গুগল আগামী মাসেই ভারত-সহ বিশ্ববাজারে তাদের নতুন Google Pixel 11 Series স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যেই সংস্থা Made by Google ইভেন্টের আমন্ত্রণপত্র পাঠানো শুরু করেছে, ফলে নতুন Pixel সিরিজ নিয়ে জল্পনা তুঙ্গে। তবে সিরিজের অফিসিয়াল লঞ্চের আগেই সামনে এসেছে আসন্ন Google Pixel 11a-র একাধিক গুরুত্বপূর্ণ তথ্য। জানা গিয়েছে, গুগলের এই মিড-রেঞ্জ স্মার্টফোনটি সম্প্রতি ফোন অ্যাপের কোডে স্পট হয়েছে। সেখান থেকেই ফোনটির কোডনেমের পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচারের ইঙ্গিত মিলেছে।
অ্যান্ড্রয়েড অথরিটি এর একটি রিপোর্ট অনুযায়ী, গুগল পিক্সেল 11 সিরিজের সমস্ত মডেল এবং পিক্সেল 11এ ফোনের কোডনেম গুগলের ফোন অ্যাপ 230.0.946661649 দেখা গেছে। আপকামিং স্মার্টফোন সিরিজের কোডনেম Cubs, Grizzly, Kodiak, Yogi এবং Formosan রয়েছে। এতে থাকবে Google Pixel 11, Pixel 11 Pro, Pixel 11 Pro XL, Pixel 11 Pro Fold এবং Pixel 11a ফোন।
Google Pixel 11a ফোনের ফিচার কেমন হবে
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Google Pixel 11a স্মার্টফোনটি নতুন Tensor G6 চিপসেটের সঙ্গে বাজারে আসতে পারে। টেলিগ্রামে প্রকাশিত একটি পোস্টে দাবি করা হয়েছে, এই প্রসেসরের কোডনেম ‘Malibu’। এছাড়া ফোনে উন্নত নিরাপত্তার জন্য গুগলের Titan M3 Security Chip থাকার সম্ভাবনাও রয়েছে।
এর আগে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, Pixel 11a-তে 6.3 ইঞ্চির Full HD+ (1080 × 2424 পিক্সেল) ডিসপ্লে থাকতে পারে। এই ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট, HDR সাপোর্ট এবং সর্বোচ্চ 2250 নিটস পিক ব্রাইটনেস দেওয়া হতে পারে।
পারফরম্যান্সের জন্য ফোনটিতে 8GB RAM এবং প্রায় 4,870mAh ব্যাটারি থাকতে পারে। ডিজাইনের ক্ষেত্রে বড় কোনও পরিবর্তন না এনে গুগল সম্ভবত গত বছরের Pixel 10a-এর ডিজাইনই বজায় রাখবে। রঙের বিকল্প হিসেবে Obsidian, Olive, Frost এবং Fog—এই চারটি কালার অপশনে ফোনটি লঞ্চ হতে পারে।
কানেক্টিভিটির ক্ষেত্রেও বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। রিপোর্ট অনুযায়ী, Google Pixel 11a-তে MediaTek M90 Modem ব্যবহার করা হতে পারে। এটি Pixel 10a-এর Samsung Exynos Modem-এর পরিবর্তে আসবে, ফলে নেটওয়ার্ক পারফরম্যান্স ও পাওয়ার এফিসিয়েন্সিতে উন্নতি দেখা যেতে পারে। তবে গুগল এখনও এই সমস্ত তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি, তাই লঞ্চের আগে স্পেসিফিকেশন পরিবর্তিত হওয়ার সম্ভাবনাও রয়েছে।
