অন্ধ্রপ্রদেশ-এ কার্যত ঝড়ের গতিতে কমছে জনসংখ্যা। আর সেই কারণেই জনসংখ্যার এই ক্রমাগত পতন আটকাতে এবার বড় পদক্ষেপ নিল অন্ধ্রপ্রদেশ সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু শনিবার ঘোষণা করেছেন, কোনও পরিবারে তৃতীয় সন্তানের জন্ম হলে সরকার ৩০ হাজার টাকা পাশাপাশি চতুর্থ সন্তানের জন্ম হলে মিলবে ৪০ হাজার টাকা আর্থিক সহায়তা (Government Cash Incentive)। সরকারের আশা, এই নতুন উদ্যোগের মাধ্যমে রাজ্যে কমতে থাকা জন্মহার কিছুটা হলেও বাড়বে এবং ভবিষ্যতে জনসংখ্যার ভারসাম্য বজায় রাখা সম্ভব হবে।
তৃতীয়, চতুর্থ সন্তান নিলেই মিলবে মোটা টাকা (Government Cash Incentive)
অন্ধ্রপ্রদেশ সরকার আগেই ঘোষণা করেছিল, রাজ্যে কোনও পরিবার দ্বিতীয় সন্তানের জন্ম দিলে তাদের ২৫ হাজার টাকা প্রণোদনা দেওয়া হবে। এবার সেই ঘোষণার পর আরও বড় সিদ্ধান্ত নিল চন্দ্রবাবু নাইডুর সরকার। শনিবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তৃতীয় ও চতুর্থ সন্তান জন্মের ক্ষেত্রেও পরিবারগুলিকে আর্থিক সাহায্য দেওয়া হবে।
শনিবার এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বলেন, “আমি একটি নতুন সিদ্ধান্ত নিয়েছি। এবার থেকে রাজ্যে তৃতীয় সন্তান জন্মের পর পরিবারকে ৩০ হাজার টাকা এবং চতুর্থ সন্তান জন্মালে ৪০ হাজার টাকা করে দেওয়া হবে। এটা কি সঠিক সিদ্ধান্ত?” তাঁর এই ঘোষণার পর সভায় উপস্থিত বহু মানুষ হাততালি দিয়ে সমর্থন জানান।
শনিবার, শ্রীকাকুলাম জেলার নরসন্নপেটায় এক জনসভায় ভাষণ দিতে গিয়ে জনতার তীব্র উচ্ছ্বাসের মাঝেই রাজ্যে তৃতীয় এবং চতুর্থ সন্তানের জন্ম হওয়ার পর বিপুল অর্থের প্রণোদনার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর তরফে এমন ঘটনার পর অন্ধ্রের একটা বড় অংশের মানুষ এমন প্রস্তাবকে স্বাগত জানালেও দেশে ক্রমাগত বাড়তে থাকা জনসংখ্যা নিয়ে চিন্তিত অনেকেই এমন সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। বলে রাখা প্রয়োজন, একটা সময় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু নিজেও অতিরিক্ত সন্তান নেওয়া অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির বিরুদ্ধে ছিলেন।
