কুসুম দাস, কলকাতা: সামনেই গণেশ চতুর্থী। আর সিদ্ধিদাতা গণেশের প্রিয় ভোগের কথা উঠলেই প্রথমেই আসে মোদকের নাম। তাই উৎসবের আগে দোকানে মোদক কিনতে লম্বা লাইন পড়ে যায়। তবে এবার আর সেই ঝামেলা পোহাতে হবে না। মাত্র ১৫ মিনিটেই বাড়িতে খুব সহজে তৈরি করে নিতে পারেন সুস্বাদু মোদক। এর জন্য লাগবে পরিমাণমতো ঘি, ১ কাপ চালের গুঁড়ো, ১ কাপ নারকেল কোরা, ১ কাপ গুড় এবং ১ চা চামচ এলাচগুঁড়ো। উপকরণগুলি হাতের কাছে থাকলেই অল্প সময়ে তৈরি হয়ে যাবে গণেশ ঠাকুরের পছন্দের এই মিষ্টি।
গণেশ চতুর্থীতে বাড়িতেই বানান সুস্বাদু মোদক
আরও পড়ুন: মাছে পারদের বিষ! এই ৬ মাছ খেলে ক্ষতি হতে পারে স্নায়ুতন্ত্র ও কিডনির
মোদক তৈরি করতে প্রথমে একটি পাত্রে জল ফুটিয়ে নিন। জল ফুটে উঠলে তাতে এক চামচ ঘি ও চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়তে থাকুন। মিশ্রণটি ধীরে ধীরে মণ্ডের মতো হয়ে এলে আঁচ থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দিন। এরপর মণ্ডটি একটি থালায় নিয়ে তার উপর সামান্য ঘি ছড়িয়ে ভালোভাবে মেখে নিন। মনে রাখবেন, নরম ও সুন্দর মোদক তৈরির জন্য মণ্ডটি যেন একেবারে মসৃণ হয়। এবার পুর তৈরি করতে একটি ননস্টিক প্যানে ঘি গরম করে আগে থেকে মিশিয়ে রাখা নারকেল কোরা ও গুড় দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করুন। এর মধ্যে এলাচগুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিন। এবার চালের গুঁড়োর মণ্ড থেকে ছোট ছোট লেচি কেটে লুচির মতো পাতলা করে বেলে নিন।
আরও পড়ুন: কচু খেলেই চুলকোচ্ছে গলা? জেনে নিন অস্বস্তি কমানোর সহজ ঘরোয়া উপায়
তার মধ্যে নারকেলের পুর দিয়ে হাতের সাহায্যে মোদকের আকার দিন। চাইলে বাজারে পাওয়া মোদকের ছাঁচও ব্যবহার করতে পারেন। সব মোদক তৈরি হয়ে গেলে একটি পাত্রে জল দিয়ে তার উপর স্টিমার বা ছাঁকনি বসিয়ে মোদকগুলি ১০-১২ মিনিট ভাপে সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে গেলেই তৈরি গণেশ ঠাকুরের প্রিয় মোদক। চাইলে বাড়িতেই চকোলেট মোদকও বানাতে পারেন। সেক্ষেত্রে নারকেল কোরার সঙ্গে ২৫০ গ্রাম গলানো ডার্ক চকোলেট মিশিয়ে পুর তৈরি করুন। পুর আরও সুস্বাদু করতে নারকেলের সঙ্গে কনডেন্সড মিল্ক, কাজুবাদাম কুচি, বাদাম কুচি ও পেস্তা কুচিও মেশাতে পারেন।
