৩০ আগস্ট গ্র্যান্ড ওপেনিং! বিগ বস বাংলায় কারা থাকছেন, প্রকাশ্যে সম্ভাব্য তালিকা

-

অনেকদিন পর আবার বাংলায় ফিরতে চলেছে জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শো ‘বিগ বস বাংলা’। চার দেয়ালের মধ্যে প্রতিযোগীদের নানা খেলা, টাস্ক ও বিনোদনের লড়াই দেখতে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই উত্তেজনা তৈরি হয়েছে। আগামী ৩০ আগস্ট হতে চলেছে ‘বিগ বস বাংলা’-র গ্র্যান্ড ওপেনিং। এবার সঞ্চালকের ভূমিকায় থাকছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। নতুন সিজন শুরু হওয়ার আগেই সম্ভাব্য প্রতিযোগীদের নিয়ে দর্শকদের মধ্যে জল্পনা তুঙ্গে। যদিও নির্মাতা ও চ্যানেল কর্তৃপক্ষের তরফে প্রতিযোগীদের নাম নিয়ে কঠোর গোপনীয়তা বজায় রাখা হচ্ছে, তবুও বিভিন্ন মহলে কানাঘুষোয় বেশ কয়েকজন সম্ভাব্য প্রতিযোগীর নাম শোনা যাচ্ছে। তাই গ্র্যান্ড ওপেনিংয়ের মঞ্চে শেষ পর্যন্ত কারা বিগ বসের ঘরে প্রবেশ করেন, সেই দিকেই এখন নজর দর্শকদের।

বিগ বস বাংলায় প্রতিযোগী হিসেবে কাদের দেখা যেতে পারে?

টেলিভিশনের জনপ্রিয় মুখ শন বন্দ্যোপাধ্যায়, সৃজলা গুহ, মনামী ঘোষ এবং সোনামণি সাহার নাম ‘বিগ বস বাংলা’-র আসন্ন সিজনের সম্ভাব্য প্রতিযোগী হিসেবে জোরালোভাবে শোনা যাচ্ছে। পাশাপাশি প্রয়াত অভিনেতা তাপস পালের মেয়ে সোহিনী পালকে নিয়েও চলছে জোর জল্পনা। তাপস পালের স্ত্রী নন্দিনী পাল অতীতে এই শোয়ে অংশ নিয়েছিলেন, তাই সোহিনী এবার নতুন সিজনের অংশ হন কি না, তা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। এছাড়াও অভিনেতা ভরত কল এবং সায়ক চক্রবর্তীর নামও সম্ভাব্য প্রতিযোগীদের তালিকায় উঠে আসছে। অন্যদিকে, সোশ্যাল মিডিয়ার কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটার সেন’ ও ঝিলম গুপ্তার পাশাপাশি জনপ্রিয় গায়ক দুর্নিবার সাহাকেও এবারের সিজনে দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে।

- Advertisement -

এদিকে, ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসাবেও উঠে আসছে বেশ কিছু চমকপ্রদ নাম। শো চলাকালীন অভিনেতা বনি সেনগুপ্ত ও জীতু কমলের এন্ট্রি হবে বলে অনেকে মনে করছেন। আগেও বিগ বসে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীকে দেখা গিয়েছিল, তিনি এই সিজনেও মুখ দেখাতে পারেন বলে শোনা যাচ্ছে। এছাড়া, অভিনেত্রী আলেকজান্দ্রা টেলরও তালিকায় রয়েছেন।

তবে সবথেকে বেশি চর্চা চলছে টলিউডের বিতর্কিত জুটি নুসরত জাহান এবং যশ দাশগুপ্তকে নিয়ে। তাঁরা এবারের সিজনে প্রতিযোগী হিসেবে থাকবেন, নাকি বিশেষ অতিথি হিসেবে হাজির হবেন, তা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তুঙ্গে। তাঁদের নাম এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে না এলেও, শোনা যাচ্ছে শোয়ের আকর্ষণ আরও বাড়াতে একজন ফুটবলার এবং একজন জনপ্রিয় শেফকেও দেখা যেতে পারে। পাশাপাশি গ্ল্যামারের ছোঁয়া আনতে ‘মিস ইউনিভার্স’-এর রানার-আপ অঙ্কিতা সিংও বিগ বসের বাড়িতে প্রবেশ করতে পারেন বলে জল্পনা রয়েছে। শেষ পর্যন্ত কে জয়ের হাসি হাসবেন, তা জানতে দর্শকদের অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়। আগামী ৩০ আগস্ট গ্র্যান্ড ওপেনিংয়ের মঞ্চে প্রতিযোগীদের চূড়ান্ত তালিকা সামনে আসার পরই সমস্ত জল্পনা-কল্পনার অবসান হবে।

Breaking News