মিষ্টির দোকানে ছুটতে হবে না, বাড়িতেই বানান নরম রসমালাই

কুসুম দাস, কলকাতাঃ বাঙালির হেঁসেলে যেমন ঝাল-টক থেকে শুরু করে নানা স্বাদের বাহারি রান্না থাকে, তেমনই মিষ্টির তালিকাতেও রয়েছে একাধিক জনপ্রিয় পদ। আর সেই তালিকায় রসমালাইয়ের জায়গা বেশ আলাদা। নরম, তুলতুলে ছানার বল আর ঘন দুধের মিষ্টি স্বাদ—সব মিলিয়ে রসমালাই দেখলেই জিভে জল আসে। তবে বাড়িতে রসমালাই বানাতে গিয়ে অনেকেই ছোটখাটো কিছু ভুল করে ফেলেন, যার কারণে মিষ্টি ঠিকমতো নরম বা স্পঞ্জি হয় না। তাই আজ জেনে নেওয়া যাক বাড়িতেই দোকানের মতো নরম ও সুস্বাদু রসমালাই বানানোর সহজ রেসিপি।

- Advertisement -

উপকরণ

বাড়িতে সুস্বাদু রসমালাই তৈরি করতে খুব বেশি উপকরণের প্রয়োজন নেই। প্রয়োজন হবে দুধ, পাতিলেবু, চিনি, ময়দা, এলাচ, গুঁড়ো দুধ এবং কেশর। এই কয়েকটি সাধারণ উপকরণ দিয়েই সহজেই তৈরি করা যাবে নরম ও স্পঞ্জি রসমালাই।

রান্নার পদ্ধতি

রসমালাই তৈরি হয় ছানা দিয়ে। অনেকেই সাবুদানা ব্যবহার করে রসমালাই বানান, তবে আজ তৈরি হবে একেবারে ঘরোয়া পদ্ধতিতে ছানা দিয়ে। সঠিকভাবে ধাপগুলি মেনে চললে বাড়িতেই তৈরি করা যাবে নরম ও স্পঞ্জি রসমালাই।

  • ছানা তৈরি: প্রথমে কড়াইয়ে দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। দুধ ফুটে উঠলে তাতে পাতিলেবুর রস দিয়ে নাড়তে থাকুন। কিছুক্ষণের মধ্যেই দুধ কেটে ছানা ও জল আলাদা হয়ে যাবে। এরপর গ্যাস বন্ধ করে ছানাটি একটি পাত্রে তুলে নিন।
  • ছানা থেকে জল ঝরানো: ছানা কিছুটা ঠান্ডা হলে পরিষ্কার শুকনো কাপড়ের মধ্যে ছানাটি ঢেলে নিন। কাপড়টি ভালো করে চিপে অতিরিক্ত জল বের করে দিন। রসমালাই নরম করতে ছানার মধ্যে যেন অতিরিক্ত জল না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে।
  • ছানার বল তৈরি: এবার ছানার সঙ্গে সামান্য ময়দা ও গুঁড়ো দুধ মিশিয়ে ভালো করে মেখে নিন। অন্তত ৫-৬ মিনিট ছানাটি মাখতে হবে, যাতে মিশ্রণটি মসৃণ হয়। এরপর ছোট ছোট গোল বল তৈরি করে হালকা চ্যাপ্টা করে নিতে পারেন।
  • চিনির রস তৈরি: অন্য একটি কড়াইয়ে একবাটি চিনি ও দুই বাটি জল দিয়ে ফুটতে দিন। এতে সামান্য কেশর ও এলাচ দিয়ে ভালোভাবে নাড়ুন। চিনি পুরোপুরি গলে গেলে চিনির রস তৈরি হয়ে যাবে।
  • ছানার বল সেদ্ধ: এবার ফুটন্ত চিনির রসে ছানার বলগুলি দিয়ে ১০-১৫ মিনিট ভালো করে ফুটিয়ে নিন। সেদ্ধ হয়ে গেলে বলগুলি আলাদা পাত্রে তুলে রাখুন।
  • শেষ ধাপ: অন্য একটি কড়াইয়ে দুধ ফুটিয়ে নিন। এবার চিনির রস থেকে তুলে রাখা ছানার বলগুলি দুধের মধ্যে দিয়ে আরও ৩-৪ মিনিট ফুটিয়ে নিন। ব্যস, তৈরি হয়ে গেল বাড়িতেই নরম, তুলতুলে ও সুস্বাদু রসমালাই।
Kusum Das
Kusum Dashttps://jknews24.in/
আমি কুসুম দাস, একজন Lifestyle Content Writer। দৈনন্দিন জীবনযাপন, স্বাস্থ্য ও সুস্থতা, ফ্যাশন, বিউটি টিপস এবং আধুনিক লাইফস্টাইল নিয়ে নিয়মিত লেখালেখি করি। সহজ, সাবলীল ও বাস্তবধর্মী ভাষায় এমন কনটেন্ট তৈরি করাই আমার মূল লক্ষ্য, যা পাঠকের দৈনন্দিন জীবনে সত্যিই কাজে আসে এবং নতুন কিছু জানতে ও ভালোভাবে জীবনযাপন করতে সাহায্য করে। মেল - aritsumdas@gmail.com
Breaking News