হনুমানকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, লালবাগে সিপিএম ও বজরং দলের কর্মীদের সংঘর্ষ

সাদিকুল খান, কলকাতাঃ হনুমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগকে কেন্দ্র করে রবিবার রাতে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের লালবাগ। নিমতলা মোড় এলাকায় এই ঘটনাকে ঘিরে সিপিআইএম ও একটি হিন্দু সংগঠনের কর্মী-সমর্থকদের মধ্যে প্রথমে বচসা শুরু হয়। পরে তা থেকেই সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ। ঘটনায় দু’পক্ষের একাধিক জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মুর্শিদাবাদ থানার পুলিশ।

- Advertisement -

অভিযোগ, সিপিআইএমের তরফে হনুমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছিল। এর প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ এবং বিশ্ব হিন্দু পরিষদের কর্মী-সমর্থকরা নিমতলা মোড় এলাকায় জড়ো হন। এরপরই দু’পক্ষের মধ্যে প্রথমে বচসা এবং পরে হাতাহাতি শুরু হয় বলে অভিযোগ। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ পুরসভা এলাকার সিপিআইএম কার্যালয়ের সামনে। সেখানেও সিপিআইএম ও বজরং দলের কর্মীদের মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠেছে। ঘটনায় দু’পক্ষের একাধিক জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। পরে বিজেপির কর্মী-সমর্থকরাও ঘটনাস্থলে পৌঁছন বলে খবর। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ভাঙচুরের অভিযোগও ওঠে। তবে ঠিক কী মন্তব্য করা হয়েছিল এবং তার জেরেই সংঘর্ষের সূত্রপাত হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় কারা জড়িত, তা নিয়েও তদন্ত শুরু হয়েছে। এলাকায় যাতে নতুন করে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেদিকে নজর রাখছে প্রশাসন।

প্রসঙ্গত, এদিনই SRFTI-তে অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠানে বাধা দেওয়া এবং ভারতমাতা ও স্বামী বিবেকানন্দের ছবি ছেঁড়া ও অপমানের অভিযোগ ওঠে বামপন্থী ছাত্র সংগঠনের বিরুদ্ধে। সেই ঘটনার প্রতিবাদে রবিবার বঙ্গীয় হিন্দু জাগরণ দক্ষিণবঙ্গ প্রান্তের কর্মী-সমর্থকদের তরফে প্রতিবাদ মিছিল বের করা হয়। অজয়নগর মোড় থেকে শুরু হওয়া মিছিলটি এসআরএফটিআই ক্যাম্পাসের দিকে এগোতেই গেটের বাইরে উত্তেজনা ছড়ায়। গত ২৭ তারিখের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ শাস্তির দাবিও জানানো হয় মিছিল থেকে। কর্মী-সমর্থকদের হাতে ভারতমাতার ছবি ও গেরুয়া পতাকা দেখা যায়। মিছিল এসআরএফটিআই ক্যাম্পাসের সামনে পৌঁছনোর পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং বিক্ষোভকারীদের একাংশকে গেট ধরে ঝাঁকাতে দেখা যায় বলে অভিযোগ। জানা গিয়েছে, এর আগে বামেদের তরফে গেটের কাছে থাকা গেরুয়া পতাকা খুলে ফেলার অভিযোগও উঠেছিল।

Sadikul Khan
Sadikul Khanhttps://jknews24.in/
আমি সাদিকুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। শিক্ষা ও রাজনীতির খবর নিয়ে চর্চা ও লেখালেখি করতে বিশেষ আগ্রহী। তবে এই দুই ক্ষেত্রের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়েও লেখার অভিজ্ঞতা রয়েছে। পাঠকের কাছে সহজ ও তথ্যভিত্তিকভাবে খবর তুলে ধরাই আমার অন্যতম লক্ষ্য। কাজের বাইরে অবসর সময়ে রহস্য ও রোমাঞ্চধর্মী গল্পের বই পড়তে ভালোবাসি। মেল- hdmoviekey@gmail.com
Breaking News