রঞ্জন মাহাতো,কলকাতাঃ দ্য গ্রেট খালি (The Great Khali) ওরফে দলীপ সিং রানা বড়সড় পথ দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন। হরিয়ানার পানিপথ টোল প্লাজার কাছে তাঁর এসইউভির সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যেখানে খালিকে গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এবং তাঁর গাড়ির সামনের অংশটি বেশ ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা যায়। এই ভিডিয়ো সামনে আসতেই প্রিয় তারকার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্তরা।
দুর্ঘটনার পর কেমন আছেন দ্য গ্রেট খালি?
তবে ভক্তদের বেশিক্ষণ দুশ্চিন্তায় রাখেননি খালি। নিজেই মোবাইলে একটি ভিডিয়ো রেকর্ড করে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেখানে তিনি জানান, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই একের পর এক ফোন আসছে এবং সবাই তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন। ভক্তদের আশ্বস্ত করে খালি বলেন, ঈশ্বরের কৃপায় তিনি একদম সুস্থ রয়েছেন। হাসিমুখে তিনি আরও জানান, দুর্ঘটনায় তাঁর গাড়ির কিছুটা ক্ষতি হয়েছে ঠিকই, তবে সেটি বড় কোনও বিষয় নয়। বিষয়টি নিয়ে অযথা হইচই না করারও অনুরোধ জানান তিনি। শেষে ভক্তদের ভালোবাসা ও প্রার্থনার জন্য ধন্যবাদ জানিয়ে খালি বলেন, সবাই যেন সাবধানে থাকেন এবং নিজেদের খেয়াল রাখেন।
দ্য গ্রেট খালির কুস্তি জীবনের শুরু কীভাবে?
যাঁরা ছোটবেলায় টেলিভিশনের পর্দায় কুস্তি দেখতেন, তাঁদের কাছে খালি মানেই ছিল এক অন্যরকম রোমাঞ্চ। ৭ ফুট ১ ইঞ্চি উচ্চতা ও প্রায় ১৫৭ কেজি ওজনের এই বিশালদেহী মানুষটি রিংয়ে নামলেই প্রতিপক্ষের মধ্যে তৈরি হতো আলাদা চাপ। তবে তাঁর জীবনের শুরুটা মোটেও রূপকথার মতো ছিল না। অত্যন্ত সাধারণ পরিবার থেকে উঠে এসে সংসারের হাল ধরতে তাঁকে বহু কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছে। পরে তিনি পঞ্জাব পুলিশে চাকরি পান এবং পাশাপাশি বডি বিল্ডিং শুরু করেন। নিজের কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের জোরে দু’বার ‘মিস্টার ইন্ডিয়া’ খেতাবও জিতে নেন।
পঞ্জাব পুলিশ থেকে WWE-তে কীভাবে খালির উত্থান?
এরপর ২০০৬ সালে আমেরিকায় গিয়ে ডব্লিউডব্লিউই-এর মঞ্চে পা রাখেন তিনি। প্রথম ম্যাচেই বিশ্বখ্যাত কুস্তিগির ‘দ্য আন্ডারটেকার’-কে মাটিতে শুইয়ে দিয়ে গোটা দুনিয়াকে চমকে দিয়েছিলেন। সময় অনেক গড়িয়েছে, কিন্তু ভারতের এই তারকার প্রতি মানুষের ভালোবাসা যে আজও একটুও কমেনি, পানিপথের ঘটনার পর অনুরাগীদের উদ্বেগ দেখেই তা আরও একবার স্পষ্ট হয়ে গেল।
