সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) স্পষ্ট জানিয়ে দিলেন, রাজ্যে চালু থাকা কোনও সামাজিক প্রকল্পই বন্ধ করা হবে না। বিশেষ করে স্বাস্থ্য সাথী প্রকল্প নিয়ে প্রশ্ন উঠতেই তিনি জানান, সাধারণ মানুষের স্বার্থে এই ধরনের প্রকল্প আগের মতোই চালু থাকবে। তবে একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, কিছু নির্দিষ্ট ব্যক্তি আর এই সুবিধা পাবেন না। নন্দীগ্রাম ও ভবানীপুর—দুই কেন্দ্র থেকেই জয়ী শুভেন্দু অধিকারীর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী যা জানালেন
মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী Suvendu Adhikari স্পষ্ট জানিয়ে দিলেন, বাংলায় চালু থাকা কোনও সামাজিক প্রকল্পই বন্ধ করা হবে না। এদিন তিনি বলেন, ৩০ বছর আগে শুরু হওয়া হোক বা গত ১০ বছরে চালু হওয়া—সব প্রকল্পই আগের মতো চালু থাকবে। পাশাপাশি তিনি জানান, সমস্ত পোর্টাল আপডেট করা হবে এবং নরেন্দ্র মোদি সরকারের Direct Benefit Transfer বা DBT ব্যবস্থার মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে সাধারণ মানুষের কাছে সুবিধা পৌঁছে দেওয়া হবে। স্বাস্থ্য সাথী প্রকল্প নিয়ে প্রশ্ন উঠতেই শুভেন্দু অধিকারী জানান, প্রকল্পটি বন্ধ হচ্ছে না ঠিকই, তবে মৃত ব্যক্তিদের নামে আর কোনও সুবিধা মিলবে না। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, যাঁরা ভারতীয় নাগরিক নন, তাঁরাও এই প্রকল্পের আওতায় সুবিধা পাবেন না।
উল্লেখ্য, 25 বৈশাখ, রবীন্দ্রজয়ন্তীর দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। এদিন মাননীয় মুখ্যমন্ত্রীর পাশাপাশি শপথ নিয়েছিলেন আরও 5 মন্ত্রী। সোমবার ক্যাবিনেট বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে শুভেন্দু অধিকারীর সাথে দেখা গেল তাঁদেরও।
