কুসুম দাস, কলকাতাঃ দুর্গাপুজোর পাঁচ দিন ধরে দেদার খাওয়াদাওয়া ও আনন্দের পর অনেকেই এখন বাড়তি ওজন কমানোর দিকে নজর দিচ্ছেন। আর ওজন নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে চিয়া সিডস (Chia Seeds)। তবে শুধু চিয়া সিডস খেলেই যে ওজন কমবে, এমনটা নয়। সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত শরীরচর্চার পাশাপাশি এটি খাওয়া যেতে পারে। কিন্তু কখন, কীভাবে এবং কতটা চিয়া সিডস খাওয়া উচিত, তা অনেকেরই জানা নেই। তাহলে চলুন, আজকের প্রতিবেদনে জেনে নেওয়া যাক ওজন নিয়ন্ত্রণে চিয়া সিডস খাওয়ার সঠিক পদ্ধতি।
চিয়া সিডস খেলেই কি কমবে ওজন?
পুষ্টিবিদদের মতে, চিয়া সিডসের অন্যতম বড় গুণ হল এতে থাকা ফাইবার। জলে ভিজিয়ে রাখলে এই বীজ ফুলে জেলির মতো হয়ে যায়, যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। ফলে বারবার খিদে পাওয়া বা অকারণে কিছু খাওয়ার প্রবণতা কমতে পারে। তবে শুধু চিয়া সিডস খেলেই ওজন কমবে, এমনটা নয়। বরং সুষম খাবার ও নিয়মিত শরীরচর্চার পাশাপাশি এটি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। তবে দিনের যেকোনও সময় ইচ্ছেমতো চিয়া সিডস খেলেই উপকার মিলবে না। তাই এর সঠিক পরিমাণ এবং খাওয়ার পদ্ধতি সম্পর্কে জানা জরুরি।
কখন খাওয়া উচিত চিয়া সিডস
- চিয়া সিডস খাওয়ার সবচেয়ে ভাল সময় হল সকালে খাবার খাওয়ার ৩০ মিনিট আগে। এতে দ্রুত পেট ভরে যায়। দই, ওটমিল, স্যালাড, স্মুদির সঙ্গে মিশিয়ে চিয়া সিডস বিভিন্নভাবে খাওয়া যায়। তবে প্রতিদিন ১-২ টেবিল চামচের বেশি নেওয়া ঠিক নয়। কারণ অতিরিক্ত ফাইবার হজমজনিত সমস্যা তৈরি করতে পারে।
- জিমে যাওয়ার আগে চিয়া সিডস খেলে শরীরে বাড়তি শক্তি পাওয়া যাবে। বাড়িতে ব্যায়াম করলে শুরুতে চিয়া সিডস খেয়ে নিলে ভাল হয়। তাতে এনার্জি যেমন বাড়ে ঠিক তেমনই শরীরচর্চা করার উদ্দীপনা বাড়ে। এতে সারাদিন চাঙ্গা থাকবে শরীর। তবে যাদের কিডনির সমস্যা রয়েছে বা রক্ত পাতলা করার ওষুধ খান তাদের চিয়া সিডস নিয়মিত খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
অনেকেই চিয়া সিডস শুকনো অবস্থায় খেয়ে থাকেন, কিন্তু এই অভ্যাস বিপজ্জনক হতে পারে। চিয়া সিডস জল শোষণ করে দ্রুত ফুলে ওঠে, তাই শুকনো অবস্থায় খেলে তা গলায় আটকে যাওয়ার ঝুঁকি থাকে। বিশেষ করে যাঁদের গিলতে সমস্যা হয়, তাঁদের আরও সতর্ক থাকা জরুরি। পাশাপাশি, চিয়া সিডস খাওয়ার সময় পর্যাপ্ত জল পান না করলে পেট ফাঁপা, গ্যাস বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাও দেখা দিতে পারে। তাই চিয়া সিডস খাওয়ার আগে ভালোভাবে জলে ভিজিয়ে নেওয়া এবং নিজের শরীরের সহনশীলতা অনুযায়ী পরিমাণ ঠিক রাখা জরুরি।
