সাদিকুল খান, কলকাতাঃ জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ছে। ককরোচ জনতা পার্টির তরফে দেওয়া ৪৮ ঘণ্টার সময়সীমা শেষ হওয়ার পর আগামী ২ অক্টোবর রাজপথে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচিতে সোনম ওয়াংচুকের সমর্থনের বার্তাও নতুন মাত্রা যোগ করেছে। ফলে ২ অক্টোবরের আন্দোলন ঘিরে এখন থেকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।
সমর্থনের আশ্বাস সোনম ওয়াংচুকের
এর আগে দিল্লিতে নিট বিতর্ককে কেন্দ্র করে সিজেপির আন্দোলনে সমর্থন জানিয়েছিলেন সোনম ওয়াংচুক। সেই সময় তিনি টানা ২২ দিন অনশনও করেছিলেন। তাঁদের দাবিদাওয়া ঘিরে সেই আন্দোলন যথেষ্ট চর্চায় আসে। এবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতেও একইভাবে আন্দোলনের ডাক দিয়েছে সিজেপি। এই লড়াইয়ের প্রতি সমর্থন জানিয়ে পরিবেশকর্মী ওয়াংচুক বলেছেন, “বর্তমানে ভারতের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন একটি স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়া। আমি এই আন্দোলনকে সম্পূর্ণ সমর্থন জানাচ্ছি।”
উল্লেখ্য, বৃহস্পতিবার ককরোচ জনতা পার্টির তরফে ঘোষণা করা হয়েছিল, ৪৮ ঘণ্টার মধ্যে জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে প্রতিবাদ অভিযান শুরু করা হবে। এরই মধ্যে অসম পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন সিজেপি নেতা আশুতোষ রঙ্কা। নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও জ্ঞানেশ কুমার পদত্যাগ না করায় এবার মুম্বাইয়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সিজেপি। শুধু মুম্বাই নয়, ধীরে ধীরে দেশের অন্যান্য শহরেও বিক্ষোভ কর্মসূচি ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা যাচ্ছে।
এ বিষয়ে সোনম ওয়াংচুক জানিয়েছেন, “যন্তরমন্তরে যখন প্রথম আন্দোলন শুরু হয়েছিল, তখন সিজেপি তুলনামূলকভাবে নতুন মুখ ছিল। সেই সময় আমি তাদের পূর্ণ সমর্থন জানিয়েছিলাম। এখন তাদের কণ্ঠস্বর আরও জোরালো ও দৃঢ় হয়েছে। আমার মনে হয়, এই আওয়াজ গোটা দেশকে নাড়িয়ে দিতে পারে। ব্যক্তিগতভাবে হয়তো প্রতিটি আন্দোলনে উপস্থিত থাকা আমার পক্ষে সম্ভব নয়। তবে একেবারে শুরু থেকেই এই আন্দোলনগুলির প্রতি আমার নীতিগত সমর্থন রয়েছে।” আগামী দিনে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সিজেপির এই আন্দোলন কতটা এগোয়, সেটাই এখন দেখার বিষয়।
