13 অগাস্ট ভারতে লঞ্চ Google Pixel 11 সিরিজ, Tensor G6 চিপ ও 120Hz ডিসপ্লে সহ একাধিক চমক

-

টেকপ্রেমীদের জন্য বড় খবর, আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। গুগল তাদের নতুন Pixel 11 সিরিজ ১২ আগস্ট লঞ্চ করতে চলেছে। সংস্থার ‘Made by Google’ ইভেন্টেই এই নতুন স্মার্টফোন সিরিজের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হবে। ভারতীয় সময় অনুযায়ী, ১৩ আগস্ট ভোররাতেই ভারতে লঞ্চ ইভেন্টটি দেখা যাবে। এই সিরিজে মোট চারটি মডেল আসতে পারে বলে জল্পনা রয়েছে—Google Pixel 11, Pixel 11 Pro, Pixel 11 Pro XL এবং Pixel 11 Pro Fold। নতুন সিরিজে প্রসেসর, ক্যামেরা, AI ফিচার এবং ডিজাইনে বেশ কিছু আপগ্রেড দেখা যেতে পারে বলে আশা করা হচ্ছে।

বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, গুগলের আসন্ন Pixel 11 সিরিজের স্মার্টফোনগুলিতে একাধিক বড় আপগ্রেড দেখা যেতে পারে। নতুন এই সিরিজে উন্নত ডিসপ্লে, আরও শক্তিশালী ক্যামেরা সেটআপ এবং অত্যাধুনিক পরবর্তী প্রজন্মের Tensor G6 চিপসেট ব্যবহারের সম্ভাবনা রয়েছে। তবে একই সঙ্গে স্মার্টফোনের বিভিন্ন কম্পোনেন্টের দাম বাড়ার প্রভাব Pixel 11 সিরিজের ওপরও পড়তে পারে বলে জল্পনা তৈরি হয়েছে। এর ফলে নতুন ফোনগুলির দাম আগের প্রজন্মের তুলনায় কিছুটা বেশি হতে পারে বলে মনে করা হচ্ছে।

- Advertisement -

কত হবে Google Pixel 11 series এর দাম

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, গুগলের আসন্ন Pixel 11 সিরিজের দাম Pixel 10 সিরিজের তুলনায় প্রায় ১০০ ডলার বা ৯,৬০০ টাকা পর্যন্ত বেশি হতে পারে। কম্পোনেন্টের খরচ বেড়ে যাওয়ায় নতুন ফ্ল্যাগশিপ ফোনগুলির দাম বাড়তে পারে বলে ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছে গুগল। রিপোর্টে দাবি করা হয়েছে, গ্লোবাল মার্কেটে Pixel 11-এর প্রাথমিক দাম ৮৯৯ মার্কিন ডলার বা প্রায় ৮৫,৬০০ টাকা হতে পারে। অন্যদিকে, Pixel 11 Pro-এর দাম ১,০৯৯ ডলার বা প্রায় ১,০৪,৬০০ টাকা থেকে শুরু হতে পারে। এছাড়া Pixel 11 Pro XL-এর দাম ১,২৯৯ ডলার বা প্রায় ১,২৩,৭০০ টাকা এবং Pixel 11 Pro Fold-এর দাম ১,৮৯৯ ডলার বা প্রায় ১,৮০,৮০০ টাকা হতে পারে বলে জানা যাচ্ছে। তবে ভারতে আমদানি শুল্ক, কর ও অন্যান্য খরচের কারণে এই ফোনগুলির দাম আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

পিক্সেল 11 সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন

আপকামিং Google Pixel 11 সিরিজে ডিসপ্লে ও পারফরম্যান্সে বেশ কিছু বড় আপগ্রেড দেখা যেতে পারে। রিপোর্ট অনুযায়ী, Pixel 11 ফোনে ৬.৩ ইঞ্চির Actua OLED প্যানেল থাকতে পারে, যেখানে Full-HD+ রেজোলিউশন, ১২০Hz রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ৩,০০০ নিটস পিক ব্রাইটনেস পাওয়া যেতে পারে। অন্যদিকে, Pixel 11 Pro মডেলেও ৬.৩ ইঞ্চির Super Actua LTPO OLED ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে, যা সর্বোচ্চ ৩,৬০০ নিটস ব্রাইটনেস দিতে পারে। Pixel 11 Pro XL মডেলে থাকতে পারে আরও বড় ৬.৮ ইঞ্চির LTPO OLED ডিসপ্লে। পারফরম্যান্সের দিক থেকে পুরো সিরিজেই গুগলের পরবর্তী প্রজন্মের Tensor G6 চিপসেট এবং Titan M3 সিকিউরিটি চিপ ব্যবহারের সম্ভাবনা রয়েছে। এছাড়া রিপোর্টে দাবি করা হয়েছে, সিরিজের টপ-এন্ড মডেলে সর্বোচ্চ ১৬GB RAM দেওয়া হতে পারে।

- Advertisement -

ব্যাটারির দিক থেকেও Pixel 11 সিরিজে বেশ কিছু আপগ্রেড দেখা যেতে পারে। রিপোর্ট অনুযায়ী, Pixel 11 ফোনে ৪,৯৮৫mAh ব্যাটারি থাকতে পারে, যেখানে Pixel 11 Pro এবং Pixel 11 Pro XL মডেলে যথাক্রমে ৪,৮৫০mAh ও ৫,১১৫mAh ব্যাটারি দেওয়ার সম্ভাবনা রয়েছে। তিনটি ফোনেই ৪৫W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। ক্যামেরার ক্ষেত্রে Pixel 11-এ ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৩০x পর্যন্ত Super Res Zoom সুবিধা পাওয়া যেতে পারে। অন্যদিকে, Pixel 11 Pro ও Pixel 11 Pro XL মডেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে, যেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সঙ্গে ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড এবং ৪৮ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকতে পারে। এই দুই মডেলে ৫x অপটিক্যাল জুম এবং সর্বোচ্চ ১২০x Pro Zoom সুবিধা পাওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে গুগলের আপকামিং ফোল্ডেবল Pixel 11 Pro Fold সম্পর্কে এখনও খুব বেশি তথ্য প্রকাশ্যে আসেনি।

Breaking News