সাদিকুল খান, কলকাতাঃ মুখ্যমন্ত্রী নিজের প্রতিশ্রুতি রাখলেন। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে মঙ্গলবার পূর্ব বর্ধমান, হুগলি ও নদিয়ায় যান শুভেন্দু অধিকারী। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাঁদের সমবেদনা জানান তিনি। পাশাপাশি, পরিবারপিছু ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয় এবং পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। দুর্ঘটনার পর নিহতদের পরিবারের সঙ্গে দেখা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। মঙ্গলবার সেই প্রতিশ্রুতি পালন করতেই একের পর এক পরিবারের বাড়িতে যান মুখ্যমন্ত্রী।
বাড়ি বাড়ি গিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
প্রথমে পূর্ব বর্ধমানের বীরপুর ও মাধবডিহি এলাকার কাছে টগর বেজ ও তাঁর ১৪ বছরের ছেলে সন্দীপ বেজের পরিবারের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী। কলকাতায় ঠাকুর দেখতে এসে প্রাণ হারিয়েছিলেন মা ও ছেলে। তাঁদের পরিবারের সদস্য সঞ্জয় বেজের হাতে মোট ৫০ লক্ষ টাকার দুটি চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি, পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী। শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে গিয়ে তিনি বলেন, “আমি আপনাদের সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছি না। যাঁরা চলে গিয়েছেন, তাঁদের ফিরিয়ে আনার ক্ষমতা আমার নেই। আপনাদের যন্ত্রণা আমি অনুভব করতে পারছি।
এরপর হুগলির আরামবাগের বালিয়া গ্রামে পিয়ালি প্রামাণিকের পরিবারের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী। চোরবাগানের দুর্ঘটনায় পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল পিয়ালির। তাঁর পরিবারের হাতে ২৫ লক্ষ টাকার ক্ষতিপূরণের চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, নদিয়ার চাকদহে মৃত আরতি সরকারের পরিবারের সঙ্গেও দেখা করে আর্থিক সাহায্য দেন তিনি। এরপর হুগলির বৈদ্যবাটিতে শ্রীপর্ণা পোদ্দারের বাড়িতে পৌঁছে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান। তাঁদের পাশে থাকার পাশাপাশি প্রশাসনের তরফে সব রকম সাহায্যের আশ্বাস দেন। শ্রীপর্ণার বাড়িতে গিয়ে তিনি বলেন, “কর্তব্য পালন করতে এসেছি। ফিরিয়ে দিতে পারব না। কিন্তু পরের দায়িত্বটা তো পালন করতে হবে।” নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে বলেও জানান তিনি।
এদিকে চোরবাগানকাণ্ডে ঠিক কী কারণে এত বড় দুর্ঘটনা ঘটল, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। শনিবার সন্ধ্যায় মণ্ডপের সামনে প্রচণ্ড ভিড়ের মধ্যে হঠাৎ বৃষ্টি শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে জানা গিয়েছে। ভিড় সামলানোর ব্যবস্থা, মণ্ডপে ঢোকা ও বেরোনোর পথ এবং নিরাপত্তার ঘাটতি—এই বিষয়গুলি নিয়েও প্রশ্ন উঠছে। এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৯ হয়েছে। আহত হয়েছেন ২৫ জন। দুর্ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠনের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তদন্তের নিরপেক্ষতা বজায় রাখতে কলকাতা পুলিশ, কলকাতা পুরসভা ও দমকল বিভাগের প্রতিনিধিদের এই দলে রাখা হবে না। দুর্ঘটনার পিছনে কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হবে। ঘটনার পর সাতজনকে গ্রেফতার করা হয়েছে বলেও খবর সামনে এসেছে।
মঙ্গলবার পরিবারের সঙ্গে দেখা করার ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, “কয়েকটা ভুলের জন্য এতগুলো প্রাণ গেল। অত্যন্ত যন্ত্রণাদায়ক। ভাষা নেই।” একই সঙ্গে তিনি দাবি করেন, চোরবাগানকাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু ভুয়ো বয়ান ছড়ানো হচ্ছে। সেই বিষয়ে সতর্ক করে তিনি জানান, ঘটনার তদন্ত করবে সিট। তিনি আরও বলেন, তদন্ত শেষ হওয়ার আগে কোনও সিদ্ধান্তে পৌঁছনো ঠিক নয়।
