সার্ভার ডাউনে আটকে জনগণনার-এর ফর্ম! ১৫ আগস্টের মধ্যে না পারলে কী করবেন?

-

রাজ্য তথা দেশে বর্তমানে চলছে জনগণনার (Census) সেলফ-এনুমারেশন প্রক্রিয়া। কিন্তু ওয়েবসাইটের সার্ভার সমস্যার কারণে অনেকেই নিজের তথ্য অনলাইনে জমা দিতে পারছেন না। কোথাও আবার সাইবার ক্যাফের সামনে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও শেষ পর্যন্ত কাজ না হওয়ায় ফিরে আসতে হচ্ছে সাধারণ মানুষকে। এদিকে ১৫ আগস্টের মধ্যেই সেলফ-এনুমারেশন শেষ করার সময়সীমা থাকায় অনেকের মনেই প্রশ্ন উঠছে, নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে তথ্য জমা দিতে না পারলে কী হবে?

15 তারিখের মধ্যে সেলফ-এনুমারেশন করতে না পারলে কী হবে?

এবছর জনগণনার ক্ষেত্রে অনলাইন সেলফ-এনুমারেশন প্রক্রিয়ার পাশাপাশি অফলাইনেও তথ্য সংগ্রহ করা হবে। অর্থাৎ সরকারি আধিকারিক বা গণনাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জনগণের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। তবে প্রথম পর্যায়ে কেন্দ্রীয় সরকারের তরফে সেলফ-এনুমারেশনের সুযোগ দেওয়া হয়েছে, যেখানে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে সাধারণ মানুষ নিজেরাই পরিবারের তথ্য আপলোড করতে পারছেন। কিন্তু এই অনলাইন প্রক্রিয়াতেই এবার নানা সমস্যার অভিযোগ সামনে এসেছে। অনেকের দাবি, ওয়েবসাইটের সার্ভার বা প্রযুক্তিগত সমস্যার কারণে তথ্য জমা দেওয়া সম্ভব হচ্ছে না। কেউ কেউ আবার জানিয়েছেন, শুরু থেকে পুরো প্রক্রিয়া সম্পন্ন করার পর বাড়ির লোকেশন সেট করার সময় সমস্যা দেখা দিচ্ছে এবং শেষ পর্যন্ত আগের সমস্ত তথ্য হারিয়ে গিয়ে আবার নতুন করে প্রক্রিয়াটি শুরু করতে হচ্ছে।

- Advertisement -

সাধারণ নাগরিকদের অনেকেরই প্রশ্ন, 15 আগস্ট তারিখের মধ্যে এই কাজ করতে না পারলে কি সমস্যায় পড়তে হবে? উত্তর, না। আসলে সেলফ-এনুমারেশনের সম্পূর্ণ ঐচ্ছিক প্রক্রিয়া। এতে কোনও বাধ্যবাধকতা নেই। সরকারের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছে, যাঁরা অনলাইনে নিজেদের তথ্য পূরণ করতে পারবেন তাঁরা এই কাজ করবেন। যাঁরা পারবেন না, সরকারি কর্মীরা তাঁদের বাড়িতে গিয়ে নিজেরাই সেই তথ্য সংগ্রহ করে নেবেন। কাজেই, 15 তারিখের মধ্যে সেলফ-এনুমারেশন করতে না পারলে ভয়ের কিছু নেই।

উল্লেখ্য, এই মুহূর্তে গোটা দেশজুড়ে ২০২৭ সালের জনগণনার প্রস্তুতি ও কাজ চলছে। তারই প্রথম পর্ব হিসেবে সেলফ-এনুমারেশন প্রক্রিয়া শুরু হওয়ার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সচেতন নাগরিকদের এই প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, সেলফ-এনুমারেশন করা সম্পূর্ণভাবে ঐচ্ছিক হলেও দেশের জনগণনার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রত্যেক নাগরিকের এই প্রক্রিয়ায় অংশ নেওয়া উচিত। তাই সাধারণ মানুষকে নিজের পরিবারের প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে জমা দিয়ে জনগণনার কাজে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছিল।

Breaking News