সাদিকুল খান, কলকাতাঃ নির্বাচন কমিশন ও মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারকে ঘিরে বিরোধীদের সঙ্গে সংঘাত এবার আরও এক ধাপ এগোতে চলেছে। নিজেদের অভিযোগ ও দাবিদাওয়া নিয়ে এবার সরাসরি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারস্থ হতে চাইছে INDIA জোট। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলে বিরোধী শিবিরের নেতারা ইতিমধ্যেই সরব হয়েছেন। এবার সেই অভিযোগগুলিই রাষ্ট্রপতির কাছে তুলে ধরে বিষয়টি নিয়ে হস্তক্ষেপের আবেদন জানাতে চাইছেন তাঁরা।
রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে INDIA জোট, কী দাবি বিরোধীদের?
সূত্রের খবর, বুধবার দুপুরে বিরোধী সাংসদদের একটি বৈঠক ডাকা হয়েছে। সেখানে ১৫০-রও বেশি বিরোধী সাংসদ একটি স্মারকলিপিতে স্বাক্ষর করতে পারেন। এরপর সেই স্মারকলিপি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে তুলে দেওয়ার জন্য তাঁর সঙ্গে সাক্ষাতের সময় চাওয়া হবে। বিরোধীদের অন্যতম প্রধান দাবি হল মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ। ভোটার তালিকার Special Intensive Revision বা SIR-কে কেন্দ্র করে গত কয়েক দিন ধরেই জাতীয় রাজনীতিতে চাপানউতোর চলছে। মঙ্গলবার দিল্লিতে তারই প্রভাব দেখা যায়। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে INDIA জোটের একাধিক সাংসদ সংসদ ভবন থেকে নির্বাচন কমিশনের দফতরের দিকে মিছিল করে যাওয়ার চেষ্টা করেন।
এই অবস্থানেও অবশ্য সন্তুষ্ট নয় বিরোধী শিবির। কংগ্রেস নেতা রাহুল গান্ধী ইতিমধ্যেই ভোটার তালিকায় ‘ভোট চুরি’র অভিযোগ তুলে SIR প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর দাবি, ভোটার তালিকা সংশোধনের নামে গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। একইসঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিও বারবার জানিয়েছেন তিনি। যদিও নির্বাচন কমিশন বিরোধীদের এই অভিযোগগুলি খারিজ করেছে এবং ভোটার তালিকার Special Intensive Revision বা SIR প্রক্রিয়া নিয়ে নিজেদের অবস্থান বজায় রেখেছে।
উল্লেখযোগ্য বিষয় হল, বিরোধীদের এই কর্মসূচি শুধু কংগ্রেসের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। মঙ্গলবারের মিছিলে অংশ না নিলেও বুধবারের প্রতিবাদ কর্মসূচিতে আম আদমি পার্টি (AAP) যোগ দিয়েছে। কংগ্রেস, বাম দল এবং অন্যান্য বিরোধী সংগঠনের সঙ্গে AAP-ও দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভে সামিল হয়েছে। ফলে SIR ইস্যুকে কেন্দ্র করে বিভিন্ন বিরোধী দলের মধ্যে সমন্বয়ের ছবি আরও স্পষ্ট হচ্ছে।
