সাদিকুল খান, কলকাতাঃ দিল্লি ও এনসিআর এলাকায় রাত ১০টা ২২ মিনিট নাগাদ ভূকম্পন অনুভূত হয়েছে। হঠাৎ কম্পন অনুভূত হওয়ায় আতঙ্ক ছড়ায় রাজধানী ও সংলগ্ন এলাকায়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) জানিয়েছে, এই ভূমিকম্পের উৎসস্থল ছিল উত্তরাখণ্ডের চামোলি এলাকায়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৩ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৯। দিল্লি-এনসিআর-সহ আশপাশের এলাকায় এই কম্পন অনুভূত হয়েছে।
ভূমিকম্পে কাঁপল দিল্লি
দিল্লি ছাড়াও হিমাচল প্রদেশ, পঞ্জাব ও হরিয়ানার বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছে। রাতের শুরুতেই হঠাৎ মাটি কেঁপে ওঠায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। দিল্লির পাশাপাশি নয়ডা, গুরুগ্রাম-সহ উত্তর ভারতের একাধিক এলাকায় কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, অল্প সময়ের জন্য হলেও তাঁরা স্পষ্টভাবে কম্পন অনুভব করেছেন। প্রথম দিকে ভূমিকম্পটির মাত্রা ৪.৪ বলে জানানো হলেও, ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির সর্বশেষ তথ্যে তা ৪.৯ বলে উল্লেখ করা হয়েছে। এখনও পর্যন্ত এই ভূমিকম্পে কোনও প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, এর আগে ৬ অক্টোবর মঙ্গলবার সকালে আফগানিস্তানেও ভূমিকম্প অনুভূত হয়। সেই কম্পন শ্রীনগর, জম্মু ও কাশ্মীর এবং সংলগ্ন এলাকাতেও অনুভূত হয়েছিল। NCS-এর তথ্য অনুযায়ী, ওই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.২।
