কুসুম দাস, কলকাতা: বর্ষাকাল হোক কিংবা গরমকাল, বাঙালি বাড়িতে গাটি কচু প্রায়ই রান্না হয়। তবে একই ধরনের কচুর তরকারি খেতে খেতে যদি স্বাদে একঘেয়েমি চলে আসে, তাহলে এবার গাটি কচু দিয়ে একটু অন্যরকম পদ তৈরি করে দেখতে পারেন। নতুন স্বাদের এই রেসিপিটি যেমন খেতে দারুণ, তেমনই তৈরি করতেও খুব বেশি সময় লাগে না। তাই অল্প সময়ে পরিবারের জন্য মুখরোচক কিছু বানাতে চাইলে এই গাটি কচুর রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন।
অল্প উপকরণে বানিয়ে ফেলুন সুস্বাদু কচুর কষা দম
নিরামিষের দিনে বাড়িতে কী রান্না হবে, তা নিয়ে অনেক সময়ই চিন্তা থাকে। তার ওপর কচু দিয়ে রান্না হলে অনেকেই খেতে আগ্রহ দেখান না। তবে কচুকে একটু অন্যভাবে রান্না করলে স্বাদ একেবারেই বদলে যেতে পারে। তাই আজ থাকছে গাটি কচু দিয়ে তৈরি সুস্বাদু কচুর কষা দম-এর রেসিপি। অল্প কয়েকটি উপকরণেই এই পদটি তৈরি করা যায় এবং রান্নার সময়ও খুব বেশি লাগে না। নিরামিষের দিনে ভাতের সঙ্গে জমিয়ে খেতে চাইলে একবার এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। দেখে নিন কীভাবে তৈরি করবেন কচুর কষা দম।
কচুর কষা দমের উপকরণ
- গাঠিকচু – ৫০০ গ্রাম
- সর্ষের তেল – ২ টেবিল চামচ
- গোটা জিরে – ১ চা চামচ
- হিং – ১ চিমটে
- জোয়ান – ১ চিমটে
- হলুদগুঁড়ো – ½ চা চামচ
- ধনেগুঁড়ো – ১ চা চামচ
- জিরেগুঁড়ো – ½ চা চামচ
- শুকনোলঙ্কার গুঁড়ো – ½ চা চামচ
- আমচুর – ½ চা চামচ
- গরমমশলার গুঁড়ো – ½ চা চামচ
- ধনেপাতা কুচি – ২ টেবিল চামচ
- কাঁচালঙ্কা – ৩টি
- লেবুর রস – ১ টেবিল চামচ
- নুন – স্বাদমতো
কচুর কষা দমের প্রণালী
প্রথমে গাঠিকচু ভালো করে ধুয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নিন। ৩–৪টি সিটি দিলেই যথেষ্ট। সেদ্ধ হয়ে গেলে খোসা ছাড়িয়ে কচু টুকরো করে রাখুন। এবার একটি বড় প্যানে সর্ষের তেল গরম করে তাতে হিং, গোটা জিরে ও জোয়ান দিয়ে ফোড়ন দিন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে কচুর টুকরোগুলি দিয়ে ভালো করে ভেজে নিন। কচুর গায়ে হালকা সোনালি রং ধরলে হলুদগুঁড়ো, ধনেগুঁড়ো, গরমমশলার গুঁড়ো ও আমচুর দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিন। এরপর স্বাদমতো নুন দিয়ে কিছুক্ষণ নেড়ে মশলা কষিয়ে নিন। যেহেতু কচু আগে থেকেই সেদ্ধ করা রয়েছে, তাই মশলা কষানো হয়ে গেলেই রান্না প্রায় তৈরি। শেষে চিরে রাখা কাঁচালঙ্কা ও ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে গ্যাস বন্ধ করে দিন। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু কচুর কষা দম।
