পুজোর মুখেই UPI পেমেন্টে বসছে চার্জ! কারা কারা ছাড় পাবেন? জেনে নিন নতুন নিয়ম

-

জানারুল খান, কলকাতাঃ ইউপিআই (Unified Payments Interface) আর পুরোপুরি ‘ফ্রি’ থাকছে না। নির্দিষ্ট কিছু ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে এবার ইউপিআইয়ের মাধ্যমে টাকা পাঠালে মাশুল দিতে হবে। পুজোর আগেই এই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। মঙ্গলবার ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) জানিয়েছে, আগামী ১৫ অক্টোবর, অর্থাৎ পঞ্চমীর দিন থেকে নির্দিষ্ট লেনদেনের ক্ষেত্রে এই চার্জ চালু হবে। ফলে পুজোর ঠিক মুখেই ইউপিআই ব্যবহারে আসছে এই নতুন নিয়ম। তবে সাধারণ সব ইউপিআই লেনদেনের ক্ষেত্রে এই মাশুল দিতে হবে না। কোন ধরনের লেনদেনে চার্জ লাগবে এবং কারা এই মাশুলের আওতায় পড়বেন, তা স্পষ্ট করে জানিয়েছে NPCI।

প্রতিটি লেনদেনে ০.৪% হারে মাশুল দিতে হবে

NPCI জানিয়েছে, ব্যবসায়িক ক্ষেত্রে ২,০০০ টাকা পর্যন্ত ইউপিআই লেনদেনের জন্য কোনও মাশুল দিতে হবে না। এই ধরনের লেনদেনই ভারতে হওয়া মোট ইউপিআই লেনদেনের প্রায় ৯৫ শতাংশ। তবে লেনদেনের পরিমাণ ২,০০০ টাকার বেশি হলে ০.৪ শতাংশ হারে মাশুল ধার্য হবে। প্রতিটি লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ মাশুলের পরিমাণ ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে রেলওয়ে, বিমা, তেল ও ইন্টারনেট পরিষেবার মতো নির্দিষ্ট ক্ষেত্রে ২,০০০ টাকার বেশি লেনদেনে ৫ টাকা MDR দিতে হবে।

- Advertisement -

গ্রাহকদের ক্ষেত্রে কোনও চার্জ লাগবে না

সাধারণ গ্রাহকদের জন্য ইউপিআই লেনদেনে কোনও অতিরিক্ত চার্জ বসানো হচ্ছে না। আগের মতোই বিনামূল্যে ইউপিআইয়ের মাধ্যমে টাকা পাঠানো বা পেমেন্ট করা যাবে। অর্থাৎ একজন ব্যক্তি যদি অন্য কাউকে ইউপিআইয়ের মাধ্যমে টাকা পাঠান কিংবা কোনও দোকানে ইউপিআই দিয়ে পেমেন্ট করেন, সেক্ষেত্রে তাঁকে কোনও বাড়তি মাশুল দিতে হবে না।

কোন কোন ব্যবসায়ীদের মাশুল দিতে হবে না?

ছোট ব্যবসায়ীদের জন্যও ইউপিআই লেনদেনে বিশেষ ছাড় থাকছে। NPCI জানিয়েছে, ইউপিআই কিউআর পেমেন্টের মাধ্যমে ছোট ব্যবসায়ীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত জমা হলে কোনও মাশুল দিতে হবে না। অর্থাৎ নির্ধারিত সীমার মধ্যে লেনদেন হলে ছোট ব্যবসায়ীদের বাড়তি চার্জ গুনতে হবে না।

- Advertisement -

চার্জ নিয়ে NPCI-র তরফে কী বলা হল?

NPCI-র তরফে জানানো হয়েছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা ওয়ালেটের মতো অন্যান্য ডিজিটাল পেমেন্ট মাধ্যমের তুলনায় ইউপিআইয়ের নির্দিষ্ট কিছু ব্যবসায়িক লেনদেনে মাশুলের পরিমাণ অনেকটাই কম। বিশেষ করে রেলওয়ে, বিমা, তেল ও ইন্টারনেট পরিষেবার মতো ক্ষেত্রে ২,০০০ টাকার বেশি লেনদেনে নির্দিষ্ট হারে MDR ধার্য করা হবে।

JANARUL KHAN
JANARUL KHANhttps://jknews24.in/
আমি জানারুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। এর মধ্যে দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24-এর সঙ্গে কাজ করছি। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা, সাম্প্রতিক বিষয় এবং গুরুত্বপূর্ণ খবর নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে আগ্রহী। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সহজ ও পাঠকবান্ধব ভাষায় সংবাদ তুলে ধরাই আমার কাজের অন্যতম লক্ষ্য।
Breaking News