Sanju Das, কলকাতাঃ দীপাবলিতে ৫,০০০ টাকা পর্যন্ত বোনাস পেয়েছেন? সেই টাকা দিয়ে মোটরসাইকেলের জন্য কিনে নিতে পারেন বেশ কিছু দরকারি অ্যাক্সেসরিজ। নিরাপদে বাইক চালানোর জন্য ভালো হেলমেট, রাইডিং জ্যাকেট ও গ্লাভস থেকে শুরু করে টায়ার ইনফ্লেটর, টুলকিট এবং বাইক পরিষ্কারের যন্ত্র—৫,০০০ টাকার বাজেটেই রয়েছে একাধিক বিকল্প। বিশেষ করে যাঁরা নিয়মিত বাইক চালান, তাঁদের জন্য সঠিক রাইডিং গিয়ার ও প্রয়োজনীয় সরঞ্জাম আরাম, নিরাপত্তা এবং বাইকের রক্ষণাবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই দীপাবলির বোনাসের টাকা কাজে লাগাতে ৫,০০০ টাকার মধ্যে কেনা যায় এমন ১০টি দরকারি মোটরসাইকেল অ্যাক্সেসরিজের তালিকা দেখে নিতে পারেন।
৫০০০ টাকার মধ্যে বাইকের ১০টি জরুরি অ্যাক্সেসরিজ
১) ভালো মানের হেলমেটঃ মোটরসাইকেল চালানোর সময় নিরাপত্তার জন্য ভালো মানের হেলমেট অত্যন্ত জরুরি। নতুন হেলমেট কেনার আগে মাথার সঙ্গে সঠিক ফিট, আরামদায়ক প্যাডিং এবং পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা রয়েছে কি না, তা পরীক্ষা করে নিন। ভারতে ব্যবহারের জন্য প্রযোজ্য আইএসআই সার্টিফিকেশন থাকা জরুরি। পাশাপাশি ইসিই ২২.০৬ সার্টিফিকেশন থাকলে সেটিও বিবেচনা করতে পারেন। ৫,০০০ টাকার বাজেটে এসএমকে টাইফুন ও অ্যাক্সর অ্যাপেক্স মডেল দুটি দেখতে পারেন।
২) রাইডিং জ্যাকেটঃ দুর্ঘটনার সময় শরীরের উপরের অংশের সুরক্ষার জন্য ভালো মানের রাইডিং জ্যাকেট বেছে নেওয়া জরুরি। কেনার আগে কাঁধ, কনুই ও পিঠের সুরক্ষাব্যবস্থা, ঘর্ষণ-প্রতিরোধী উপাদান এবং আরামদায়ক ফিট রয়েছে কি না, তা দেখে নিন। ৫,০০০ টাকার মধ্যে সোলেস থ্রিফট ও ক্র্যামস্টার ভাইপার মডেল দুটি বিবেচনা করতে পারেন।
৩) রাইডিং গ্লাভসঃ বাইক চালানোর সময় হ্যান্ডেলবারে ভালো গ্রিপ বজায় রাখতে রাইডিং গ্লাভস বেশ কাজে আসে। পাশাপাশি দুর্ঘটনার সময় হাতের তালু ও আঙুলে আঘাতের ঝুঁকি কমাতেও উপযুক্ত গ্লাভস গুরুত্বপূর্ণ। ৫,০০০ টাকার বাজেটে ভায়াটেরা হোলশট এবং ক্র্যামস্টার কে২কে মডেল দুটি বিবেচনা করতে পারেন।
৪) রাইডিং প্যান্টঃ হেলমেট, জ্যাকেট ও গ্লাভস কেনার পর রাইডিং প্যান্টও আপনার পরবর্তী গুরুত্বপূর্ণ বিনিয়োগ হতে পারে। সাধারণ জিনসের তুলনায় ভালো মানের রাইডিং প্যান্টে হাঁটু ও অন্যান্য গুরুত্বপূর্ণ অংশের জন্য অতিরিক্ত সুরক্ষার ব্যবস্থা থাকে। ৫,০০০ টাকার বাজেটে টারম্যাক ড্রিফট এবং রাইডা ট্রেলক্রাফট মডেল দুটি বিবেচনা করতে পারেন।
৫) রাইডিং বুটঃ সাধারণ জুতোর তুলনায় মোটরসাইকেল চালানোর জন্য বিশেষভাবে তৈরি রাইডিং বুট পায়ের আঙুল, গোড়ালি ও পায়ের অন্যান্য গুরুত্বপূর্ণ অংশকে বাড়তি সুরক্ষা দিতে পারে। ৫,০০০ টাকার মধ্যে রাইডা ট্যুরার বুট এবং টিভিএস রেসিং অ্যান্কল-লেংথ বুট দুটি বিবেচনা করতে পারেন।
৬) পোর্টেবল টায়ার ইনফ্লেটরঃ বাইকের টায়ারের বাতাস পরীক্ষা করা এবং প্রয়োজনমতো ভরার জন্য পোর্টেবল টায়ার ইনফ্লেটর বেশ উপকারী। বিশেষ করে দীর্ঘ রাইডে বেরোনোর আগে টায়ারের চাপ পরীক্ষা করতে এটি কাজে আসে। কেনার সময় সর্বোচ্চ বায়ুচাপ, ব্যাটারি ব্যাকআপ, চার্জিংয়ের সুবিধা এবং ডিজিটাল প্রেসার গেজ রয়েছে কি না, তা দেখে নিন। পাশাপাশি নিজের বাইকের টায়ারের উপযোগী এবং সহজে বহন করা যায়, এমন ইনফ্লেটর বেছে নিন।
৭) প্যাডক স্ট্যান্ডঃ যাঁরা নিজেরাই বাইকের ছোটখাটো রক্ষণাবেক্ষণ করেন, তাঁদের জন্য প্যাডক স্ট্যান্ড বেশ উপকারী একটি সরঞ্জাম। বিশেষ করে বাইকে সেন্টার স্ট্যান্ড না থাকলে পিছনের চাকা মাটি থেকে তুলতে এটি সাহায্য করে। চাকা উপরে তোলা থাকলে চেন পরিষ্কার করা ও লুব্রিকেশন করার কাজও তুলনামূলক সহজ হয়।
৮) পোর্টেবল প্রেসার ওয়াশারঃ বাড়িতে নিজের বাইক পরিষ্কার করার জন্য পোর্টেবল প্রেসার ওয়াশার বেশ কাজে আসতে পারে। এটি ব্যবহার করলে বারবার ওয়াশিং সেন্টারে যাওয়ার প্রয়োজন কমবে এবং নিজের সুবিধামতো বাইক পরিষ্কার করতে পারবেন। কেনার আগে জলের চাপ নিয়ন্ত্রণের সুবিধা, বহন করার সহজতা, ব্যাটারি ব্যাকআপ এবং জলের উৎসের সঙ্গে সংযোগের ব্যবস্থা রয়েছে কি না, তা দেখে নিন।
৯) ব্লুটুথ ইন্টারকমঃ বন্ধুদের সঙ্গে দল বেঁধে বাইক রাইড করার সময় যোগাযোগ বজায় রাখতে ব্লুটুথ ইন্টারকম বেশ কাজে আসতে পারে। কিছু মডেলে ফোনের অডিও শোনার সুবিধাও থাকে। এন্ট্রি-লেভেল ইন্টারকমের দাম প্রায় ২,০০০ টাকা থেকে শুরু হতে পারে। এই বিভাগে ইজিয়াস ভি৬ প্রো প্লাস এবং ইজিয়াস কিউ৮ মডেল দুটি বিবেচনা করতে পারেন। কেনার আগে ব্যাটারি ব্যাকআপ, যোগাযোগের পরিসর, জল প্রতিরোধের ক্ষমতা এবং হেলমেটের সঙ্গে সামঞ্জস্য যাচাই করে নিন।
১০)মোটরসাইকেল টুলকিটঃ বাইকের ছোটখাটো রক্ষণাবেক্ষণ ও সাধারণ সমন্বয়ের কাজে একটি ভালো টুলকিট বেশ উপকারী। প্রয়োজনীয় সরঞ্জাম হাতের কাছে থাকলে কিছু সাধারণ কাজ নিজেই করতে পারবেন। টুলকিট কেনার সময় স্প্যানার, সকেট রেঞ্চ, অ্যালেন কি এবং স্ক্রু ড্রাইভারের মতো দরকারি সরঞ্জাম রয়েছে কি না, তা দেখে নিন। পাশাপাশি আপনার মোটরসাইকেলের জন্য প্রয়োজনীয় মাপের টুল রয়েছে কি না, সেটিও যাচাই করুন।
