পরিবর্তনের বাংলায় রাজ্যবাসীর জন্য বড় খবর। কেন্দ্রের উড়ান প্রকল্পের আওতায় এবার রাজ্যের আরও চারটি বিমানবন্দরকে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই নিয়ে আজ সোমবার নবান্ন সভাঘরে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের সঙ্গে রাজ্যের পরিবহণ দফতরের একটি সমঝোতাপত্র (MoU) স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এর ফলে রাজ্যের আরও কয়েকটি প্রান্তিক এলাকার সঙ্গে বিমান যোগাযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই বালুরঘাট বিমানবন্দর পরিদর্শন করে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বাংলায় হতে চলেছে আরও চারটি বিমানবন্দর
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, রবিবার নন্দীগ্রামে ভোট প্রচারের সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সোমবার নবান্ন সভাঘরে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের সঙ্গে রাজ্যের পরিবহণ দফতরের একটি সমঝোতাপত্র (MoU) স্বাক্ষরিত হবে। এই চুক্তির আওতায় কেন্দ্রের উড়ান প্রকল্পে হাসিমারা, কোচবিহার, বালুরঘাট এবং হলদিয়ায় বিমানবন্দর তৈরির উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি, ওই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী রামমোহন নাইডুর কাছে কলকাতা থেকে ইউরোপে সরাসরি বিমান পরিষেবা ফেরানোর আবেদন জানানো হবে বলেও তিনি উল্লেখ করেছেন। এই ঘোষণার পর প্রশাসনিক মহলে বিষয়টি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। নবান্ন সূত্রে খবর, সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ এ নিয়ে আলোচনা শুরু হওয়ার কথা।
যোগাযোগ ব্যবস্থা হবে আরও উন্নত
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রস্তাবিত চারটি বিমানবন্দরের মধ্যে রয়েছে পুরুলিয়ার ছররা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, আলিপুরদুয়ারের হাসিমারা এবং পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডা। কেন্দ্রের উড়ান প্রকল্পের আওতায় এই বিমানবন্দরগুলি চালু হলে সেখানে ৭২ আসন বিশিষ্ট বিমান চলাচলের সম্ভাবনা রয়েছে। এর ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তের মধ্যে বিমান যোগাযোগ আরও সহজ ও দ্রুত হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে, কেন্দ্রের রিজিওনাল কানেক্টিভিটি স্কিমের চুক্তি অনুযায়ী, বিমানবন্দরগুলির জন্য জমি, সংযোগকারী রাস্তা, বিদ্যুৎ ও জল সরবরাহ এবং প্রাথমিক নিরাপত্তার ব্যবস্থা করবে রাজ্য সরকার। আর বিমানবন্দরের মূল পরিকাঠামো নির্মাণের দায়িত্ব থাকবে কেন্দ্রের।
আরও পড়ুন: বাংলা থেকে কবে বিদায় নেবে বর্ষা? বড় আপডেট হাওয়া অফিসের
জানা গিয়েছে, আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নাইডু, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পরিবহণমন্ত্রী অর্জুন সিংহ-সহ অন্যান্য আধিকারিকদের। প্রস্তাবিত চারটি বিমানবন্দর নিয়ে আলোচনার মধ্যে পুরুলিয়ার ছররা ও বালুরঘাট বিমানবন্দরকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পুরুলিয়ার ছররায় দুটি রানওয়ে তৈরি করা হয়েছিল এবং সেখানেই বিমানবাহিনীর ৪৪৪তম বম্বার্ডমেন্ট গ্রুপের ঘাঁটি ছিল বলে জানা যায়। একইভাবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ই তৈরি হয়েছিল বালুরঘাট বিমানবন্দর। নতুন করে এই বিমানবন্দরগুলিকে উড়ান প্রকল্পের আওতায় আনার উদ্যোগ বাস্তবায়িত হলে রাজ্যের বিমান যোগাযোগের পাশাপাশি শিল্প ও বাণিজ্যিক পরিকাঠামোতেও প্রভাব পড়তে পারে।
