সাদিকুল খান, কলকাতাঃ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে বিরোধীদের আন্দোলন এবার আরও জোরদার হচ্ছে। দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচির পাশাপাশি বিরোধী দলগুলির পক্ষ থেকে একের পর এক আন্দোলন কর্মসূচি নেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতেই এবার দিল্লির আন্দোলনে যোগ দিতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রাতে কালীঘাট সূত্রে এমন খবরই প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের কর্মসূচিতে অংশ নিতে রাজধানী দিল্লিতে যেতে পারেন মমতা।
দিল্লির প্রতিবাদে যোগ দেবেন মমতা!
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, বুধবার গভীর রাতে কালীঘাট সূত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর নিয়ে খবর প্রকাশ্যে এসেছে। সূত্রের দাবি, আজ বৃহস্পতিবার দ্বিতীয়ার্ধে দিল্লির উদ্দেশে রওনা দিতে পারেন তৃণমূল নেত্রী এবং সেখানে বিজেপি-বিরোধী জোট ‘ইন্ডিয়া’র প্রতিবাদ কর্মসূচিতেও যোগ দিতে পারেন তিনি। জ্ঞানেশ কুমারকে ঘিরে ইতিমধ্যেই বিরোধী শিবিরের আন্দোলন চলছে। সেই পরিস্থিতিতে মমতার সম্ভাব্য দিল্লি সফর নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত তাঁর সফর নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন মমতা
জানা গিয়েছে, সর্বভারতীয় স্তরে বিজেপি-বিরোধী জোট ‘ইন্ডিয়া’র নেতৃত্ব রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। সেই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার দিল্লি গেলে শুক্রবার তাঁরও রাইসিনা হিলে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কালীঘাট সূত্রের দাবি, দিল্লিতে গেলে শনিবারের আন্দোলনেও সামিল হতে পারেন তৃণমূল নেত্রী। তবে মমতার দিল্লি সফর এবং পরবর্তী কর্মসূচি নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
কয়েকদিন আগেই দিল্লি থেকে কলকাতায় ফিরে মমতা বন্দ্যোপাধ্যায় ককরোচদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছিলেন। যেটা ককরোচ আন্দোলনকারীদের অনুপ্রেরণা জুগিয়েছে। তাইতো সেই বার্তাকে পাল্টা অভিবাদন জানিয়ে অভিজিৎ দীপকে স্বয়ং এক্স হ্যান্ডলে পোস্ট করে লিখেছিলেন, “থ্যাঙ্ক ইউ দিদি”। ফলে মমতা যে ককরোচ আন্দোলনে যোগ দেবেন সে বিষয়ে সকলেই মোটামুটি নিশ্চিত। অন্যদিকে বিরোধী জোট ইন্ডিয়ার প্রতিবাদ মিছিলে নজর কেড়েছে রাহুল-প্রিয়ঙ্কার জুটি। কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র এবং ডেরেক ও’ ব্রায়েন যোগদান করলেও স্পটলাইট পড়েছে গান্ধী ভাইবোনের উপর। একজন দেখার মমতা বন্দ্যোপাধ্যায় সেই স্পটলাইট কতটা নিজের দিকে আকর্ষণ করতে পারে।
