সাদিকুল খান, কলকাতাঃ দিল্লির একটি পার্কে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় ধৃত আসিফকেই মূল অভিযুক্ত হিসেবে সন্দেহ করছে পুলিশ। ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, আসিফ আগে পুলিশেরই চর হিসেবে কাজ করতেন। সেই কারণে পুলিশের সঙ্গে তাঁর আগে থেকেই পরিচয় ছিল। আর এই পরিচিতির সূত্র ধরেই তদন্তকারীরা দ্রুত তাঁর কাছে পৌঁছতে পেরেছেন বলে জানা যাচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, দক্ষিণ-পূর্ব দিল্লির ওই পার্কে নিয়মিত যাতায়াত ছিল সব্জির পাইকারি ব্যবসায়ী আসিফের। অভিযোগ, নির্জন জায়গায় সুযোগ বুঝে ‘শিকার’ বেছে নেওয়ার জন্য তিনি সেখানে ঘোরাফেরা করতেন। এর আগেও পার্কে মহিলাদের উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে একবার তাঁকে আটকও করা হয়। তবে নির্দিষ্ট কোনও অভিযোগ দায়ের না হওয়ায় পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে।
আসিফের মোবাইলে মিলল একাধিক পর্নোগ্রাফিক ভিডিয়ো
তদন্তকারীদের দাবি, ধৃত আসিফের মোবাইল ফোন থেকে বেশ কিছু পর্নোগ্রাফিক ভিডিয়ো উদ্ধার হয়েছে। তাঁর কাছ থেকে একটি পিস্তল, ছুরি এবং কন্ডোমের প্যাকেটও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা যাচ্ছে। এর আগে মহিলাদের উত্ত্যক্ত করার অভিযোগ এবং তদন্তে উঠে আসা বিভিন্ন তথ্যের ভিত্তিতে পুলিশের সন্দেহ, পরিকল্পনা করেই আসিফ ও তাঁর সঙ্গীরা পুলিশ পরিচয় দিয়ে কিশোরীর কাছে গিয়েছিলেন। নিজেদের পুলিশ বলে পরিচয় দেওয়ার সময় তাঁরা ‘জিজ্ঞাসাবাদ’-এর মতো শব্দও ব্যবহার করেছিলেন বলে তদন্তে উঠে এসেছে।
মহিলাদের উত্ত্যক্ত করা বা ভয় দেখানোর সময় আসিফ পুলিশের সঙ্গে তাঁর আগের পরিচয় বা ঘনিষ্ঠতার কোনও সুবিধা নিয়েছিলেন কি না, সেটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে পুলিশের দাবি, অতীতে পুলিশের সঙ্গে তাঁর যোগাযোগ থাকলেও এই ঘটনায় কোনও রকম বাড়তি সুবিধা দেওয়া হবে না। তদন্তে তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
আসিফ ও অন্য দুই অভিযুক্ত ছোটবেলার বন্ধু
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আসিফ এবং ঘটনায় ধৃত অন্য দুই অভিযুক্ত হেমন্ত ও মহেশ ছোটবেলার বন্ধু। হেমন্ত আইন নিয়ে পড়াশোনা করেছেন, আর তাঁর ভাই মহেশ গণিতে স্নাতক। পুলিশ সূত্রের দাবি, গত সোমবার সন্ধ্যায় ১৭ বছর বয়সি ওই কিশোরীর উপর যৌন নির্যাতনের ঘটনার পর নিজেদের মোবাইল ফোনের সার্চ হিস্ট্রি মুছে ফেলেছিলেন হেমন্ত ও মহেশ। আসিফের পাশাপাশি তাঁদের দু’জনের মোবাইল ফোনও ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ।
গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ দিল্লির কালকাজি মন্দিরের কাছে আস্থা কুঞ্জ পার্কে ঘটনাটি ঘটে বলে অভিযোগ। ওই দিন সন্ধ্যায় ১৭ বছর বয়সি কিশোরী তার এক বন্ধুর সঙ্গে কালকাজি মন্দিরে পুজো দিতে গিয়েছিল। তার বন্ধুটিও নাবালক। সন্ধ্যা ৭টা নাগাদ মন্দিরে পুজো দেওয়ার পর দু’জনে আস্থা কুঞ্জ পার্কে গিয়ে বসে। অভিযোগ, সেই সময় পুলিশের পরিচয় দিয়ে তিন যুবক তাঁদের কাছে আসে এবং কেন তাঁরা পার্কে এসেছেন, তা নিয়ে প্রশ্ন করতে শুরু করে। এমনকি আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। আগ্নেয়াস্ত্র দেখিয়ে দু’জনকে ভয় দেখানোর পর ওই তিন যুবক কিশোরীকে পার্কের মধ্যেই গণধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে।
