সাদিকুল খান, কলকাতাঃ রাস্তার গর্তে গাড়ির চাকা পড়ে দুই ইউটিউবারের গায়ে কাদা ছিটকে পড়েছিল। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই দুর্গাপুরে (Durgapur) ঘটে গেল মারধরের ঘটনা। অভিযোগ, কাদা ছিটে যাওয়ার প্রতিবাদ জানিয়ে গাড়ির চালক পেশায় এক সরকারি কর্মীর উপর চড়াও হন ওই দুই ইউটিউবার। তাঁকে বেধড়ক মারধরের পাশাপাশি মুখে থুতু ছিটিয়ে দেওয়া হয়। এমনকী পাথর দিয়ে আঘাত করে তাঁর মাথাও ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি সামনে আসতেই নির্যাতিতের অভিযোগের ভিত্তিতে দুই ইউটিউবারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার সকালে পাওয়ার গ্রিডের বিদ্যুৎ সংস্থার সরকারি কর্মী পূর্ণব্রত বেহেরা গাড়ি নিয়ে দুর্গাপুরের পারুলিয়া থেকে বাঁকুড়ার দিকে যাচ্ছিলেন। আগের দিনের বৃষ্টিতে রাস্তার বিভিন্ন গর্তে জল-কাদা জমে ছিল। পাশাপাশি বেশ কিছু জায়গায় রাস্তার অবস্থাও ছিল বেহাল। অভিযোগ, এমএএমসি ফ্লাইওভারের কাছে একটি গর্তে গাড়ির চাকা পড়তেই জমে থাকা নোংরা জল ছিটকে পাশ দিয়ে যাওয়া একটি মোটরবাইকের দুই আরোহীর গায়ে লাগে। ওই দুই বাইক আরোহী পেশায় ইউটিউবার। এরপর তাঁরা গাড়িটি আটকে চালকের সঙ্গে বচসা শুরু করেন। ধীরে ধীরে সেই বচসাই বড় আকার ধারণ করে এবং পরিস্থিতি হাতাহাতি পর্যন্ত গড়ায়।
পাল্টা সাফাই দুই ইউটিউবারের
জানা গিয়েছে, ওই দুই ব্লগারের মধ্যে একজন মৌটুসী মণ্ডল এবং অপরজন অনিল কুমার রায়। অভিযোগ, বচসার একপর্যায়ে মহিলা ব্লগার মৌটুসী মণ্ডল পাথর দিয়ে ওই সরকারি কর্মীকে আঘাত করেন। এতে তাঁর মাথা ফেটে যায়। পাশাপাশি তাঁর মুখে থুতু ছিটিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। যদিও পাল্টা দাবি করেছেন দুই ইউটিউবার। তাঁদের অভিযোগ, সরকারি কর্মী পূর্ণব্রত বেহেরা প্রথমে তুই-তুকারি করে ঝামেলা শুরু করেন। এমনকী, ঘটনার ভিডিও করতে গেলে তিনি তাঁদের ফোন ধাক্কা দিয়ে ফেলে দেন বলেও দাবি করেছেন তাঁরা। দু’পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়াতেও ঘটনাটি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
হাসপাতালে ভর্তি ওই কর্মী
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে আহত সরকারি কর্মী পূর্ণব্রত বেহেরাকে দ্রুত দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত তিনি সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। সংবাদমাধ্যমের কাছে ঘটনার বিবরণ দিতে গিয়ে পূর্ণব্রতবাবু জানান, প্রথমে বাইক চালক যুবক তাঁর মুখে ঘুসি মারেন। এরপর আচমকাই মহিলা ব্লগার রাস্তার পাশ থেকে পাথর তুলে তাঁর মাথায় আঘাত করেন। এতে মাথা ফেটে গিয়ে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। তাঁর আরও অভিযোগ, আশপাশের লোকজন ছুটে এলেও ওই মহিলা ব্লগার নিজেকে নির্দোষ দাবি করে চিৎকার করতে থাকেন এবং ঘটনার ভিডিও করতে শুরু করেন। তবে স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত তাঁরা চুপ করে যান।
গ্রেফতার দুই
সর্বশেষ আপডেট অনুযায়ী, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই পূর্ণব্রত বেহেরা দুই ইউটিউবারের বিরুদ্ধে দুর্গাপুর নিউটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে, পুলিশের তরফে জানানো হয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। কী কারণে এই বচসা এবং কীভাবে তা মারধরের পর্যায়ে পৌঁছল, সমস্ত দিক খতিয়ে দেখেই পরবর্তী পদক্ষেপ করা হবে।
