কুসুম দাস, কলকাতাঃ সামনেই ধনতেরাস। এই বিশেষ দিনে নতুন সোনার গয়না কেনার জন্য দোকানে দোকানে ভিড় জমাবেন অনেকেই। আবার অনেকে লকার থেকে বের করবেন পুরনো সোনার গয়নাও। কারণ সোনার গয়না শুধু সাজের অলঙ্কার নয়, বরং পরিবারের সঞ্চয়েরও একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে দীর্ঘদিন ব্যবহার না করলে বা তুলে রাখলে অনেক সময় গয়নায় ঘামের দাগ, ময়লা কিংবা কালচে ছোপ পড়ে যায়। ফলে হারিয়ে যায় সোনার আসল জেল্লা। তবে চিন্তার কিছু নেই, কয়েকটি সহজ ঘরোয়া উপায় মেনে চললেই পুরনো সোনার গয়না আবার ঝকঝকে করে তুলতে পারবেন। রইল সোনা পরিষ্কার করার কয়েকটি সহজ টিপস।
পুরনো সোনার গয়নার জেল্লা হারিয়েছে
১) বেকিং সোডা ও লেবুঃ বেকিং সোডা ঘরোয়া পরিষ্কারের কাজে বেশ জনপ্রিয়। তবে সোনার গয়না পরিষ্কারের ক্ষেত্রে এটি ব্যবহার করার আগে সতর্ক থাকা জরুরি। অনেকেই বেকিং সোডার সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করেন। এরপর সেই পেস্ট তুলো দিয়ে গয়নার উপর লাগিয়ে কিছুক্ষণ পর পরিষ্কার করার চেষ্টা করেন। তবে এই পদ্ধতিতে সোনার গয়নার উপর আঁচড় পড়তে পারে কিংবা তার পালিশ নষ্ট হতে পারে। বিশেষ করে পাথর বসানো বা নকশাযুক্ত গয়নায় এমন মিশ্রণ ব্যবহার না করাই ভালো।
২) টুথপেস্টঃ পুরোনো সোনার গয়না পরিষ্কার করতে টুথপেস্টের গুঁড়ো ব্যবহার করতে পারেন। প্রথমে গয়নাগুলি শুকনো ও পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন। এরপর একটি নরম ব্রাশে সামান্য টুথপেস্টের গুঁড়ো নিয়ে গয়নার গায়ে আলতোভাবে ঘষুন। এতে জমে থাকা ধুলোময়লা দূর হতে পারে। সবশেষে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নরম তোয়ালে দিয়ে ভালোভাবে মুছে শুকিয়ে নিন। তবে সোনার গয়নায় পাথর বা বিশেষ ধরনের পালিশ থাকলে এই পদ্ধতি এড়িয়ে চলুন।
৩) লিক্যুইড ডিটারজেন্টঃ সোনার গয়না পরিষ্কার করতে লিকুইড ডিটারজেন্টও ব্যবহার করতে পারেন। প্রথমে একটি পাত্রে অল্প গরম জল নিয়ে তাতে মৃদু ও কম ক্ষারযুক্ত সাবান এবং সামান্য লিকুইড ডিটারজেন্ট মিশিয়ে নিন। এবার সেই মিশ্রণে সোনার গয়নাগুলি ১৫-২০ মিনিট ডুবিয়ে রাখুন। এরপর পরিষ্কার ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নরম ও শুকনো কাপড় দিয়ে মুছে নিন। এতে গয়নার গায়ে জমে থাকা ধুলোময়লা অনেকটাই দূর হবে।
৪) অ্যামোনিয়াযুক্ত ক্লিনারঃ সোনার গয়না পরিষ্কার করতে অ্যামোনিয়াযুক্ত ক্লিনারও ব্যবহার করা হয়। প্রথমে একটি পাত্রে ক্লিনার নিয়ে তাতে গয়নাগুলি এক থেকে দুই মিনিটের জন্য ডুবিয়ে রাখুন। এরপর নরম ব্রাশ দিয়ে আলতোভাবে ঘষে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিন। সবশেষে নরম ও শুকনো কাপড় দিয়ে গয়নাগুলি মুছে নিন। এতে সোনার গয়নার উপর জমে থাকা ময়লা দূর হবে এবং হারানো চকচকে ভাবোব ফিরে আসবে।
