বিজেপির সঙ্গে বড় খেলা! বৃহত্তম দল হয়েও শূন্য ভোট, হাতছাড়া পুরসভা

সাদিকুল খান, কলকাতাঃ রাজস্থানের (Rajasthan) রাজনীতিতে ফের চমকপ্রদ ঘটনা। জয়পুর থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে নাগৌর জেলার মুন্ডোয়া পুরসভায় বৃহত্তম দল হওয়া সত্ত্বেও চেয়ারম্যান নির্বাচনে বড় ধাক্কা খেল বিজেপি। দলের সব কাউন্সিলর ক্রস ভোটিং করায় বিজেপির দলীয় প্রার্থী একটিও ভোট পাননি। অন্যদিকে, টানটান লড়াইয়ে মাত্র ১ ভোটের ব্যবধানে চেয়ারম্যান পদে জয় পেয়েছে কংগ্রেস ও রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির জোট। ফলে সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও বিজেপির এই ফলাফল নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

- Advertisement -

রাজস্থানে ভরাডুবি বিজেপির

সোমবার মুন্ডোয়া পুরসভার চেয়ারম্যান পদে নির্বাচন হয়। ২৫ আসনের এই পুরসভায় বিজেপি সর্বাধিক ১০টি ওয়ার্ডে জয় পেয়ে বোর্ড গঠনের দৌড়ে এগিয়ে ছিল। অন্যদিকে, হনুমান বেনিওয়ালের দল আরএলপি ৭টি, কংগ্রেস ৩টি এবং নির্দল প্রার্থীরা ৫টি আসনে জয় পান। কিন্তু চেয়ারম্যান নির্বাচনে ছবিটা পুরোপুরি বদলে যায়। কংগ্রেস ও আরএলপি একজোট হয়ে প্রার্থী দেয় আরএলপির অলকা দেবী কন্ডোইকে। তিনি ১৩টি ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। অন্যদিকে নির্দল প্রার্থী ঘনশ্যাম সদাবত পান ১২টি ভোট, ফলে মাত্র ১ ভোটের ব্যবধানে তাঁকে হারতে হয়। সবচেয়ে বড় চমক, বিজেপির দলীয় প্রার্থী গীতা দেবী একটি ভোটও পাননি।

এই নির্বাচনের ফলাফলে বিজেপির হতাশাজনক পারফরম্যান্স যে নতুন করে দলীয় কর্মীদের ভাবাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। এমনকি জানলে অবাক হবেন, নির্বাচনে কড়া টক্কর দেওয়া নির্দল প্রার্থী ঘনশ্যাম সদাবত আসলে বিজেপিরই একজন বিদ্রোহী নেতা। তিনি দলের গুরুত্বপূর্ণ নেত্রী ড. জ্যোতি মির্ধার অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এর আগেও তিনি কাউন্সিলর হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তবে এবার দল থেকে টিকিট না দেওয়ায় নির্দল প্রার্থী হিসেবেই প্রতিদ্বন্দ্বিতা করেন।

- Advertisement -

রাজনৈতিক সমীকরণ বলছে, কংগ্রেস-আরএলপি জোটের প্রার্থী অলকা দেবীর পক্ষে জোটের ১০টি ভোট আগে থেকেই নিশ্চিত ছিল। কিন্তু শেষ পর্যন্ত তিনি ১৩টি ভোট পান। অর্থাৎ অতিরিক্ত ৩টি ভোট এসেছে বিজেপি কিংবা নির্দল কাউন্সিলরদের ক্রস ভোটিং থেকে। অন্যদিকে বিজেপির কাউন্সিলররা দলের প্রার্থী গীতা দেবীকে সমর্থন না করে নির্দল প্রার্থী ঘনশ্যাম সদাবতের দিকে চলে যান। ফলে ২৫ আসনের পুরসভায় সর্বাধিক আসন জেতার পরও চেয়ারম্যান নির্বাচনে বিজেপির প্রার্থী একটিও ভোট পেলেন না। এই ফলাফলকে ঘিরে রাজস্থানের রাজনৈতিক মহলে এখন জোর চর্চা শুরু হয়েছে।

JANARUL KHAN
JANARUL KHANhttps://jknews24.in/
আমি জানারুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। এর মধ্যে দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24-এর সঙ্গে কাজ করছি। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা, সাম্প্রতিক বিষয় এবং গুরুত্বপূর্ণ খবর নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে আগ্রহী। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সহজ ও পাঠকবান্ধব ভাষায় সংবাদ তুলে ধরাই আমার কাজের অন্যতম লক্ষ্য।
Breaking News