তামান্না খান, কলকাতাঃ পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর পরিবহন থেকে শিক্ষা, খাদ্য থেকে স্বাস্থ্য—একাধিক ক্ষেত্রে বিভিন্ন পরিবর্তন আনা হচ্ছে। এরই মধ্যে কেন্দ্রীয় খাদ্য গণবণ্টন ব্যবস্থাকে আরও কার্যকর করা এবং কালোবাজারি রুখতে রেশন তালিকা সংশোধন, বরাদ্দ খাদ্যশস্যের পরিমাণে পরিবর্তন-সহ একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার বাংলার রেশন গ্রাহকদের জন্য আরও কিছু নতুন নিয়ম চালু করতে চলেছে রাজ্য সরকার। আগস্ট মাস থেকেই বিনামূল্যে রেশন সংগ্রহের সময় গ্রাহকদের কয়েকটি নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
রেশন ব্যবস্থাকে আরও মসৃণ করতে চালু হচ্ছে ডিজিটাল কারেন্সি মোড
কেন্দ্রীয় খাদ্য দফতরের মুখ্যসচিব চলতি মাসের শুরুতে কলকাতা সফরে আসেন। সেই সময়ই রাজ্যে শীঘ্রই স্মার্ট রেশন কার্ড চালুর ঘোষণা করা হয়। এর আগে এবার বাংলার বিভিন্ন শহরে নতুন ধরনের ডিজিটাল মুদ্রা ব্যবস্থা (Digital Currency Mode) চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। এই ব্যবস্থায় শুধুমাত্র ডিজিটাল কারেন্সির মাধ্যমে রেশন দেওয়ার পরিকল্পনা রয়েছে। ফলে প্রচলিত ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল বা e-POS মেশিনের মাধ্যমে রেশন বণ্টন ব্যবস্থা বদলাতে পারে। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী, রাজ্যের দুই শহর-প্রধান জেলায় ডিজিটাল মুদ্রার মাধ্যমে রেশন দেওয়ার একটি পরীক্ষামূলক বা পাইলট প্রজেক্ট শীঘ্রই শুরু হতে পারে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে পাবেন ৩০০০ টাকা?
ডিজিটাল কারেন্সি মোডে গ্রাহকের মোবাইল ফোনের একটি টোকেন আসবে। সেই টোকেন দেখিয়ে বিনামূল্যে চাল ও গম পাওয়া যাবে। ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’-র অধীনে থাকা গ্রাহকরা এভাবেই রেশন পাবেন। প্রথমেই আধার কর্তৃপক্ষের কাছে আধার কার্ডের নম্বর ও আধার লিংকড মোবাইল নম্বরটি পাঠাতে হবে। সেখান থেকে অনুমোদন এলেই এই প্রক্রিয়ায় নথিভুক্ত হতে পারবেন উপভোক্তারা।
তবে ডিজিটাল কারেন্সি মোডের সুবিধা নিতে গ্রাহকদের স্মার্টফোন থাকা বাধ্যতামূলক হতে পারে। কারণ এই ব্যবস্থায় গ্রাহকের স্মার্টফোনেই একটি টোকেন বা ভাউচার পাঠানো হবে। রেশন দোকানে গিয়ে সেই টোকেন স্ক্যান করার পরই বিনামূল্যে খাদ্যসামগ্রী পাওয়ার কথা। কেন্দ্রের তরফে দাবি করা হয়েছে, প্রচলিত e-POS যন্ত্রের ব্যবহার বন্ধ করা গেলে বছরে প্রায় ৫৭৯ কোটি টাকা সাশ্রয় হতে পারে। পাশাপাশি রেশন ব্যবস্থায় স্বচ্ছতা বাড়ানো এবং দুর্নীতি ও অনিয়ম রুখতে আগামী দিনে আরও কিছু নিয়মে পরিবর্তন আনার পরিকল্পনাও রয়েছে বলে জানা যাচ্ছে।
