বিকেলের আড্ডা হোক কিংবা অলস সকালের শুরু—এক কাপ গরম ধোঁয়া ওঠা চা ছাড়া অনেকেরই দিন যেন সম্পূর্ণ হয় না। তবে বাড়ির তৈরি সাধারণ দুধ চা আর রাস্তার ধাবার ঘন, কড়া ও সুগন্ধি চায়ের স্বাদের মধ্যে পার্থক্য বেশ স্পষ্ট। ধাবার মতো চায়ের স্বাদ পেতে অনেকেই চেষ্টা করলেও সেই আসল স্বাদ বাড়িতে তৈরি করা কঠিন হয়ে ওঠে। আসলে এর পিছনে রয়েছে চা-পাতার সঠিক পরিমাণ, দুধ ও জলের অনুপাত এবং চা তৈরির বিশেষ কৌশল। কয়েকটি সহজ নিয়ম মেনে চললেই বাড়ির সাধারণ দুধ চা হয়ে উঠতে পারে একেবারে ধাবার মতো কড়া, সুস্বাদু ভরপুর। জেনে নিন কীভাবে সঠিক পদ্ধতিতে চা বানালে আপনার হাতের তৈরি চাও হার মানাবে নামী ধাবার চাকে।
বেশিরভাগ বাড়িতেই ধাবার মতো কড়া চা না হওয়ার প্রধান কারণ হল জল, দুধ ও চা-পাতার সঠিক অনুপাত না রাখা। ধাবার স্টাইলের ঘন ও রঙিন চা তৈরি করতে সাধারণ চায়ের তুলনায় একটু বেশি পরিমাণে দানাদার CTC চা-পাতা ব্যবহার করতে হয়।
১ কাপ চায়ের জন্য: দুধ ও জলের মিশ্রণ ১ কাপ হলে ব্যবহার করুন প্রায় ১ থেকে ১.৫ চা চামচ CTC চা-পাতা।
২ কাপ চায়ের জন্য: ধাবার মতো স্বাদ পেতে লাগবে ২.৫ থেকে ৩ চা চামচ চা-পাতা।
প্রথমে একটি সসপ্যানে ১/৪ কাপ জল নিয়ে তাতে একটি থেঁতো করা এলাচ ও এক টুকরো আদা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিন। এতে মশলার গন্ধ ও স্বাদ ভালোভাবে জলের সঙ্গে মিশে যাবে। জল ফুটতে শুরু করলে নির্দিষ্ট পরিমাণে চা-পাতা (প্রায় ১.৫ চা চামচ) দিয়ে মাঝারি আঁচে অন্তত ২ মিনিট ফুটতে দিন। এরপর এতে ৩/৪ কাপ ফুল ক্রিম দুধ ও পরিমাণমতো চিনি মিশিয়ে দিন।
এবার মাঝারি থেকে একটু বেশি আঁচে চা ফুটতে দিন। চা যখন ফেনা তুলে উপরে উঠে আসবে, তখন হাতা বা চামচ দিয়ে কিছুটা চা তুলে আবার সসপ্যানে ঢালুন। ধাবায় এই পদ্ধতিকেই ‘চা টস করা’ বা ‘কাড়া’ বলা হয়। এতে চায়ের মধ্যে বাতাস মিশে যায় এবং চা হয়ে ওঠে আরও ঘন ও মসৃণ। সবশেষে কম আঁচে আরও ৩ থেকে ৪ মিনিট ফুটিয়ে নিন। চায়ের রং যখন গাঢ় বাদামি বা সোনালি হয়ে আসবে, তখন বুঝবেন আপনার ধাবা স্টাইলের কড়া দুধ চা একেবারে তৈরি।
