ভাঙড়ে জমি দখলকে কেন্দ্র করে বাড়িতে হামলার অভিযোগ, প্রশ্নের মুখে নওশাদ সিদ্দিকী

নিজস্ব সংবাদদাতা, ভাঙড়ঃ জমি দখলকে কেন্দ্র করে রাজমিস্ত্রির বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও বোমাবাজির অভিযোগ উঠল আইএসএফের কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ভাঙড়ের উত্তর কাশীপুর থানার সোনপুর এলাকার। আক্রান্ত মাজেদ গোলদারের অভিযোগ, গত রবিবার ভোররাতে তাঁর বাড়িতে হামলা চালানো হয়। বাড়িতে ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ। এই ঘটনায় আইএসএফ নেতা সাজ্জাদ মোল্লা ও সাকবাদ মোল্লা-সহ কয়েকজনের নাম জড়িয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমে চারজনকে গ্রেফতার করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ। ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে।

- Advertisement -

আক্রান্ত পরিবারের বাড়িতে গিয়ে প্রশ্নের মুখে নওশাদ সিদ্দিকী

ঘটনার প্রায় তিন দিন পর আক্রান্ত পরিবারের বাড়িতে যান ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তবে সেখানে গিয়ে তাঁকে প্রশ্নের মুখে পড়তে হয় এলাকাবাসীর। তাঁদের প্রশ্ন, ঘটনার পর এতদিন পেরিয়ে গেলেও আইএসএফের কোনও নেতা-কর্মী আক্রান্ত পরিবারের খোঁজ নিতে আসেননি কেন? কেন এতদিন পর বিধায়ক সেখানে গেলেন?

অভিযুক্তদের রেয়াত করা হবে না, আশ্বাস বিধায়কের

এলাকাবাসীর প্রশ্নের জবাবে নওশাদ সিদ্দিকী জানান, দলের বিরুদ্ধে অভিযোগ ওঠায় তিনি অন্য নেতা-কর্মীদের ওই এলাকায় যেতে নিষেধ করেছিলেন। নিজে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতেই সেখানে গিয়েছেন বলে জানান তিনি। পাশাপাশি এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের কাউকেই রেয়াত করা হবে না বলে আশ্বাস দেন বিধায়ক। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার কথাও জানান তিনি। তবে জমি দখলকে কেন্দ্র করে ওঠা এই অভিযোগ ঘিরে এলাকায় রাজনৈতিক চাপানউতোর অব্যাহত।

JANARUL KHAN
JANARUL KHANhttps://jknews24.in/
আমি জানারুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। এর মধ্যে দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24-এর সঙ্গে কাজ করছি। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা, সাম্প্রতিক বিষয় এবং গুরুত্বপূর্ণ খবর নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে আগ্রহী। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সহজ ও পাঠকবান্ধব ভাষায় সংবাদ তুলে ধরাই আমার কাজের অন্যতম লক্ষ্য।
Breaking News