সাদিকুল খান, কলকাতাঃ খনিজ সম্পদে সমৃদ্ধ বীরভূমে শিল্পের প্রসার ঘটাতে জমির তথ্যভাণ্ডার বা ল্যান্ড ব্যাঙ্ক তৈরির উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। জেলার কোথায় শিল্প গড়ে তোলার উপযুক্ত জমি রয়েছে, কোথায় সরকারি জমি অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে এবং সেই জমি কীভাবে শিল্পের কাজে লাগানো সম্ভব, তা চিহ্নিত করার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। এই উদ্দেশ্যে জেলার ভূমি দপ্তরের আধিকারিকদের বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছেন রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা।
বীরভূমের মাটিতে কী কী করতে চলেছে সরকার?
এদিন সিউড়িতে জেলার ভূমি দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী দীপঙ্কর জানা। বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক, জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক এবং জেলার ১৯টি ব্লকের ভূমি সংস্কার আধিকারিকরা। গত ১৫ বছরে জেলায় কত জমি পাট্টা হিসেবে বিলি করা হয়েছে, কোন কোন এলাকার জমি এই কাজে ব্যবহার করা হয়েছে, কাদের নামে জমি বরাদ্দ হয়েছে এবং যোগ্য হওয়া সত্ত্বেও কারা এখনও পাট্টা পাননি, তার বিস্তারিত তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, সমস্ত তথ্য সংগ্রহ করে জেলা প্রশাসনের কাছে জমা দেওয়ার কথাও জানানো হয়েছে।
বীরভূমে শিল্পের প্রসার ঘটাতে শুধু নতুন জমি চিহ্নিত করাই নয়, দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা জমিগুলিকেও বিনিয়োগের আওতায় আনার পরিকল্পনা করা হচ্ছে। একইভাবে, রাজ্যজুড়েও শিল্প স্থাপনের জন্য উপযুক্ত জমি খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়েছে। কোথায় কত জমি অব্যবহৃত রয়েছে, সেগুলির বর্তমান অবস্থা কী এবং ভবিষ্যতে শিল্পের কাজে সেগুলিকে ব্যবহার করা সম্ভব কি না, সেই সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
রাজ্য সরকারের লক্ষ্য, জমি সংক্রান্ত তথ্য আরও সুসংহত করে শিল্পসংস্থাগুলির কাছে বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি করা। বীরভূমের খনিজ সম্পদ এবং শিল্পের উপযোগী জমিকে কাজে লাগিয়ে নতুন সংস্থাকে জেলায় নিয়ে আসার চেষ্টা চলছে বলে জানিয়েছেন মন্ত্রী। সেই কারণে ল্যান্ড ব্যাঙ্ক তৈরির উদ্যোগকে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে মনে করা হচ্ছে। তবে এই উদ্যোগের মাধ্যমে কত জমি চিহ্নিত হবে এবং কতগুলি শিল্পসংস্থা বাস্তবে বিনিয়োগ করবে, সেদিকেই লক্ষ্য সরকারের।
