সাদিকুল খান, কলকাতাঃ ফ্লাইদুবাইয়ের FZ1073 বিমানে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনার সঙ্গে 9/11-এর প্রসঙ্গ টেনে তুলেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ঘটনায় ভারতীয় ক্যাপ্টেন স্মিত মচ্ছরের মুখ ও হাতে গুরুতর আঘাত লাগে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ককপিটের ভিতরে তাঁর কো-পাইলট বারবার ছুরি দিয়ে হামলা চালান। নিজেকে রক্ষা করার পাশাপাশি কোনওরকমে ককপিটের দরজা খুলে দেন ক্যাপ্টেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে এরপর তিনি জ্ঞান হারান বলে জানা গিয়েছে। সেই সময় বিমানে থাকা এক ইজরায়েলি দন্ত চিকিৎসক দ্রুত ককপিটে গিয়ে তাঁর প্রাথমিক চিকিৎসা শুরু করেন। পরে পরিস্থিতি সামলে বিমানটি সৌদি আরবে জরুরি অবতরণ করে। যাত্রীদের নিরাপদে অবতরণ করানোর ক্ষেত্রে ক্যাপ্টেন স্মিত মচ্ছরের ভূমিকার প্রশংসা করেছেন ট্রাম্প ও মোদীও।
ক্যাপ্টেন স্মিত মচ্ছরের প্রাথমিক চিকিৎসা করেছিলেন বিমানে থাকা ইজরায়েলি দন্ত চিকিৎসক ডঃ শোটা মোসায়েভ। তাঁর দাবি, হামলার পর ভারতীয় পাইলটের শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর ছিল। মাথা ও হাতে গভীর ক্ষত তৈরি হয়েছিল এবং প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। মোসায়েভের কথায়, ক্যাপ্টেনের শরীরের বিভিন্ন জায়গায় কাটা-ছেঁড়ার চিহ্ন ছিল। বিশেষ করে মাথা ও হাতে গভীর ক্ষত থাকায় পরিস্থিতি বেশ আশঙ্কাজনক হয়ে উঠেছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর অবস্থা আরও খারাপ হয়। তবে দ্রুত চিকিৎসা শুরু করা সম্ভব হওয়ায় সেই সংকট সামাল দেওয়া গিয়েছিল বলে জানান ওই চিকিৎসক।
ডঃ শোটা মোসায়েভের দাবি, দুবাই থেকে তেল আভিভগামী ওই বিমানে তিনিই একমাত্র চিকিৎসক ছিলেন। ককপিটের দিক থেকে চিৎকারের শব্দ শুনেই তিনি দ্রুত সেখানে ছুটে যান। সেই সময় কয়েকজন যাত্রী হামলাকারীকে আটকানোর চেষ্টা করছিলেন। ককপিটে পৌঁছনোর পর আহত ক্যাপ্টেন স্মিত মচ্ছরের অবস্থা দেখে তিনি সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করেন। অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ করা এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রাখার চেষ্টা করেন ওই চিকিৎসক।
তিনি জানান, স্মিত মচ্ছরের রক্তচাপ ক্রমশ কমছিল এবং একসময় তিনি চেতনা হারাতে শুরু করেন। মোসায়েভ বলেন, “তাঁর রক্তচাপ কমে যাচ্ছিল, তিনি ধীরে ধীরে চেতনা হারাচ্ছিলেন।” এই বিবরণে FZ1073 বিমানের ভিতরের ভয়াবহ পরিস্থিতির ছবি আরও স্পষ্ট হয়েছে। বিমানে থাকা ভারতীয় নাগরিক ক্যাপ্টেন স্মিত মচ্ছরকে মাঝ-আকাশে তাঁর সহ-পাইলট আক্রমণ করেন। এরপর বিমানটিকে উত্তর-পশ্চিম সৌদি আরবের তাবুকে জরুরি অবতরণ করানো হয়।
কীভাবে প্রাণ বাঁচানো হল ক্যাপ্টেন স্মিতের?
ডঃ শোটা মোসায়েভ জানান, ক্যাপ্টেন স্মিত মচ্ছরের চিকিৎসার সময় তাঁর প্রথম লক্ষ্য ছিল অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ করা এবং শারীরিক অবস্থা যতটা সম্ভব স্থিতিশীল রাখা। মাথা, হাত-সহ শরীরের একাধিক জায়গায় গুরুতর আঘাত পেয়েছিলেন ভারতীয় ক্যাপ্টেন। মোসায়েভের দাবি, চিৎকার শুনে তিনি দ্রুত ককপিটে পৌঁছে স্মিতকে অত্যন্ত গুরুতর অবস্থায় দেখতে পান। বিশেষ করে তাঁর মাথা থেকে প্রচুর রক্ত বেরোচ্ছিল। এরপর পরিস্থিতি সামাল দিতে দ্রুত প্রাথমিক চিকিৎসা শুরু করেন তিনি। The Times of Israel-কে দেওয়া আগের এক সাক্ষাৎকারেও মোসায়েভ একই ঘটনার বর্ণনা করেছিলেন বলে জানা গিয়েছে।
‘আমরাও হামলাকারীকে বেঁধে ফেলেছিলাম’
মোসায়েভ যখন আহত ক্যাপ্টেন স্মিত মচ্ছরের চিকিৎসায় ব্যস্ত ছিলেন, তখন বিমানের যাত্রী ও অন্যরা হামলাকারীকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছিলেন, যাতে সে ফের ককপিটের নিয়ন্ত্রণ নিতে না পারে। মোসায়েভের দাবি, শেষ পর্যন্ত তাঁরা হামলাকারীকে বেঁধে ফেলতে সক্ষম হন। তাঁর কথায়, আটক হওয়ার পর ওই ব্যক্তি আর কোনও প্রতিরোধ করেননি এবং চুপচাপ বসে ছিলেন। প্রথমে একজোড়া হেডফোনের তার দিয়ে তাঁর হাত-পা বাঁধার চেষ্টা করা হয়। পরে প্লাস্টিকের জিপ-টাই পাওয়া গেলে সেটি দিয়েও তাঁকে আটকে রাখা হয় বলে জানান মোসায়েভ।
ককপিটের ভিতরে ঠিক কী ঘটেছিল?
বুধবার দুবাই থেকে তেল আভিভের উদ্দেশে রওনা হয়েছিল ফ্লাইদুবাইয়ের FZ1073 বিমান। মাঝ আকাশে আচমকাই ককপিটের ভিতরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে জানা গিয়েছে। এরপর বিমানটি জরুরি সংকেত পাঠায় এবং দ্রুত নীচে নামতে শুরু করে। মাত্র প্রায় ৩০ সেকেন্ডের মধ্যে বিমানটি প্রায় ১৪ হাজার ফুট উচ্চতা হারায় বলে জানা যাচ্ছে। পরিস্থিতি বুঝতে পেরে যাত্রী ও বিমানকর্মীরা হস্তক্ষেপ করেন। তাঁদের তৎপরতায় শেষ পর্যন্ত বিমানটির নিয়ন্ত্রণ ফেরানো সম্ভব হয় এবং পরে সেটিকে সৌদি আরবে জরুরি অবতরণ করানো হয়।
