সাদিকুল খান, কলকাতাঃ নজরে এবার বাংলাদেশের রাজধানী ঢাকা। শুক্রবার কয়েক ঘণ্টার ব্যবধানে শহরের ১০টি গুরুত্বপূর্ণ এলাকায় পরপর ১৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা সামনে এসেছে। পাশাপাশি কাফরুল থানার সামনে একটি বাসেও আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার পর তদন্তে নেমেছে পুলিশ। ইতিমধ্যেই বিভিন্ন ঘটনাস্থল থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে বলে জানা গিয়েছে। একের পর এক বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় দিনভর ঢাকার সাধারণ বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
ঢাকায় বিস্ফোরণ
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ শুক্রবার বাংলাদেশের রাজধানী ঢাকায় দুপুর থেকে রাত পর্যন্ত, বেশ কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে। এ দিন এই বিস্ফোরণগুলি হয় ঢাকার মালিবাগ, আগারগাঁও, মহাখালী, যাত্রাবাড়ী, বাবুবাজার, বঙ্গবাজার, গুলিস্তান, মগবাজার, মৌচাক ও ঢাকা কলেজ এলাকায়। শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত ককটেল বিস্ফোরণে এক রিকশাচালক জখম হয়েছেন। এরই পাশাপাশি শুক্রবার একাধিক জায়গায় ককটেল বিস্ফোরণের পর কাফরুল থানার সামনে ফাঁকা বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বিস্ফোরণে আহত এক রিকশাচালক
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার জুমার নামাজের পর মালিবাগ রেলগেটের কাছে সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে ফ্লাইওভার থেকে দুটি ককটেল ছুড়ে বিস্ফোরণ ঘটানো হয়। এরপর সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ মহাখালী ফ্লাইওভারের উপর থেকে নিচে একটি এবং প্রায় একই সময়ে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবনের সামনে আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে রাত ৭টা নাগাদ যাত্রাবাড়ী থানার প্রধান ফটক ও ট্রাফিক পুলিশ বক্স এলাকায় পরপর চার থেকে পাঁচটি ককটেল বিস্ফোরণ হয় বলে পুলিশ জানিয়েছে। ঘটনায় এক রিকশাচালক আহত হন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তদন্তে নেমেছে পুলিশ
এ দিন দুষ্কৃতীরা কাফরুল থানার পাশাপাশি ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর শহরতলির কানাইপুরে করিমপুর হাইওয়ে থানার সামনে পার্ক করে রাখা একটি বাসেও আগুন ধরিয়ে দেয়। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। এর আগে শুক্রবার দুপুরে তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে ২৩ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তার কয়েক ঘণ্টার মধ্যেই ঢাকার বিভিন্ন এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ফলে এই বিস্ফোরণের সঙ্গে কোনও জঙ্গি যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। দিনভর একাধিক এলাকায় বিস্ফোরণের ঘটনায় ঢাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন রাস্তায় পুলিশি টহল বাড়ানো হয়েছে এবং মোটরসাইকেলেও তল্লাশি চালানো হচ্ছে। কারা এই ককটেল ছুড়েছে, তা জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।
