কুসুম দাস, কলকাতাঃ আজ দ্বিতীয়া, ইতিমধ্যেই বিভিন্ন পুজো মণ্ডপে শুরু হয়ে গিয়েছে ঠাকুর উদ্বোধন। অনেকেই আবার ঠাকুর দর্শনে বেরিয়ে পড়েছেন। পুজোর আনন্দে ব্যস্ত থাকতে গিয়ে অনেকেই ত্বকের যত্ন নিতে ভুলে যাচ্ছেন, যার ফলে চোখের তলায় ডার্ক সার্কেলের সমস্যা আরও স্পষ্ট হয়ে উঠছে। দামি প্রোডাক্ট ব্যবহার করেও অনেক সময় এই সমস্যা পুরোপুরি কমে না। তাই আজকের প্রতিবেদনে রইল চোখের তলার কালচে ভাব কমাতে সাহায্য করতে পারে এমন কয়েকটি সহজ ঘরোয়া উপায়।
চোখের তলায় কালো দাগ দূর করার উপায়
১) আলুর রসঃ চোখের তলার কালচে ভাব কমাতে ব্যবহার করতে পারেন আলুর রস। এর জন্য একটি আলু ভালো করে গ্রেট করে রস বের করে নিন। এরপর তুলোর সাহায্যে চোখের তলায় লাগিয়ে কয়েক মিনিট রেখে ধুয়ে ফেলুন।
২) গ্রিন টিঃ চোখের তলার কালচে ভাব কমাতে ব্যবহার করতে পারেন গ্রিন টি ব্যাগ। এর মধ্যে থাকা ক্যাফেইন এবং ঠান্ডা টি ব্যাগের সেঁক চোখের চারপাশের ফোলাভাব কমাতে সাহায্য করতে পারে। এর জন্য ব্যবহার করা গ্রিন টি ব্যাগ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। এরপর চোখ বন্ধ করে তার ওপর ১০-১৫ মিনিট রাখুন। দেখবেন ধীরে ধীরে অনেকটা দাগ উঠে যাচ্ছে।
৩) অ্যালোভেরা জেলঃ চোখের নিচের ডার্ক সার্কেল কমাতে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। এর জন্য অ্যালোভেরা জেলের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুলের তেল ভালো করে মিশিয়ে নিন। প্রতিবার অল্প পরিমাণে মিশ্রণ তৈরি করে রাতে ঘুমানোর আগে চোখের নিচের ত্বকে আলতো করে লাগান। তবে চোখের খুব কাছে লাগাবেন না এবং জ্বালা বা অস্বস্তি হলে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলুন।
৪) ঠান্ডা শসার টুকরোঃ চোখের নিচের ফোলাভাব ও ক্লান্তির ছাপ কমাতে ঠান্ডা শসা বেশ উপকারী হতে পারে। এর জন্য একটি শসা গোল গোল করে কেটে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিন। এরপর ঠান্ডা শসার টুকরো চোখের ওপর ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন। তারপর পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে নিন।
চোখের নিচের কালচে দাগ কমাতে জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনা জরুরি। প্রতিদিন পর্যাপ্ত জল পান করা, নিয়ম মেনে ঘুমানো, মানসিক চাপ কমানো, পুষ্টিকর খাবার খাওয়া এবং মোবাইল বা কম্পিউটারের স্ক্রিনের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকা এড়িয়ে চলুন। এই অভ্যাসগুলি চোখের নিচের ত্বক সুস্থ রাখতে সাহায্য করতে পারে।
