ফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2026) শুরু হতেই দেখা যাচ্ছে বিশ্বের সেরা তারকারা একের পর এক দুর্দান্ত পারফরম্যান্স। প্রথম সপ্তাহের শীর্ষ গোলদাতাদের তালিকা দেখলেই বোঝা যায়, অভিজ্ঞ স্ট্রাইকাররা পুরোপুরি নিজেদের ছন্দে আছেন এবং বিশ্বমঞ্চে সেরা খেলাটাই উপহার দিচ্ছেন। শুধু পরিচিত তারকারাই নয়, যুক্তরাষ্ট্রের ফোলারিন ব্যালোগান, নিউজিল্যান্ডের এলিয়াহ জাস্ট এবং সুইডেনের ইয়াসিন আয়রিদের মতো তুলনামূলক কম পরিচিত খেলোয়াড়েরাও নজর কাড়ছেন, তবে সব মিলিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তারকা খেলোয়াড়রাই।
মেসির দুর্দান্ত শুরু ও হ্যাটট্রিক পারফরম্যান্স
ফুটবল জাদুকর লিওনেল মেসি টুর্নামেন্টের শুরু থেকেই নিজের চেনা ছন্দে খেলছেন। প্রথম ম্যাচেই আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে তিনি শীর্ষ গোলদাতাদের তালিকায় নিজের জায়গা আরও শক্ত করেছেন। একই ম্যাচে একাধিক রেকর্ডও নিজের নামে লেখেন মেসি। সব মিলিয়ে, প্রথম ম্যাচেই লিওনেল মেসি স্পষ্ট করে দিয়েছেন যে তাঁর শেষ বিশ্বকাপে তিনি সেরাটাই উপহার দিতে মাঠে নেমেছেন।
এমবাপ্পে ও ফ্রান্সের আক্রমণভাগের শক্তি
আধুনিক ফুটবলের অন্যতম সেরা এই গোলমেশিন আবারও প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য বড় হুমকি হয়ে উঠেছেন। ফ্রান্সের হয়ে প্রথম ম্যাচেই সেনেগালের বিপক্ষে দুটি দুর্দান্ত গোল করে তিনি নিজের ফর্মের প্রমাণ দিয়েছেন। পাশাপাশি পুরো ম্যাচজুড়েই তার আক্রমণাত্মক খেলা দর্শকদের মন জয় করেছে। শেষ দুটি বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের পর এবারও তিনি দলের জয়ে বড় ভূমিকা রাখার জন্য পুরোপুরি প্রস্তুত বলে মনে হচ্ছে।
আর্লিং হাল্যান্ড
মেসি-এমবাপেদের পাশাপাশি সকলের নজর ছিল এবার বিশ্বকাপে নরওয়ের স্ট্রাইকার আর্লিং হাল্যান্ডের দিকে। ক্লাব ফুটবলে ধারাবাহিকভাবে গোল করে আলোচনায় থাকা এই তারকা দেশের জার্সি গায়ে বিশ্বকাপেও দারুণ শুরু করেছেন। ইরাকের বিপক্ষে প্রথম ম্যাচেই নিজের শক্তি ও গোল করার ক্ষমতার প্রমাণ দিয়েছেন তিনি। সব মিলিয়ে ফুটবল বিশ্ব এখন অপেক্ষায় আছে, আগামী ম্যাচগুলোতে হাল্যান্ড আরও কতটা ভয়ংকর হয়ে উঠতে পারেন তা দেখার জন্য।
হ্যারি কেনের নেতৃত্বে ইংল্যান্ডের দারুণ শুরু
ইংল্যান্ড দলের আক্রমণ বিভাগের প্রধান শক্তি হিসেবে আবারও নজর কেড়েছেন তিনি। এবারও টুর্নামেন্টের শুরুটা দারুণভাবে করেছেন ইংলিশ অধিনায়ক। প্রথম ম্যাচেই ক্রোয়েশিয়ার বিপক্ষে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি দুটি গোল করে এবং দারুণ ফুটবল উপহার দিয়ে সমর্থকদের মুগ্ধ করেছেন। আগের দুটি বিশ্বকাপে প্রত্যাশা পূরণ না হলেও এবার ইংল্যান্ডের ৬০ বছরের শিরোপা খরা কাটানোর লক্ষ্যে হ্যারি কেন এবং তাঁর দল পুরোপুরি মরিয়া হয়ে উঠেছে।
জার্মানির হাভার্টজের ফর্ম ও দলের আত্মবিশ্বাস
জার্মানির এই তারকা ফরোয়ার্ডও গোল খরায় ভোগেননি। আক্রমণভাগে দারুণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তিনি ইতিমধ্যেই ২টি গোল নিজের নামের পাশে যোগ করেছেন, যা জার্মানিকে শিরোপার দৌড়ে বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে। প্রথম ম্যাচে দুর্বল কুরেসাওয়ের বিরুদ্ধে দুটি গোল করার পাশাপাশি ভবিষ্যতে শক্তিশালী দলের বিপক্ষেও জ্বলে ওঠার বিষয়ে আত্মবিশ্বাসী হাভার্টজ।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পারফরম্যান্স নিয়ে আলোচনা
উপরের পাঁচ তারকার মধ্যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নাম না থাকাটা নিয়েও আলোচনা শুরু হয়েছে। প্রথম ম্যাচে কঙ্গোর বিপক্ষে তাঁর পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী হয়নি, আর তাই কিছুটা নিষ্প্রভ দেখিয়েছেন এই পর্তুগিজ মহাতারকা। তবে টুর্নামেন্টের আগামী দিনগুলোতে সিআরসেভেন নিজের চেনা ছন্দে ফিরবেন—এমনটাই আশা করছেন তাঁর ভক্তরা। বিশ্বকাপ যত এগোবে, ততই ম্যাচগুলোর চাপ ও প্রতিদ্বন্দ্বিতা বাড়বে, আর বিশেষজ্ঞদের মতে নক-আউট পর্বের মতো গুরুত্বপূর্ণ মুহূর্তে অভিজ্ঞ ও প্রতিষ্ঠিত তারকারাই আবারও নিজেদের সেরাটা দিয়ে ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন।
