SIR নিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে! হাওড়ার মহামিছিল থেকে সরব বিপ্লব দেব

নিজস্ব সংবাদদাতা,কান্দিঃ SIR বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ তুললেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিপ্লব কুমার দেব। মঙ্গলবার হাওড়ায় বিজেপির মহামিছিল কর্মসূচিতে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, SIR কী এবং কেন এই প্রক্রিয়া প্রয়োজন, তা রাজ্যের প্রতিটি মানুষের জানা উচিত। এই ইস্যুতে রাহুল গান্ধী, তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এবং ইন্ডি জোটকে জবাব দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ভোটার তালিকায় অনিয়মের অভিযোগও তোলেন বিপ্লব দেব।

- Advertisement -

ত্রিপুরায় আগ্নেয়াস্ত্র ছিনতাইয়ের ঘটনা নিয়েও সরব

এদিন ত্রিপুরায় বিএসএফের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনা নিয়েও মুখ খোলেন বিজেপি নেতা। ঘটনাটিকে লজ্জাজনক আখ্যা দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। বিপ্লব দেবের দাবি, এই ঘটনায় ইতিমধ্যেই আটজনকে গ্রেফতার করা হয়েছে। তবে তাঁর এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

হাওড়ায় বিজেপির মহামিছিলে যোগ দিলেন শীর্ষ নেতৃত্ব

উল্লেখ্য, মঙ্গলবার বিজেপির আহ্বানে হাওড়ায় ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ স্লোগানকে সামনে রেখে মহামিছিলের আয়োজন করা হয়। দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুর ২টো নাগাদ হাওড়া সদর সাংগঠনিক জেলার উদ্যোগে শিবপুর কাজীপাড়া থেকে মিছিল শুরু হয়। এরপর মিছিলটি হাওড়া ময়দানের দিকে এগিয়ে যায়। বিপ্লব দেবের পাশাপাশি লকেট চট্টোপাধ্যায়, সন্তু পান-সহ বিজেপির একাধিক নেতা উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে মিছিলে পা মেলান বহু দলীয় কর্মী ও সমর্থক। SIR-সহ একাধিক রাজনৈতিক ইস্যুতে এই কর্মসূচির মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরে বিজেপি নেতৃত্ব।

জেকে নিউজ ২৪
জেকে নিউজ ২৪https://jknews24.in/
JKNews24-এর অভিজ্ঞ সংবাদকর্মী ও সম্পাদকীয় টিমের পক্ষ থেকে প্রকাশিত সর্বশেষ বাংলা খবর, রাজ্য, দেশ, বিশ্ব, চাকরি, শিক্ষা ও প্রযুক্তির নির্ভরযোগ্য আপডেট।
Breaking News