বর্ষার মেঘলা আকাশ কিংবা ছুটির আলসে দুপুরে ধোঁয়া ওঠা গরম খিচুড়ি খাওয়ার আনন্দই আলাদা। আর সাধারণ চাল-ডালের খিচুড়িতে যদি একটু নতুন স্বাদ আনতে চান, তাহলে যোগ করতে পারেন ‘গাছ পাঁঠা’ অর্থাৎ কাঁচা এঁচোড়। এঁচোড়ের নিজস্ব স্বাদ ও মশলার দারুণ মিশেলে তৈরি এই খিচুড়ি আমিষ কিংবা নিরামিষ—দুই ধরনের পদের স্বাদকেই টেক্কা দিতে পারে। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই খুব সহজে তৈরি করা যায় রেস্তোরাঁর মতো সুস্বাদু এঁচোড়ের খিচুড়ি। কীভাবে বানাবেন এই মজাদার পদ, রইল তার সহজ রেসিপি।
এঁচোড়ের খিচুড়ি বানাতে যা যা লাগবে
- গোবিন্দভোগ চাল – ২৫০ গ্রাম
- সোনা মুগ ডাল – ২৫০ গ্রাম
- এঁচোড় – ৩০০ গ্রাম, ডুমো ডুমো করে কাটা
- আলু – ২টি, মাঝারি মাপের টুকরো করে কাটা
- আদা বাটা – ১ টেবিল চামচ
- জিরে গুঁড়ো – ১ চা চামচ
- হলুদ গুঁড়ো – ১ চা চামচ
- কাশ্মীরি লঙ্কা গুঁড়ো – ১ চা চামচ
- কাঁচা লঙ্কা – ৪–৫টি, মাঝখান থেকে চেরা
- গোটা জিরে – ½ চা চামচ
- তেজপাতা – ২টি
- শুকনো লঙ্কা – ২টি
- গোটা গরম মশলা – এলাচ, লবঙ্গ ও দারচিনি
- ঘি – ২ টেবিল চামচ
- সরষের তেল – প্রয়োজনমতো
- নুন – স্বাদ অনুযায়ী
- চিনি – স্বাদ অনুযায়ী
যেভাবে বানাবেন এঁচোড়ের খিচুড়ি
প্রথমে কেটে রাখা এঁচোড়ের টুকরোগুলো নুন ও সামান্য হলুদ দিয়ে প্রেশার কুকারে একটি সিটি দিয়ে সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে আলাদা করে রাখুন। এবার শুকনো কড়াইতে সোনা মুগ ডাল হালকা লালচে করে ভেজে নিন। ডাল থেকে সুন্দর গন্ধ বেরোলে ধুয়ে জল ঝরিয়ে রাখুন। একইভাবে গোবিন্দভোগ চালও ভালো করে ধুয়ে আলাদা করে রাখতে হবে।
এরপর কড়াইতে সরষের তেল গরম করে সেদ্ধ এঁচোড় ও আলুর টুকরোগুলো সামান্য নুন ও হলুদ দিয়ে লালচে করে ভেজে তুলে রাখুন। ওই তেলেই তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে এবং এলাচ, লবঙ্গ ও দারচিনির মতো গোটা গরম মশলা দিয়ে ফোড়ন দিন। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলে আদা বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে সামান্য জল ছিটিয়ে ভালো করে কষিয়ে নিন।
মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু, এঁচোড়, মুগ ডাল ও ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে মাঝারি আঁচে ২–৩ মিনিট হালকা হাতে নেড়ে নিন। এবার অন্য একটি পাত্রে পরিমাণমতো জল ফুটিয়ে নিয়ে সেই গরম জল কড়াইতে ঢেলে দিন। সঙ্গে স্বাদমতো নুন ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করুন। চাল ও ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে খিচুড়ি মাখামাখা হয়ে এলে স্বাদ অনুযায়ী সামান্য চিনি মিশিয়ে দিন। সবশেষে উপর থেকে ২ টেবিল চামচ গাওয়া ঘি ও সামান্য গরম মশলা গুঁড়ো ছড়িয়ে আঁচ বন্ধ করে আরও ৫ মিনিট ঢাকা দিয়ে রাখুন।
গরম গরম এঁচোড়ের খিচুড়ি পরিবেশন করুন বেগুন ভাজা, আলুর চপ কিংবা একটু আমের তেলের সঙ্গে। বর্ষার দিনে পরিবারের সঙ্গে জমিয়ে খাওয়ার জন্য এই পদ হতে পারে একেবারে আদর্শ ভূরিভোজ।
