Sanju Das, কলকাতাঃ বিএসএনএল (BSNL) গ্রাহকদের জন্য সুখবর। মাত্র ৫১ টাকার সস্তা রিচার্জ অফারের সময়সীমা বাড়িয়ে ৩১ অক্টোবর পর্যন্ত করা হয়েছে। এই অফারের আওতায় গ্রাহকরা আনলিমিটেড কলিং, ডেটা এবং বিনামূল্যে এসএমএসের মতো সুবিধা পাবেন। শুধু তাই নয়, এই অফারের সঙ্গে বিনামূল্যে সিম কার্ডও দিচ্ছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি। সম্প্রতি নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই অফারের সময়সীমা বাড়ানোর কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বিএসএনএল।
BSNL-এর ৫১ টাকার প্ল্যানের সুবিধাগুলি
ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) নতুন গ্রাহকদের জন্য ৫১ টাকার একটি সাশ্রয়ী প্রিপেইড প্ল্যান চালু করেছে। এই প্ল্যানের বৈধতা ২৮ দিন। এতে প্রতিদিন ১০০টি বিনামূল্যের এসএমএস এবং ২ জিবি হাই-স্পিড ডেটা পাওয়া যায়, অর্থাৎ পুরো মেয়াদে মোট ৫৬ জিবি ডেটা ব্যবহারের সুযোগ রয়েছে। পাশাপাশি, গ্রাহকরা দেশের যেকোনও প্রান্তে আনলিমিটেড কলিং এবং বিনামূল্যে ন্যাশনাল রোমিংয়ের সুবিধাও পাবেন। ফলে ভারতের বিভিন্ন জায়গায় যাতায়াত করলেও এই প্ল্যানের আওতায় নিজের বিএসএনএল নম্বর ব্যবহার করা সম্ভব।
উল্লেখ্য, বিএসএনএল এখনও ৪জি নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা দিচ্ছে। তবে এবার ৫জি পরিষেবা চালুর প্রস্তুতিও শুরু করেছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, আগামী দিনে দিল্লি ও মুম্বইয়ের মতো বড় শহরে বিএসএনএলের ৫জি পরিষেবা চালু হতে পারে। আগামী কয়েক মাসের মধ্যে এই পরিষেবার ট্রায়াল শুরু হওয়ার সম্ভাবনাও রয়েছে। নয়া দিল্লির যশোভূমিতে আয়োজিত ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২৬ (India Mobile Congress 2026)-এর মঞ্চে সংস্থার এক ঊর্ধ্বতন কর্মকর্তা ৫জি পরিষেবা চালুর বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। বিএসএনএলের প্রিন্সিপাল জেনারেল ম্যানেজার বিবেক দুয়া জানিয়েছেন, বিভিন্ন গ্রাহক পরিষেবা ও নেটওয়ার্ক-স্তরের প্ল্যাটফর্ম চালুর মাধ্যমে সংস্থাটি দ্রুত পরবর্তী প্রজন্মের মোবাইল কানেক্টিভিটি বা ৫জি প্রযুক্তির দিকে এগিয়ে চলেছে।
আরও পড়ুন: ৪.৫ সেকেন্ডে ১০০ কিমি গতি! Tesla Model Y L-এ বড় আপগ্রেড
প্রসঙ্গত, বিএসএনএল আগস্ট মাসে ফ্রিডম অফার হিসেবে একটি ১ টাকার প্ল্যান চালু করেছিল। এই প্ল্যানটিতে ব্যবহারকারীরা ২৪ দিনের ভ্যালিডিটি পেয়েছিলেন। তার সাথে এতে ছিল আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস, ১ জিবি ডেটা এবং ফ্রি ন্যাশনাল রোমিং-এর সুবিধা। এই প্ল্যানটিও নতুন ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছিল।
