কুসুম দাস, কলকাতাঃ পুজোর সময় জমিয়ে খাওয়াদাওয়ার পর এখন অনেকেই ডায়েটের দিকে মন দিচ্ছেন। বাইরের ভাজাভুজি, তেল-মশলাযুক্ত খাবার ও মিষ্টি এড়িয়ে চলার পাশাপাশি প্রতিদিনের খাদ্যতালিকায় গ্রিন টি রাখছেন অনেকে। কিন্তু রোজ চিনি ছাড়া গ্রিন টি খেতে খেতে একঘেয়েমি আসতেই পারে। তবে রান্নাঘরে থাকা কয়েকটি সাধারণ উপকরণ মিশিয়েই গ্রিন টি-র স্বাদে আনা যেতে পারে নতুন চমক। এতে প্রতিদিনের গ্রিন টি হয়ে উঠবে আরও সুস্বাদু ও উপভোগ্য। তাই যাঁরা নিয়মিত গ্রিন টি পান করেন, তাঁরা জেনে নিন ঘরোয়া উপকরণ দিয়ে কীভাবে একঘেয়ে গ্রিন টি-র স্বাদ বদল করবেন।।
স্বাদ বাড়াতে মেশান এই ঘরোয়া উপকরণ
১) লেবু মেশানো গ্রিন টিঃ গ্রিন টি-র স্বাদ বদলাতে এর সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিতে পারেন। চিনি ছাড়া গ্রিন টি খেতে ভালো না লাগলে এই উপায়ে স্বাদে আসবে নতুনত্ব। লেবুতে থাকা ভিটামিন সি শরীরের জন্য উপকারী এবং রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিক রাখতে সাহায্য করে।
২) মধু মেশানো গ্রিন টিঃ চিনি ছাড়া গ্রিন টি খেতে অনেকেরই ভালো লাগে না। তাঁদের জন্য মধু হতে পারে একটি ভালো বিকল্প। গ্রিন টি তৈরি করার পর সামান্য মধু মিশিয়ে নিলে পানীয়টির স্বাদে আসবে মিষ্টি ছোঁয়া। মধু প্রাকৃতিক মিষ্টি হলেও এতে ক্যালোরি ও শর্করা রয়েছে, তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে পরিমাণের দিকে খেয়াল রাখা জরুরি।
৩) আদাযুক্ত গ্রিন টিঃ গ্রিন টি-র সঙ্গে আদা মেশালে এর স্বাদ ভালো হয়ে যায়। আদা শরীরের বিপাকক্রিয়ায় সাহায্য করতে পারে, যা ক্যালোরি খরচের সঙ্গে সম্পর্কিত। তাই নিয়মিত শরীরচর্চা ও সুষম খাবারের পাশাপাশি আদা মেশানো গ্রিন টি পান করলে ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য হতে পারে।
৪) দারুচিনি দেওয়া গ্রিন টিঃ গ্রিন টি-র সঙ্গে দারুচিনি মেশানো হলে তা যেমন রক্তে শর্করার ভারসাম্য বজায় রাখে তেমনি চর্বি কমাতে সাহায্য করে। ওজন কমানোর জন্য দারুচিনি মেশানো গ্রিন টি খুবই উপকারী।
৫) তুলসী পাতাযুক্ত গ্রিন টিঃ গ্রিন টি-র সঙ্গে চার-পাঁচটি পরিষ্কার তুলসী পাতা মিশিয়ে খেলে চায়ের স্বাদ ও সুগন্ধ আরও ভালো হয়ে ওঠে। তুলসী পাতায় থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট শরীরকে সুস্থ রাখতে সাহায্য করতে পারে। তাই নিয়মিত সুষম খাবারের পাশাপাশি তুলসী পাতা দিয়ে তৈরি গ্রিন টি পান করলে তা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হয়ে উঠতে পারে।
৬) পুদিনা পাতা মেশানো গ্রিন টিঃ গ্রিন টি তৈরির সময় কয়েকটি তাজা পুদিনা পাতা মিশিয়ে দিলে চায়ের স্বাদ ও সুগন্ধ আরও বেড়ে যায়। পুদিনা পাতা হজমের অস্বস্তি কমাতে সাহায্য করতে পারে। তাই প্রতিদিনের গ্রিন টি-তে কয়েকটি পুদিনা পাতা যোগ করলে একদিকে যেমন চায়ের স্বাদে নতুনত্ব আসবে।
