সাদিকুল খান , কলকাতাঃ নেপালে ভয়াবহ জলপ্রলয়ের মধ্যেই ফের বড় বিপদের আশঙ্কা তৈরি হয়েছে। চিনে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে, রিখটার স্কেলে যার মাত্রা ৫.১। এরই মধ্যে তিব্বত-নেপাল সীমান্তে হড়পা বানের জেরে তৈরি হওয়া একটি কৃত্রিম হ্রদ ভাঙতে শুরু করেছে এবং সেখান থেকে জল নেমে আসছে। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই সতর্কতা জারি করে জানানো হয়েছে, আগামী আধ ঘণ্টার মধ্যেই হড়পা বান নেমে আসতে পারে। ফলে তিব্বত-নেপাল সীমান্তবর্তী এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।
চিনে ফের ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.১ বলে জানা গিয়েছে। এরই মধ্যে তিব্বত-নেপাল সীমান্তে একটি হ্রদ ভেঙে জল নেমে আসার খবর সামনে এসেছে। পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছে নেপাল প্রশাসন। হড়পা বান নেমে আসার সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে নেপাল পুলিশ। হ্রদ উপচে জল বাইরে বেরিয়ে আসায় ত্রিশূলি নদীতে দ্রুত জলস্তর বাড়ছে বলেও খবর। পরিস্থিতির গুরুত্ব বুঝে স্থানীয় বাসিন্দাদের দ্রুত নিরাপদ জায়গায় সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সময় বেঁধে এলাকা ছাড়ার সতর্কবার্তা পেয়ে বহু মানুষ যে যেটুকু পারছেন প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছেন।
একাধিক এলাকায় হড়পা বানের জল ঢুকে পড়ার খবর সামনে এসেছে। রসুয়া জেলাতেও জল পৌঁছে গিয়েছে বলে জানা যাচ্ছে। পরিস্থিতির অবনতি হওয়ায় নতুন করে হড়পা বান নেমে আসার আশঙ্কা তৈরি হয়েছে। এই কারণে নেপালের বিভিন্ন এলাকায় উদ্ধারকাজেও প্রভাব পড়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে সাময়িকভাবে উদ্ধারকাজ বন্ধ রাখা হয়েছে বলে খবর। উদ্ধারকারী দল ও স্থানীয় প্রশাসনের তরফে পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে ফের উদ্ধারকাজ শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এদিকে, নেপাল বিপর্যয়ে বাড়ছে মৃত্যু। মৃতের সংখ্যা বেড়ে পাঁচশ ছুঁইছুঁই। নিখোঁজ ২৮৯ জন ভারতীয়। এখনও খোঁজ মিলছে না কৈলাস-মানস সরোবরে যাওয়া পশ্চিমবঙ্গের ৩২ জনের। উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন বাড়ির মানুষজন।
