দাদাগিরি-তে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর দেব! কার পারিশ্রমিক কত, জানুন বিস্তারিত

-

বাংলা টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’ বলতেই সবার আগে মনে পড়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথা। দীর্ঘদিন ধরে তাঁর সঞ্চালনাই এই অনুষ্ঠানকে দর্শকদের কাছে আলাদা জনপ্রিয়তা এনে দিয়েছে। তবে এবার সেই পরিচিত ছবিতে বদল আসতে চলেছে। ২০২৪ সালের মে মাসে সম্প্রচারিত হয়েছিল ‘দাদাগিরি’ সিজন ১০-এর গ্র্যান্ড ফিনালে। তারপর থেকেই দীর্ঘ বিরতিতে রয়েছে অনুষ্ঠানটি। দীর্ঘ অপেক্ষার পর আবারও টেলিভিশনের পর্দায় ফিরতে চলেছে জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’। তবে নতুন সিজনে থাকছে বড় চমক। বহু বছর ধরে অনুষ্ঠানের মুখ হয়ে থাকা সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবর্তে এবার সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে টলিউড সুপারস্টার দেব-কে।

নতুন সিজন ঘিরে এক সময় জোর গুঞ্জন ছিল, ‘দাদাগিরি’-র সঞ্চালকের আসনে হয়তো দেখা যেতে পারে লিয়েন্ডার পেজকে। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো এই জনপ্রিয় রিয়েলিটি শোয়ের সঞ্চালনার দায়িত্ব নিচ্ছেন টলিউড সুপারস্টার দেব। প্রায় দুই বছর পর আগামী ৫ জুলাই নতুন রূপে ফিরছে ‘দাদাগিরি’। ইতিমধ্যেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবর্তে দেবের আগমন এবং তাঁর পারিশ্রমিক নিয়ে দর্শকদের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকের মনেই প্রশ্ন, সৌরভের মতোই কি মোটা অঙ্কের পারিশ্রমিক পাচ্ছেন দেব?

- Advertisement -

সূত্রের দাবি, ‘দাদাগিরি’-র দীর্ঘদিনের সঞ্চালক হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ব্র্যান্ড ভ্যালু এবং জনপ্রিয়তার কারণে তিনি অনুষ্ঠানের জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক পেতেন। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‘দাদাগিরি সিজন ১০’-এর শেষদিকে সপ্তাহে দুটি পর্বের জন্য তিনি প্রায় ১ কোটি টাকা পারিশ্রমিক নিতেন বলে শোনা যায়। তবে এই তথ্যের কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ নেই। আরও জানা যায়, সিজন ১০ শেষ হওয়ার পর পারিশ্রমিক বৃদ্ধি নিয়ে চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে মতপার্থক্য তৈরি হয়। সেই কারণেই তিনি অনুষ্ঠান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বলেই জল্পনা চলছে, যদিও এ বিষয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বা সংশ্লিষ্ট চ্যানেলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সৌরভের জায়গায় দেব কত পারিশ্রামিক নিচ্ছেন?

দেবের পারিশ্রমিক নিয়েও ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। বিভিন্ন সূত্রের দাবি, ‘দাদাগিরি’-র নতুন সিজনে সঞ্চালক হিসেবে প্রতি পর্বের জন্য তিনি প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকা পারিশ্রমিক নিতে পারেন। যদিও এই বিষয়ে চ্যানেল বা দেবের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথিত পারিশ্রমিকের তুলনায় এই অঙ্ক কম হলেও, বাংলা টেলিভিশনের রিয়েলিটি শো সঞ্চালকদের মধ্যে এটি অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক বলেই মনে করা হচ্ছে।

- Advertisement -

চ্যানেলের পক্ষ থেকে ইতিমধ্যেই ‘দাদাগিরি’-র নতুন সিজনের প্রোমো প্রকাশ করা হয়েছে। যদিও প্রথমদিকে সম্প্রচারের দিন-তারিখ জানানো হয়নি। পরে ‘সারেগামাপা’-র গ্র্যান্ড ফিনালের মঞ্চে অভিনেতা আবির চট্টোপাধ্যায় জানান, আগামী সপ্তাহ থেকেই শুরু হতে চলেছে ‘দাদাগিরি’-র নতুন সিজন। এবারের ট্যাগলাইন রাখা হয়েছে, ‘দাদাগিরি না করেও দাদাগিরি করা যায়’। দীর্ঘ অপেক্ষার পর দর্শকদের সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে। ‘সারেগামাপা’ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই একই স্লটে সম্প্রচারিত হবে দেব সঞ্চালিত ‘দাদাগিরি’, যা নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।

- Advertisement -

এদিকে, চলতি বছরের এপ্রিল মাসে ইডেন গার্ডেন্সে ‘বিগ বস বাংলা’-র লোগো লঞ্চ করা হয়, যেখানে সঞ্চালক হিসেবে ঘোষণা করা হয় সৌরভের নাম। সূত্রের খবর, শুধু ‘বিগ বস’ নয়, এছাড়াও আরেকটি কুইজ শো মিলিয়ে ৪ বছর স্টার জলসার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন মহারাজ। সৌরভের জায়গা কতটা নিতে পারবে দেব, এখন সেটাই দেখার৷

🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন

ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের WhatsAppTelegram চ্যানেলে এখনই যুক্ত হন।

Breaking News