সাদিকুল খান, কলকাতাঃ ফ্লাইদুবাইয়ের দুবাই-তেল আভিভগামী বিমানে মাঝ-আকাশে ক্যাপ্টেনকে হামলার ঘটনায় অভিযুক্ত সহকারী পাইলট হামাম আল-হাম্মামিকে ঘিরে তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য। ২৯ বছর বয়সি ওমানি নাগরিক হামামকে এর আগে তাঁর দেশের বিমান সংস্থা ওমান এয়ারের তরফে উড়ান চালানো থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। তাঁর উগ্রপন্থী মতাদর্শ নিয়ে সেই সময় থেকেই নিরাপত্তা মহলে উদ্বেগ তৈরি হয়েছিল। এরপরও কীভাবে তিনি ফের ককপিটে পৌঁছলেন, তা নিয়েই এখন বড় প্রশ্ন উঠছে।
নিজের কর্মকাণ্ড নিয়ে কি বললেন আল-হাম্মামি?
‘বিমানটিকে ক্র্যাশ করাতে চেয়েছিলাম, মৃত্যুকে ভয় পাই না’—তদন্তকারীদের জিজ্ঞাসাবাদে হামাম আল-হাম্মামি নাকি এমনই দাবি করেছেন বলে জানিয়েছে The Wall Street Journal। সংবাদপত্রটির রিপোর্ট অনুযায়ী, সৌদি আরবে বিমানটির জরুরি অবতরণের পর জিজ্ঞাসাবাদের সময় এই বক্তব্য দেন তিনি। তাঁর এই কথার পর তদন্তকারীদের একাংশের ধারণা, মাঝ-আকাশের ঘটনাটি আচমকা হামলা নাও হতে পারে, বরং এর পিছনে আগে থেকেই কোনও পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পরে হামামকে সংযুক্ত আরব আমিরশাহিতে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেও তাঁকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার নেপথ্যের কারণ ও উদ্দেশ্য জানার চেষ্টা চলছে।
আরও পড়ুন: গ্যাস ফুরিয়েছে, পকেট ফাঁকা? EMI-তে নিন LPG, কীভাবে পাবেন সুবিধা
কীভাবে ফের পাইলটের চাকরি পেলেন হামাম?
হামামের বিমান চালানোর কেরিয়ার শুরু হয়েছিল ওমান এয়ারে। তদন্ত-সংশ্লিষ্ট সূত্রের দাবি, তাঁর অনলাইন গতিবিধির উপর নজরদারি করতে গিয়ে উগ্রপন্থী ওয়েবসাইটের প্রতি তাঁর আগ্রহের বিষয়টি সামনে আসে। এরপর তাঁকে উড়ান চালানোর দায়িত্ব থেকে সরিয়ে অফিসের কাজে দেওয়া হয়েছিল। এমনকি উগ্রপন্থী মতাদর্শ থেকে তাঁকে দূরে রাখার একটি কর্মসূচিতেও যুক্ত করা হয়েছিল বলে তাঁর অতীত সম্পর্কে অবগত ব্যক্তিরা The Wall Street Journal-কে জানিয়েছেন। পরে ওমান এয়ার ছেড়ে দেন হামাম। এরপর কীভাবে তিনি অন্য একটি বিমান সংস্থায় পাইলট হিসেবে কাজের সুযোগ পেলেন।
সিরিয়ায় থাকার সময়ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা
হামামের ব্যক্তিগত জীবন এবং সিরিয়ায় থাকার সময়কেও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছেন তদন্তকারীরা। একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, হামামের জন্ম সংযুক্ত আরব আমিরশাহিতে। তাঁর বাবা ওমানি এবং মা সিরিয়ার নাগরিক। জীবনের একটি সময় সিরিয়াতেও কাটিয়েছেন তিনি। সেই সময় তাঁর মধ্যে উগ্র ইসলামপন্থী মতাদর্শের প্রভাব তৈরি হয়েছিল কি না, তা যাচাই করা হচ্ছে। পাশাপাশি তাঁর পুরনো সমাজমাধ্যম অ্যাকাউন্টগুলিও তদন্তের আওতায় আনা হয়েছে। মুছে দেওয়া অ্যাকাউন্ট থেকে উদ্ধারযোগ্য তথ্য এবং তাঁর অনলাইন কার্যকলাপ বিশ্লেষণ করে ঘটনার নেপথ্যে তাঁর সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
এরই মধ্যে প্রকাশ্যে এসেছে আরও কিছু বিতর্কিত তথ্য। রিপোর্ট অনুযায়ী, হামামের সমাজমাধ্যমে ইজরায়েলি বিমান এবং আল-কায়দার প্রয়াত নেতা আয়মান আল-জাওয়াহিরির ছবি-সহ কনটেন্টের উপস্থিতি তদন্তকারীদের নজরে এসেছে। তাঁর অনলাইন আচরণে মহিলাদের কাজ করা নিয়ে আপত্তি এবং অতিরিক্ত রক্ষণশীল ধর্মীয় দৃষ্টিভঙ্গির ইঙ্গিতও মিলেছে বলে জানা গিয়েছে। এমনকি সৌদি মহিলাদের সঙ্গে যোগাযোগের জন্য তিনি ভুয়ো পরিচয়ে অ্যাকাউন্ট ব্যবহার করেছিলেন বলেও WSJ-র রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ
গত বুধবার দুবাই থেকে তেল আভিভের উদ্দেশে রওনা দিয়েছিল ফ্লাইদুবাইয়ের FZ1073 বিমানটি। বিমানে ছিলেন ১৭০-রও বেশি যাত্রী। ককপিটে ভারতীয় ক্যাপ্টেন স্মিত মচ্ছরের সঙ্গে ছিলেন হামাম। অভিযোগ, মাঝ-আকাশে আচমকাই ক্যাপ্টেনের উপর হামলা চালিয়ে বিমানের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়ার চেষ্টা করেন তিনি। সংযুক্ত আরব আমিরশাহির অ্যাটর্নি জেনারেলের দাবি, হামলার সময় বিমানে থাকা ক্র্যাশ অ্যাক্স ব্যবহার করা হয়েছিল। ঘটনার পর বিমানটি দ্রুত নীচের দিকে নামতে শুরু করে। পরে ক্যাপ্টেন ককপিটের দরজা খুলতে সক্ষম হলে যাত্রী ও অন্য ক্রু সদস্যরা ভিতরে ঢুকে হামামকে নিয়ন্ত্রণে আনেন। এরপর বিমানটির সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়।
