তুলোর লেপ নাকি ফাইবারের? শীতের জন্য কোনটি কেনা বেশি ভালো?

কুসুম দাস, কলকাতাঃ শীতের মরশুম শুরু হওয়ার আগেই লেপ-কম্বল কেনার প্রস্তুতি নিতে শুরু করেন অনেকেই। কেউ প্রতি বছর পুরনো লেপ ব্যবহার করেন, আবার কেউ শীতের আগে নতুন লেপ কেনার পরিকল্পনা করেন। বর্তমানে বাজারে তুলোর লেপের পাশাপাশি ফাইবারের লেপও বেশ পাওয়া যায়। কিন্তু এই দুই ধরনের লেপের মধ্যে কোনটি কেনা বেশি ভালো, তা নিয়ে অনেকেই দ্বিধায় থাকেন। আসলে শুধু দাম নয়, লেপের উষ্ণতা, ওজন, আরাম এবং রক্ষণাবেক্ষণের সুবিধার মতো বিষয়গুলিও কেনার সময় বিবেচনা করা প্রয়োজন। তুলোর লেপ ও ফাইবারের লেপের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। তাই নিজের প্রয়োজন, পছন্দ এবং বাজেট বুঝে কোন ধরনের লেপ কেনা উপযুক্ত, তা ঠিক করাই সবচেয়ে জরুরি।

- Advertisement -

তুলোর লেপ কেনার সুবিধা এবং অসুবিধা

ভারতীয়দের অনেক বাড়িতেই এখনও লাল কাপড়ে মোড়া তুলোর লেপের দেখা মেলে। কনকনে শীতে আসল তুলো দিয়ে তৈরি এই লেপ গায়ে জড়িয়ে ঘুমানোর আরামই আলাদা। বেশ উষ্ণ ও আরামদায়ক হওয়ার পাশাপাশি যত্ন করে ব্যবহার করলে এই ধরনের লেপ দীর্ঘদিন টিকেও যায়। তবে তুলোর লেপের কিছু অসুবিধাও রয়েছে। এর ওজন বেশ বেশি হওয়ায় ব্যবহার করা থেকে শুরু করে সংরক্ষণ করা পর্যন্ত কিছুটা ঝামেলা পোহাতে হয়। দীর্ঘদিন ব্যবহার না করলে তুলোর মধ্যে স্যাঁতসেঁতে ভাব কিংবা দুর্গন্ধ তৈরি হতে পারে। তাই নিয়মিত রোদে দেওয়া জরুরি। অন্যদিকে, লেপ নোংরা হয়ে গেলে পরিষ্কার করাও বেশ কঠিন।

ফাইবারের লেপ কেনার সুবিধা এবং অসুবিধা 

ফাইবারের লেপ সাধারণত সিন্থেটিক পলিয়েস্টার দিয়ে তৈরি হয়। ফলে তুলোর লেপের তুলনায় এগুলি অনেকটাই হালকা। তাই ব্যবহার করা থেকে শুরু করে ভাঁজ করে সংরক্ষণ করা পর্যন্ত বেশ সুবিধা পাওয়া যায়। কিছু ফাইবারের লেপ আবার ওয়াশিং মেশিনেও পরিষ্কার করা যায়। তবে সব ধরনের ফাইবারের লেপ মেশিনে ধোয়া যায় না। তাই কেনার আগে লেবেলে দেওয়া পরিষ্কারের নির্দেশিকা দেখে নেওয়া জরুরি। বর্তমানে বাজারে বিভিন্ন সাইজ, রং ও ডিজাইনের ফাইবারের লেপ পাওয়া যায়। তবে লেপের দাম অনুযায়ী তার কাপড়, ভিতরের ফাইবারের মান এবং সামগ্রিক গুণমানে পার্থক্য থাকতে পারে।

- Advertisement -

সবশেষে, শীতকালে দুই ধরনের লেপই ব্যবহার করা যেতে পারে। তবে কোন জায়গার কেমন ঠান্ডা পড়ছে তার ওপর নির্ভর করে কার কেমন ধরনের লেপ প্রয়োজন তা নির্ণয় করা যেতে পারে। কোথাও যদি বেশি ঠান্ডা পড়ে তাহলে সেক্ষেত্রে তুলোর লেপ বেশি উপযুক্ত হবে। আর যেখানে খুব একটা ঠান্ডা পড়ে না সেক্ষেত্রে ফাইবারের লেপ ব্যবহার করা যেতে পারে। এছাড়া লেপের ওজনের কথা মাথায় রেখেও কার জন্য কোনটি সঠিক হবে তা নির্বাচন করা যেতে পারে।

Kusum Das
Kusum Dashttps://jknews24.in/
আমি কুসুম দাস, একজন Lifestyle Content Writer। দৈনন্দিন জীবনযাপন, স্বাস্থ্য ও সুস্থতা, ফ্যাশন, বিউটি টিপস এবং আধুনিক লাইফস্টাইল নিয়ে নিয়মিত লেখালেখি করি। সহজ, সাবলীল ও বাস্তবধর্মী ভাষায় এমন কনটেন্ট তৈরি করাই আমার মূল লক্ষ্য, যা পাঠকের দৈনন্দিন জীবনে সত্যিই কাজে আসে এবং নতুন কিছু জানতে ও ভালোভাবে জীবনযাপন করতে সাহায্য করে। মেল - aritsumdas@gmail.com
Breaking News