সাদিকুল খান, কলকাতাঃ অসমের গুয়াহাটিতে (Guwahati) একটি হোটেলে গুলিচালনার ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। সোমবার রাত প্রায় ৯টা নাগাদ শহরের ব্যস্ত বাণিজ্যিক এলাকা জিএস রোডের লাচিত নগরে অবস্থিত হোটেল বিলাস ইন-এ এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দু’জন মহিলা রয়েছেন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গুলিচালনার ঘটনার প্রায় এক ঘণ্টার মধ্যেই দু’জনকে আটক করা হয়। তবে আটক ব্যক্তিদের পরিচয় এবং এই ঘটনার সঙ্গে তাঁদের কোনও যোগ রয়েছে কি না, সে বিষয়ে পুলিশের তরফে এখনও বিস্তারিত তথ্য জানানো হয়নি।
প্রাথমিক তথ্য অনুযায়ী, গুয়াহাটির হোটেল বিলাস ইন-এর রিসেপশন কাউন্টারের কাছে একসঙ্গে থাকা ছয়জনকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এই ঘটনায় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও দু’জনকে গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁদের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দু’জনের পরিচয় সত্যেন্দ্র পাঠক এবং নারায়ণ দাস বলে জানা গিয়েছে। বাকি নিহতদের পরিচয় সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য সামনে আসেনি।
ব্যস্ত এলাকায় গুলিচালনা, তদন্তে পুলিশ
ঘটনার সময় হোটেলের রেস্তরাঁর আশপাশে হোটেলকর্মী-সহ প্রায় ২০ থেকে ২৫ জন উপস্থিত ছিলেন বলে সূত্রের খবর। গুয়াহাটির ব্যস্ত বাণিজ্যিক এলাকায় হোটেলের ভিতরে এই গুলিচালনার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরই তদন্তে নামে পুলিশ এবং ইতিমধ্যেই দু’জনকে আটক করা হয়েছে। তবে কী কারণে এই গুলি চালানো হয়েছিল, হামলাকারীদের পরিচয় কী এবং নিহতদের সঙ্গে অভিযুক্তদের কোনও পূর্বপরিচয় ছিল কি না, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে, তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।
