সাদিকুল খান, কলকাতাঃ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লি, মুম্বাই-সহ দেশের একাধিক শহরে ককরোচদের আন্দোলন চলছে। রাস্তায় নেমেছেন ছাত্র-যুবরাও। এর মধ্যেই আগামী ১০ অক্টোবর দিল্লির যন্তরমন্তরে ‘যন্তরমন্তর ২.০’ আন্দোলনের ডাক দিয়েছে সিজেপি। এর মাঝেই আরও চাপে পড়লেন মুখ্য নির্বাচন কমিশনার। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রায় ২০ বছর পুরনো একটি মামলার তদন্ত নতুন করে শুরু করার নির্দেশ দিয়েছে কেরলের কংগ্রেস সরকার বলে জানা গিয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত একটি প্রতিবেদনকে কেন্দ্র করেই জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলন শুরু হয় বলে দাবি করা হয়েছে। ওই প্রতিবেদনে দুই নির্বাচন কমিশনারের আপত্তি এবং বাংলাসহ একাধিক রাজ্যে জোরপূর্বক এসআইআর কার্যকর করার অভিযোগের কথা উঠে আসে। এরপরই জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামে ককরোচ-সহ বিরোধীরা। তাঁকে পদত্যাগের জন্য ৪৮ ঘণ্টার সময়সীমাও দেওয়া হয়েছিল। সেই সময়ের মধ্যে পদত্যাগ না করায় গান্ধী জয়ন্তীর দিন মুম্বাইয়ে ‘জেল ভরো’ কর্মসূচি পালন করে সিজেপি। পাশাপাশি দিল্লিতেও আম আদমি পার্টির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি হয়।
আরও বিপাকে জ্ঞানেশ কুমার, পুরনো মামলায় নতুন তদন্ত
তবে এই বিক্ষোভের মধ্যেই পুরনো একটি আত্মহত্যার মামলাকে ঘিরে নতুন করে আলোচনায় এলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ২০০৬ সালে কেরলে বামপন্থী সরকার ক্ষমতায় থাকার সময় জ্ঞানেশ কুমার কেরলের পূর্ত দফতরের সচিব পদে কর্মরত ছিলেন। সেই সময় মালয়েশিয়াভিত্তিক সংস্থা পার্টি-বেল কেরলে ২৫৪ কিলোমিটার দীর্ঘ একটি সড়ক নির্মাণের বরাত পেয়েছিল বলে দাবি করা হয়েছে। রাস্তার কাজ শেষ হওয়ার পর কিছু অনিয়মের অভিযোগ তুলে কেরল সরকার সংস্থাটির পাওনা টাকা আটকে দেয় বলে অভিযোগ। সংস্থার চিফ ইঞ্জিনিয়ার কি শি বিন একাধিকবার চেষ্টা করেও সরকারের কাছ থেকে বকেয়া অর্থ আদায় করতে পারেননি বলে জানা গিয়েছে।
কেন ২০ বছরের পুরনো মামলার তদন্ত ফের শুরু?
অভিযোগ, ওই টাকা মেটানোর জন্য তাঁর কাছ থেকে ঘুষ চাওয়া হয়েছিল। এমনকি পরে ওই ইঞ্জিনিয়ার আচমকা আত্মহত্যা করেন। তবে সেই সুইসাইড নোটে তিনি তৎকালীন পূর্তসচিব জ্ঞানেশ কুমারের নাম লিখে গিয়েছিলেন বলেই ওঠে অভিযোগ। সেই সূত্রে জ্ঞানেশের বিরুদ্ধে শুরু হয় তদন্ত। সেই সময় ভিজিল্যান্সকে তদন্তের দায়ভার দেওয়া হলেও কিছুদিন বাদে অজ্ঞাত কারণে সেই তদন্ত বন্ধ হয়। তবে সম্প্রতি এসআইআর-র প্রতিবাদে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলন মাথাচাড়া দিয়ে দাঁড়াতেই সেই তদন্তের নতুন করে নির্দেশ দিয়েছে কেরল সরকার। এমনকি ২০ বছরের পুরনো সেই ফাইল খোলার নির্দেশও দেওয়া হয়েছে।
