সাদিকুল খান, কলকাতাঃ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) গ্রাহকদের ব্যক্তিগত তথ্য চুরির দাবি ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি একটি হ্যাকার গোষ্ঠীর দাবি, এসবিআইয়ের প্রায় ৩ লক্ষ ৭৫ হাজার গ্রাহকের ব্যক্তিগত তথ্য তাদের হাতে এসেছে। তবে এই দাবির সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা হয়নি। পাশাপাশি, এসবিআইয়ের তরফে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ্যে এসেছে কি না, তা-ও নিশ্চিত হওয়া যায়নি। ফলে গোটা ঘটনা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ঠিক কী দাবি করেছে হ্যাকার গোষ্ঠী, কোন ধরনের তথ্য চুরির অভিযোগ উঠেছে এবং গ্রাহকদের কী কী সতর্কতা অবলম্বন করা উচিত, তা জেনে নেওয়া যাক।
কী দাবি করা হচ্ছে?
এক্স (X)-এ ‘সাইবারপালস৫৬’ (CyberPulse56) নামে একটি সাইবার নিরাপত্তা বিষয়ক হ্যান্ডেল থেকে করা পোস্টে দাবি করা হয়েছে, ‘সিরিউসিম’ (Siriusim) নামে একটি হ্যাকার গোষ্ঠী স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের বিপুল পরিমাণ তথ্য চুরি করেছে। ওই পোস্ট অনুযায়ী, হ্যাকারদের কাছে ৩ লক্ষ ৭৫ হাজারেরও বেশি অ্যাকাউন্টের তথ্য এবং ২,৭২২টি পিডিএফ (PDF) ফাইল রয়েছে বলে অভিযোগ। তবে এই দাবির সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা হয়নি।
হ্যাকারদের দাবি অনুযায়ী, ফাঁস হওয়া তথ্যের মধ্যে রয়েছে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য, প্রয়োজনীয় নথি, ঋণের আবেদনপত্র, অ্যাকাউন্ট খোলার ফর্ম, ঠিকানা ও আবেদনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন খুঁটিনাটি বিষয়। তবে, হ্যাকাররা এই তথ্যগুলো প্রকৃতপক্ষে এসবিআই-এর সিস্টেম থেকেই পেয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। ‘সাইবারপালস৫৬’-এর পোস্টে উল্লেখ করা হয়েছে যে, এই তথ্য ফাঁসের সত্যতা, উৎস ও পরিধি – কোনো কিছুই এখনও যাচাই করে দেখা হয়নি।
তবে হ্যাকারদের এই দাবি সত্যি প্রমাণিত হলে গ্রাহকদের একাধিক সমস্যার মুখে পড়ার আশঙ্কা রয়েছে। চুরি হওয়া তথ্য ব্যবহার করে পরিচয় চুরি, ভুয়ো ঋণের আবেদন, আর্থিক প্রতারণা এবং টার্গেট করে ফিশিংয়ের মতো জালিয়াতি চালানো হতে পারে। এমনকি, হাতিয়ে নেওয়া তথ্য অন্য প্রতারকদের কাছে বিক্রি করে দেওয়ার আশঙ্কাও রয়েছে। সেই তথ্য কাজে লাগিয়ে গ্রাহকদের ব্যাঙ্কিং সংক্রান্ত প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা করা হতে পারে।
SBI এই বিষয়ে কী বলছে ?
তবে এখনও এই ডেটা ফাঁসের বিষয়ে কোনও বিবৃতি দেয়নি স্টেট ব্যাঙ্ক। তাই এরকম কোনও ঘটনা আদৌ ঘটেছে কিনা তা এখনও নিশ্চিত নয়। কোনও ক্ষেত্রে আপনার যদি মনে হয়, কেউ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার চেষ্টা করছে, তাহলে OTP আসবে আপনার কাছে। সেই ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লগইন সংক্রান্ত কোনও অ্যালার্ট পেলে অবহেলা করবেন না। কোনো প্রতারণার শিকার হলে, আপনি আপনার ব্যাঙ্কে অথবা ‘ন্যাশনাল ক্রাইম রিপোর্টিং পোর্টাল’-এ অভিযোগ জানাতে পারেন।
গ্রাহকদের কী কী সতর্কতা অবলম্বন করতে হবে?
এসবিআইয়ের গ্রাহকদের সতর্ক থাকতে হবে। অপরিচিত নম্বর থেকে আসা ফোন, এসএমএস বা হোয়াটসঅ্যাপ মেসেজে কোনও সন্দেহজনক লিঙ্ক থাকলে তাতে ক্লিক করবেন না। কেউ নিজেকে ব্যাঙ্কের কর্মী, পুলিশ বা সরকারি সংস্থার প্রতিনিধি বলে পরিচয় দিয়ে পাসওয়ার্ড, ওটিপি (OTP) কিংবা এটিএম পিন (ATM PIN) জানতে চাইলে কোনওভাবেই সেই তথ্য দেবেন না। মনে রাখবেন, গোপন ব্যাঙ্কিং তথ্য অন্যের সঙ্গে ভাগ করে নিলে আর্থিক প্রতারণার ঝুঁকি বাড়তে পারে।
নিয়মিত নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেনের হিসাব পরীক্ষা করুন। কোনও অপরিচিত লেনদেন বা অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার ঘটনা চোখে পড়লে দ্রুত ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করুন। লগইন বা টাকা লেনদেন সংক্রান্ত কোনও সতর্কবার্তা এলে সেটিও গুরুত্ব দিয়ে যাচাই করুন। এরপরও যদি প্রতারণার শিকার হন, তাহলে দেরি না করে ব্যাঙ্কে অভিযোগ জানান এবং জাতীয় সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে (cybercrime.gov.in) অভিযোগ নথিভুক্ত করুন। আর্থিক সাইবার প্রতারণার ক্ষেত্রে দ্রুত ১৯৩০ নম্বরে ফোন করেও অভিযোগ জানাতে পারেন।
উল্লেখ্য, হ্যাকারদের দ্বারা ৩ লক্ষ ৭৫ হাজার গ্রাহকের গোপন তথ্য চুরি করার এই দাবি প্রসঙ্গে এসবিআই এখনও কোনো মন্তব্য করেনি। তাই, তথ্য যে নিশ্চিত ভাবে ফাঁস হয়েছে, তা ধরে নেওয়াটা এখনই উচিত হবে না। তার পরিবর্তে গ্রাহকদের সতর্ক থাকা ও আর্থিক তথ্যের সুরক্ষা নিশ্চিত করা বুদ্ধিমানের কাজ হবে।
