জানারুল খান, কলকাতাঃ আবারও বাড়ল সিগারেটের দাম (Cigarette Price Hike)। ফলে এবার ধূমপান করতে গেলে আগের তুলনায় আরও বেশি টাকা খরচ করতে হবে। ইন্ডিয়ান টোব্যাকো কোম্পানি (ITC) বেশ কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ডের সিগারেটের দাম বাড়াতেই সংস্থার শেয়ারে তার প্রভাব দেখা গেল। বুধবার শেয়ার বাজারে ITC Limited-এর শেয়ারের দাম প্রায় ৩ শতাংশ বেড়ে ২৬৫ টাকার কাছাকাছি পৌঁছয়। এই মূল্যবৃদ্ধির পর বেশ কয়েকটি ব্রোকারেজ সংস্থা ITC-এর শেয়ার কেনার পরামর্শ দিয়েছে এবং নতুন টার্গেট প্রাইসও নির্ধারণ করেছে।
ধূমপানের পেছনে খরচ না করে কিনতে পারেন এই শেয়ার
এনডিটিভি প্রফিটের রিপোর্ট অনুযায়ী, ক্লাসিক কানেক্ট এবং গোল্ড ফ্লেক সুপার স্টার—এই দুই ব্র্যান্ডের সিগারেটের সর্বোচ্চ খুচরো দাম বাড়ানো হয়েছে। ক্লাসিক কানেক্টের ২০টি সিগারেটের একটি প্যাকেটের দাম ৩৯০ টাকা থেকে বেড়ে ৪২৮ টাকা হয়েছে। অন্যদিকে, গোল্ড ফ্লেক সুপার স্টারের ১০টি সিগারেটের প্যাকেটের দাম ৭৯ টাকা থেকে বেড়ে ৮৯ টাকা হয়েছে। অর্থাৎ সিগারেট কিনতে এবার আগের তুলনায় আরও বেশি টাকা খরচ করতে হবে।
এর আগে ফেব্রুয়ারিতে সিগারেট-সহ অন্যান্য তামাকজাত পণ্যের উপর GST বাড়িয়ে ৪০ শতাংশ করা হয়েছিল। এরপর থেকেই তামাকজাত পণ্যের দাম বাড়তে দেখা যাচ্ছে। এরই মধ্যে সিগারেটের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে ইন্ডিয়ান টোব্যাকো কোম্পানি লিমিটেডের শেয়ারেও। বুধবার শেয়ারবাজার খোলার পর ITC-এর শেয়ারের দাম ২.৩৮ শতাংশ বেড়ে ২৬৪ টাকা ১৫ পয়সায় পৌঁছয়, যা দিনের শেষে প্রায় ২৬৫ টাকার কাছাকাছি ছিল।
বিশেষজ্ঞদের মতে, সিগারেটের দাম বৃদ্ধির প্রভাবেই ITC-এর শেয়ারে ইতিবাচক নড়াচড়া দেখা গিয়েছে। এরপর বেশ কয়েকটি ব্রোকারেজ সংস্থা এই শেয়ার নিয়ে তাদের মতামত জানিয়েছে। বাজার বিশেষজ্ঞ অনুজ গুপ্তের মতে, বর্তমানে সংস্থার আর্থিক পরিস্থিতি শক্তিশালী রয়েছে এবং এই ধারা বজায় থাকলে শেয়ারের দাম আরও প্রায় ১০ শতাংশ বাড়তে পারে। অন্যদিকে, আরেক বিশেষজ্ঞ মহেশ ওঝার মতে, ITC-এর শেয়ারের দাম আগামী দিনে ২৯০ টাকার কাছাকাছি পৌঁছতে পারে। তবে শেয়ারে বিনিয়োগের আগে বাজার পরিস্থিতি, ঝুঁকি এবং নিজের আর্থিক অবস্থার কথা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।
( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক দিক থেকে ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি দেখেই কোনও স্টকে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। বিনিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
