অজানা নম্বর থেকে কল এলে অনেকেই শুধু +৯১ কোড দেখেই ধরে নেন যে কলটি ভারত থেকেই এসেছে, তাই নিশ্চিন্তে রিসিভ করে ফেলেন—কিন্তু এই ধারণাটা একেবারেই ভুল হতে পারে (Scam Call)। কারণ এখন সাইবার অপরাধীরা এমনভাবে স্ক্যাম করছে যে তারা আসল নম্বর বা কোড নকল করেও কল করতে পারে এবং ধীরে ধীরে মানুষের ব্যক্তিগত তথ্য বা ব্যাংক ডিটেইলস হাতিয়ে নিয়ে অ্যাকাউন্ট ফাঁকা করে দিচ্ছে। এই ধরনের বাড়তে থাকা প্রতারণা রোধ করতে এবং সাধারণ মানুষকে সতর্ক করতে কেন্দ্রীয় সরকারের টেলিকমিউনিকেশন বিভাগ (DoT) ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে।
কেন্দ্রীয় সরকারের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, ইদানিং এরকম অনেক ফোন কল আসছে যা আদতে বিদেশ থেকে করা আন্তর্জাতিক কল, কিন্তু সেগুলোতে স্ক্রিনের উপরে দেশের কোড হিসেবে ভারতের +৯১ নাম্বারটি ভেসে উঠছে। আর এই জালিয়াতির ফাঁদ থেকে বাঁচার জন্য থেকে অবিলম্বে বেশ কিছু কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে টেলিকম বিভাগ।
দেশের নম্বর হলেও কলটি বিদেশের (Scam Call)
টেলিকমিউনিকেশন দপ্তরের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে, সাধারণভাবে প্রতিটি আন্তর্জাতিক কলের শুরুতেই নির্দিষ্ট দেশের কান্ট্রি কোড থাকে, কিন্তু এখনকার স্ক্যামে প্রতারকরা কলার আইডি স্পুফিং প্রযুক্তি ব্যবহার করে আসল নম্বর ও অবস্থান গোপন করে দিচ্ছে। এর ফলে কলটি বিদেশ বা কোনো গোপন সার্ভার থেকে এলেও মোবাইল স্ক্রিনে সেটি +৯১ দিয়ে শুরু হওয়া একটি সাধারণ ভারতীয় নম্বর হিসেবে দেখা যায়, যা দেখে অনেকেই ভুলভাবে বিশ্বাস করে নেন যে কলটি নিরাপদ।
এই ধরনের ফেক কলের মূল উদ্দেশ্যই হলো মানুষকে ভয় এবং তাড়াহুড়োর মধ্যে ফেলে দেওয়া। প্রতারকরা অনেক সময় নিজেদের পুলিশ অফিসার, সিবিআই বা কাস্টমস কর্মকর্তা, ব্যাংক ম্যানেজার কিংবা টেলিকম দপ্তরের উচ্চপদস্থ কর্মী হিসেবে পরিচয় দেয়। এরপর তারা নানা ধরনের হুমকি দেয়—যেমন সিম কার্ড বন্ধ হয়ে যাবে, বেআইনি পার্সেল ধরা পড়েছে, বা অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়া হবে, এমনকি ক্রেডিট কার্ড বা বিদ্যুৎ বিল বকেয়ার অজুহাত দেখিয়েও ভয় দেখানো হয়। এই চাপের মধ্যে পড়ে অনেকেই আতঙ্কিত হয়ে ব্যক্তিগত তথ্য দিয়ে ফেলেন, আর সেটাই পরে বড় আর্থিক জালিয়াতির কারণ হয়ে দাঁড়ায়।
বাঁচার উপায় জানাল DoT
তাই এগুলি এড়ানোর জন্য অবশ্যই কিছু পদক্ষেপ মাথায় রাখতে হবে। প্রথমত, কোনও সন্দেহজনক কলের পর হোয়াটসঅ্যাপ বা মেসেজ পাঠানো কোনও অজানা লিঙ্কে ভুলেও ক্লিক করবেন না। দ্বিতীয়ত, যদি আপনার কোনও বিদেশী কোড যুক্ত নম্বর থেকে মিসড কল আসে, তাহলে উল্টে কল ব্যাক করতে যাবেন না। তৃতীয়ত, সিম বন্ধ বা আইনি অ্যাকশনের ভয় দেখালে সেই ফোনটি সঙ্গে সঙ্গে কেটে দিন। কারণ, সরকারি সংস্থা বা ব্যাংক কোনও দিন গ্রাহকদের এভাবে ফোন করে পাসওয়ার্ড বা পিন জানতে চায় না।
