জামালপুরে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষ, মারধর ও ভাঙচুরের অভিযোগ, আটক ৫

নিজস্ব সংবাদদাতা, কৃষকসেতুঃ পূর্ব বর্ধমানের জামালপুরে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে ছড়াল উত্তেজনা। এলাকা দখলকে কেন্দ্র করে দুই পক্ষের কর্মীদের বিরুদ্ধে মারধর ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় দুই গোষ্ঠীরই একাধিক কর্মী আহত হয়েছেন। তাঁদের জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই পক্ষের মোট পাঁচজনকে আটক করেছে পুলিশ।

- Advertisement -

জামালপুরে বিজেপির দুই গোষ্ঠীর বিবাদ, নতুন করে উত্তেজনা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জামালপুর ১ নম্বর মণ্ডলের সভাপতি প্রধান চন্দ্র পাল এবং মণ্ডলের সহসভাপতি সুশান্ত মণ্ডলের অনুগামীদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে। এই বিবাদে মণ্ডলের মহিলা মোর্চার সভানেত্রী দেবিকা দেবনাথও এক পক্ষের সঙ্গে রয়েছেন বলে জানা গিয়েছে। বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে দুই গোষ্ঠীর মধ্যে একাধিকবার অশান্তির ঘটনা ঘটেছে বলে অভিযোগ।

বুধবার পারাতল গ্রামে এসআইআরের প্রতিবাদে যুব কংগ্রেসের একটি মিছিলকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, মিছিলের আগেই কংগ্রেস নেতা বুদ্ধদেব ঘোষকে মারধর করা হয়। জামালপুর পুলমাথার কাছে তাঁর একটি দোকান রয়েছে। বুধবার দুপুরে পারাতল গ্রামে বাড়ি ফেরার পথে প্রধান চন্দ্র পালের অনুগামীরা তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

- Advertisement -

পাল্টা বাইক মিছিল ঘিরে মারধর ও ভাঙচুরের অভিযোগ

এরপর যুব কংগ্রেসের মিছিলের পাল্টা হিসেবে বুধবার বিকেলে বাইক মিছিলের আয়োজন করেন প্রধান চন্দ্র পাল। অভিযোগ, পারাতল থেকে উত্তর মোহনপুর যাওয়ার পথে ওই বাইক মিছিল থেকে সুশান্ত মণ্ডল ও দেবিকা দেবনাথের বাড়িতে হামলা চালানো হয়। চলে মারধর ও ভাঙচুর। গ্রামের আরও কয়েকটি বাড়িতেও হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় সুশান্ত মণ্ডল ও দেবিকা দেবনাথ আহত হন। তাঁদের অভিযোগ, গোটা ঘটনার পিছনে রয়েছেন মণ্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল।

- Advertisement -

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রধান চন্দ্র পাল। তাঁর পাল্টা দাবি, বিজেপির বিরুদ্ধে যুব কংগ্রেসের প্রতিবাদ মিছিলে মদত দিচ্ছিলেন সুশান্ত মণ্ডল ও দেবিকা দেবনাথ। তার প্রতিবাদ করতেই তাঁদের অনুগামীরা বিজেপি কর্মীদের উপর হামলা চালায়। এই ঘটনায় তাঁদের পক্ষেরও বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন তিনি।

অন্যদিকে, কংগ্রেস নেতা বুদ্ধদেব ঘোষের দোকানেও হামলার অভিযোগ উঠেছে প্রধান চন্দ্র পালের অনুগামীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে। তৃণমূল নেতা দেবু টুডুর অভিযোগ, শাসকদলের দুই গোষ্ঠীর এই সংঘর্ষে সাধারণ মানুষ ভীত ও আতঙ্কিত হয়ে পড়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার পর দুই পক্ষের মোট পাঁচজনকে আটক করা হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

জেকে নিউজ ২৪
জেকে নিউজ ২৪https://jknews24.in/
JKNews24-এর অভিজ্ঞ সংবাদকর্মী ও সম্পাদকীয় টিমের পক্ষ থেকে প্রকাশিত সর্বশেষ বাংলা খবর, রাজ্য, দেশ, বিশ্ব, চাকরি, শিক্ষা ও প্রযুক্তির নির্ভরযোগ্য আপডেট।
Breaking News