শীতে ঘুরতে যান ভারতের গ্র্যান্ড ক্যানিয়ন গান্ডিকোটা, কীভাবে যাবেন?

কুসুম দাস, কলকাতাঃ দিঘা, পুরী কিংবা দার্জিলিংয়ের মতো পরিচিত পর্যটনকেন্দ্রে ঘুরতে ঘুরতে এবার কি একটু অন্যরকম অভিজ্ঞতার খোঁজ করছেন? তাহলে আপনার ভ্রমণের তালিকায় রাখতে পারেন অন্ধ্রপ্রদেশের গান্ডিকোটা (Gandikota)। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জায়গাটি ‘ভারতের গ্র্যান্ড ক্যানিয়ন’ নামে পরিচিত। অন্ধ্রপ্রদেশের কডপ্পা জেলায় পেন্নার নদীর তীরে অবস্থিত গান্ডিকোটার প্রধান আকর্ষণ লালচে পাথরের বিশাল পাহাড়, গভীর গিরিখাত এবং পাহাড়ের বুক চিরে বয়ে চলা নদীর মনোরম দৃশ্য।

- Advertisement -

এই শীতে ঘুরে আসুন ভারতের গ্র্যান্ড ক্যানিয়ন থেকে

প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ঐতিহাসিক গুরুত্বের জন্যও পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয় অন্ধ্রপ্রদেশের গান্ডিকোটা। এখানকার উপত্যকার উপর থেকে পেন্নার নদীর আঁকাবাঁকা গতিপথ এবং দু’পাশে বিস্তৃত বিশাল পাথুরে দেওয়ালের দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে। ‘গান্ডি’ শব্দের অর্থ উপত্যকা এবং ‘কোটা’ শব্দের অর্থ দুর্গ। এই দুই শব্দের সমন্বয়েই স্থানটির নাম গান্ডিকোটা হয়েছে বলে মনে করা হয়। এখানকার অন্যতম প্রধান দর্শনীয় স্থান দ্বাদশ শতকে নির্মিত ঐতিহাসিক গান্ডিকোটা দুর্গ। বিভিন্ন সময়ে কাকতীয়, বিজয়নগর ও কুতুবশাহী শাসকদের সঙ্গে এই দুর্গের ইতিহাস জড়িয়ে রয়েছে।

কী কী দেখবেন?

গান্ডিকোটা ভ্রমণের পরিকল্পনা করলে যাতায়াতের সুবিধার জন্য নিকটবর্তী শহর জম্মলমাডুগুকে বেছে নিতে পারেন পর্যটকরা। এই শহরটি গান্ডিকোটা থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। অন্যদিকে, হায়দরাবাদ থেকে এর দূরত্ব আনুমানিক ৩৮০ কিলোমিটার এবং বেঙ্গালুরু থেকে প্রায় ২৯০ কিলোমিটার। গান্ডিকোটা ঘুরতে গেলে কাছাকাছি আরও একটি আকর্ষণীয় পর্যটনস্থল হল বেলুম গুহা (Belum Caves)। গান্ডিকোটা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থিত এই গুহাটি ভারতীয় উপমহাদেশের অন্যতম বৃহৎ গুহাব্যবস্থা হিসেবে পরিচিত। গুহার ভিতরে প্রাকৃতিকভাবে তৈরি স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইটের বিচিত্র গঠন পর্যটকদের আকর্ষণ করে। প্রবেশমূল্য দিয়ে গুহার ভিতরে ঘুরে পাতালগঙ্গা পর্যন্ত যাওয়া যায়। পুরো গুহা ঘুরে দেখতে সাধারণত প্রায় দুই ঘণ্টা সময় লাগতে পারে।

- Advertisement -

কীভাবে যাবেন?

কলকাতা থেকে গান্ডিকোটা যাওয়া খুব একটা সহজ নয়। কলকাতা থেকে গান্ডিকোটা, বেলুম কেভস ও তাদিপাত্রির সরাসরি ট্রেন সংযোগ নেই। কলকাতা থেকে নান্দিয়ালগামী ট্রেনে গিয়ে সেখান থেকে গাড়ি ভাড়া করে ঘোরার পরিকল্পনা করতে পারেন। তাদিপাত্রি নিকটবর্তী গুরুত্বপূর্ণ রেলস্টেশনগুলির মধ্যে একটি। তবে বেঙ্গালুরু বা হায়দরাবাদ থেকে গাড়ি ভাড়া করে এক রাত ও দু’দিনের ভ্রমণ পরিকল্পনা করাও সুবিধাজনক হবে।

Kusum Das
Kusum Dashttps://jknews24.in/
আমি কুসুম দাস, একজন Lifestyle Content Writer। দৈনন্দিন জীবনযাপন, স্বাস্থ্য ও সুস্থতা, ফ্যাশন, বিউটি টিপস এবং আধুনিক লাইফস্টাইল নিয়ে নিয়মিত লেখালেখি করি। সহজ, সাবলীল ও বাস্তবধর্মী ভাষায় এমন কনটেন্ট তৈরি করাই আমার মূল লক্ষ্য, যা পাঠকের দৈনন্দিন জীবনে সত্যিই কাজে আসে এবং নতুন কিছু জানতে ও ভালোভাবে জীবনযাপন করতে সাহায্য করে। মেল - aritsumdas@gmail.com
Breaking News