিয়েল এস্টেট কোম্পানিতে আর্কিটেক্ট হিসেবে ক্যারিয়ার গড়ে তোলা যায়।
বায়োটেকনোলজি ও মাইক্রোবায়োলজি
বর্তমান সময়ে বিজ্ঞান বিভাগের অন্যতম সম্ভাবনাময় কেরিয়ার পাথ হলো জিনতত্ত্ব, ভাইরাস ও ব্যাক্টেরিয়া নিয়ে গবেষণা—যা মূলত বায়োটেকনোলজি ক্ষেত্রের অন্তর্গত। এই বিষয়ে সাধারণত ৩ বছরের স্নাতক এবং ২ বছরের স্নাতকোত্তর ডিগ্রি করতে হয়। পড়াশোনা শেষ করার পর বায়োটেকনোলজিস্ট হিসেবে বিভিন্ন বড় ল্যাবরেটরি, গবেষণা সংস্থা বা ভ্যাকসিন উৎপাদনকারী কোম্পানিতে কাজের সুযোগ পাওয়া যায়। এই কোর্সের খরচ সাধারণত বছরে ১ থেকে ২ লক্ষ টাকার মধ্যে হয়ে থাকে।
ফার্মাসি (বি.ফার্ম)
যারা ওষুধ তৈরি ও গবেষণার ক্ষেত্রে ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য ৪ বছরের বি.ফার্ম কোর্সটি খুবই উপযুক্ত। এই কোর্সে ভর্তি হতে সাধারণত জয়েন্ট এন্ট্রান্স বা নির্দিষ্ট প্রবেশিকা পরীক্ষা দিতে হয়। সরকারি কলেজে খরচ তুলনামূলকভাবে কম হলেও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে খরচ প্রায় ৪ থেকে ৬ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। কোর্স শেষ করার পর আপনি সরকারি চাকরিতে ড্রাগ ইন্সপেক্টর হিসেবে যোগ দিতে পারেন বা বিভিন্ন মাল্টিন্যাশনাল ফার্মা কোম্পানিতে কোয়ালিটি কন্ট্রোল অফিসার হিসেবে কাজ করতে পারেন। এছাড়া নিজের ওষুধের দোকান বা উৎপাদন ইউনিট খোলার সুযোগও রয়েছে, যা আপনাকে উদ্যোক্তা হিসেবেও এগোতে সাহায্য করবে।
বিএসসি নার্সিং
বর্তমানে সাইন্সের ছাত্রছাত্রীদের জন্য বিএসসি নার্সিং একটি গুরুত্বপূর্ণ কোর্স। ৪ বছরের এই ডিগ্রি কোর্সে ভর্তির জন্য আলাদা প্রবেশিকা পরীক্ষা ( JENPAS) দিতে হয়। এই কোর্সের খরচ ২ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা হতে পারে। বর্তমানে ভারত ছাড়াও বিদেশে (যেমন ব্রিটেন, আমেরিকা, কানাডা) ভারতীয় নার্সদের প্রচুর চাহিদা রয়েছে। শুরুতে বেতন মাসে ২৫ থেকে ৪০ হাজার টাকা হলেও অভিজ্ঞতা ও বিদেশের চাকরিতে এই বেতন কয়েক লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।
এগ্রিকালচারাল সায়েন্স
বিজ্ঞান বিভাগের অনেক ছাত্রছাত্রী আজকাল কৃষি বিজ্ঞান বা এগ্রিকালচারাল সাইন্স নিয়ে পড়তে আগ্রহী। কারণ এখানেও ভালো ক্যারিয়ার গড়ার সুযোগ আছে। ৪ বছরের বিএসসি ইন এগ্রিকালচার কোর্স শেষ করে কেউ কৃষি বিজ্ঞানী বা এগ্রিকালচার অফিসার হিসেবে কাজ শুরু করতে পারেন। সরকারি কলেজে এই কোর্সের খরচ ৪ বছরে প্রায় ১ লক্ষ টাকারও কম। সরকারি কৃষি দপ্তরের পাশাপাশি সার ও বীজ উৎপাদনকারী বিভিন্ন সংস্থায়ও ভালো বেতনভুক্ত চাকরির সুযোগ রয়েছে। এছাড়া বর্তমানে অর্গানিক ফার্মিং ও স্টার্টআপের মাধ্যমে কৃষি ক্ষেত্রে নিজের উদ্যোগে স্বনির্ভর হওয়ার সুযোগও অনেক আছে।
অ্যারোস্পেস ও অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং
যারা মহাকাশ বিজ্ঞান বা বিমান চলাচলের প্রযুক্তিতে আগ্রহী, তাদের জন্য এটি একটি দারুণ ক্যারিয়ার অপশন। ৪ বছরের এই ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হতে খরচ সাধারণত ৫ থেকে ১০ লক্ষ টাকার মধ্যে হয়। কোর্স শেষ করার পর ইসরো (ISRO), ডিআরডিও (DRDO) বা এয়ারবাসের মতো বিশ্ববিখ্যাত সংস্থায় বিজ্ঞানী বা ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার সুযোগ থাকে। এই ক্ষেত্রের বেতন খুব ভালো হওয়ায় এবং সামাজিক মর্যাদা থাকায় এটি অনেকের কাছে আকর্ষণীয়।
ফরেনসিক সায়েন্স
আজকাল বিভিন্ন অপরাধ তদন্তেও বিজ্ঞানের ব্যবহার বাড়ছে, আর এর ফলে এই ক্ষেত্রে বিজ্ঞানের ছাত্রছাত্রীদের জন্য সম্মানজনক ক্যারিয়ার গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। তারা ৩ বছরের বিএসসি ইন ফরেনসিক সায়েন্স কোর্স করতে পারে, যার খরচ সাধারণত ২ থেকে ৪ লক্ষ টাকার মধ্যে হয়। কোর্স শেষ হওয়ার পর সিবিআই, পুলিশ বা ফরেনসিক ল্যাবরেটরিতে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার সুযোগ থাকে।
কমার্শিয়াল পাইলট
অনেকেরই ছোটবেলা থেকে পাইলট হওয়ার স্বপ্ন থাকে, আর যারা পিওর সাইন্সে পড়াশোনা করেন, তাদের জন্য এটি এক সুবর্ণ সুযোগ। পাইলটের ট্রেনিং নেওয়ার জন্য উচ্চমাধ্যমিকে ফিজিক্স ও ম্যাথ থাকতে হয়। এই কোর্সের খরচ তুলনামূলকভাবে বেশি, প্রায় ৪৫ থেকে ৬০ লক্ষ টাকা পর্যন্ত। তবে কোর্স শেষ করে এয়ারলাইন্সে পাইলট হিসেবে যোগ দিলে শুরুতে বেতন মাসে ১.৫ থেকে ২ লক্ষ টাকা হয়, এবং অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে এটি ৫-৮ লক্ষ টাকাও পৌঁছাতে পারে।
গবেষণা
যদি আপনি কোনো নির্দিষ্ট বিষয়, যেমন পদার্থবিদ্যা বা রসায়ন খুব ভালোবাসেন, তাহলে ৩ বছরের বিএসসি এবং ২ বছরের এমএসসি করার পর নেট (NET) বা গেট (GATE) পরীক্ষা দিয়ে পিএইচডি করার সুযোগ রয়েছে। গবেষণার সময় সরকার থেকে মাসে প্রায় ৩৭ থেকে ৪২ হাজার টাকার স্টাইপেন্ড পাওয়া যায়। পিএইচডি শেষ করার পর আপনি বিজ্ঞানী হিসেবে বা কলেজের অধ্যাপক হিসেবে ক্যারিয়ার শুরু করতে পারেন।
মেরিন ইঞ্জিনিয়ারিং ও নটিক্যাল সায়েন্স
সমুদ্রের মাঝখানে জাহাজের ইঞ্জিন পরিচালনা বা জাহাজ চালানো নিয়ে ৪ বছরের মেরিন ইঞ্জিনিয়ারিং বা ৩ বছরের নটিক্যাল সায়েন্স কোর্স শেখানো হয়। এই কোর্সের খরচ ৪ থেকে ৮ লক্ষ টাকা। তবে মার্চেন্ট নেভি জাতীয় ক্ষেত্রে চাকরি পেলে শুরুর বেতনই হয় মাসে ১ লক্ষ টাকার উপরে। ভবিষ্যতে প্রোমোশনের মাধ্যমে আরো বড়ো জায়গায় যাওয়ার সুযোগ রয়েছে।
