জ্ঞানেশকে পদ্মভূষণ দেওয়ার দাবি, শমীককে পাল্টা নিশানা কংগ্রেসের

সাদিকুল খান, কলকাতাঃ এসআইআর বিতর্ককে কেন্দ্র করে দেশজুড়ে প্রতিবাদ ও রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদ্মভূষণ দেওয়ার দাবি ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বঙ্গ বিজেপির সভাপতি শমী ভট্টাচার্য জ্ঞানেশ কুমারের প্রশংসা করে বাংলায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য তাঁকে পদ্মভূষণ দেওয়ার কথা বলেছিলেন। তাঁর এই মন্তব্যের পরই পাল্টা আক্রমণ করেন কংগ্রেস নেতা পবন খেরা। শনিবার শমীর বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে কটাক্ষের সুরে খেরা বলেন, ‘‘পদ্মভূষণ খুব ছোট ব্যাপার। তাঁকেই প্রধানমন্ত্রী করে দিন। যিনি অন্যদের প্রধানমন্ত্রী বানাতে পারেন, তাঁকেই প্রধানমন্ত্রী করা উচিত।’’

- Advertisement -

জ্ঞানেশ কুমারের প্রশংসায় কী বলেছিলেন শমীক ভট্টাচার্য?

এর আগে উত্তর ২৪ পরগনার পানিহাটিতে সাংবাদিকদের মুখোমুখি হয়েও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের প্রশংসা করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর দাবি, চলতি বছরের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন পরিচালনায় জ্ঞানেশ কুমারের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। এমনকী, তাঁর মতে জ্ঞানেশ কুমার অন্তত পদ্মভূষণ পাওয়ার যোগ্য। শমীকের বক্তব্য, এবারের নির্বাচনে ভয় দেখানো বা হিংসার ঘটনা ছাড়াই মানুষ ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। দীর্ঘদিন পর রাজ্যে এমন শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হয়েছে বলেও দাবি করেন তিনি।

ভোটার তালিকা সংশোধন নিয়েও শমীকের বড় দাবি

ভোটার তালিকা সংশোধনের প্রসঙ্গও তোলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর দাবি, সীমান্তবর্তী রাজ্য পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে ‘অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী’-দের নাম বাদ দেওয়ার ক্ষেত্রে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। বিশেষ নিবিড় সংশোধন বা SIR-এর মাধ্যমে ভোটার তালিকাকে আরও সঠিক করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

- Advertisement -

শমীকের এই বক্তব্য সামনে এসেছে এমন এক সময়ে, যখন নির্বাচন কমিশনের SIR প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি নিয়ে বিরোধীদের প্রশ্ন অব্যাহত রয়েছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, দুই নির্বাচন কমিশনার SIR-সংক্রান্ত কয়েকটি সিদ্ধান্ত তাঁদের সম্মতি ছাড়াই নেওয়া হয়েছিল বলে আপত্তি জানিয়েছিলেন। এই বিষয়টি সামনে আসার পরই জ্ঞানেশ কুমারকে ঘিরে বিরোধী দলগুলির সমালোচনা আরও জোরালো হয়েছে।

- Advertisement -

রাহুল গান্ধীর মন্তব্যের পাল্টা সমালোচনা শমীকের

অন্যদিকে, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মন্তব্য নিয়েও সমালোচনা করেছেন শমীক ভট্টাচার্য। তাঁর দাবি, কংগ্রেসের অন্দরেই রাহুল গান্ধীর বক্তব্যকে গুরুত্ব দেওয়া হয় না। যদিও কংগ্রেসের পক্ষ থেকে জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে প্রতিবাদ কর্মসূচি চালানো হচ্ছে। ফলে SIR-কে কেন্দ্র করে নির্বাচন কমিশনের ভূমিকা এবং জ্ঞানেশ কুমারের অবস্থান নিয়ে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়েছে।

Sadikul Khan
Sadikul Khanhttps://jknews24.in/
আমি সাদিকুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। শিক্ষা ও রাজনীতির খবর নিয়ে চর্চা ও লেখালেখি করতে বিশেষ আগ্রহী। তবে এই দুই ক্ষেত্রের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়েও লেখার অভিজ্ঞতা রয়েছে। পাঠকের কাছে সহজ ও তথ্যভিত্তিকভাবে খবর তুলে ধরাই আমার অন্যতম লক্ষ্য। কাজের বাইরে অবসর সময়ে রহস্য ও রোমাঞ্চধর্মী গল্পের বই পড়তে ভালোবাসি। মেল- hdmoviekey@gmail.com
Breaking News